শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শিক্ষা ও নৈতিকতা

শিক্ষা ও নৈতিকতা

বিজ্ঞাপন
শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি সত্য। কিন্তু সেই শিক্ষা তখনই জাতির মেরুদণ্ড হিসেবে কাজ করে, যখন সেই শিক্ষার সঙ্গে নৈতিকতা জড়িত থাকে। তাই তো শিক্ষা ও নৈতিকতা শব্দ দুটিকে একটি মুদ্রার এপিঠ-ওপিঠ বলা যায়।
শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, আর নৈতিকতা তাকে সঠিক পথে পরিচালিত করে। শিক্ষা যদি আলো হয়, তবে নৈতিকতা সেই আলোর দিশারি। শিক্ষা ও নৈতিকতা বলতে বোঝায়, শিক্ষার সঙ্গে যুক্ত সকল কাজে সততা, আদর্শ, সত্যনিষ্ঠা ও সৎ আচরণ বজায় রাখা। এটি শুধু শিক্ষার্থীর জন্য নয়, শিক্ষক ও শিক্ষাঙ্গনেরও অপরিহার্য অংশ। শিক্ষা যদি মানুষের জীবনের প্রদীপ হয়, তবে নৈতিকতা সেই প্রদীপের তেল। শিক্ষা যেমন মানুষকে জ্ঞান ও প্রজ্ঞার পথে এগিয়ে নেয়, তেমনি নৈতিকতা মানুষকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একজন ছাত্রের ছাত্রজীবনে নৈতিকতা বলতে বোঝায় সততা, লেখাপড়া, শৃঙ্খলা, অধ্যবসায় ও সত্যনিষ্ঠার চর্চা। এটি ছাড়া শিক্ষার উদ্দেশ্য কখনোই পূর্ণতা পায় না।
শিক্ষা মানুষের জীবনের অন্যতম মৌলিক ভিত্তি। শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতা অর্জন করে। তবে কেবল শিক্ষা পেলেই মানুষের জীবনে পূর্ণতা আসে না, যদি না তার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটে। তাই শিক্ষা ও নৈতিকতা একে অপরের পরিপূরক। শিক্ষা মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে। এর মাধ্যমে মানুষ সত্য-মিথ্যার পার্থক্য করতে শেখে, উন্নত জীবন গড়তে পারে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষিত মানুষই দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। আর নৈতিকতা হলো মানুষের চারিত্রিক সৌন্দর্য। এই নৈতিকতার মূল উপাদান হচ্ছে সততা, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা ও মানবিকতা। একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, নৈতিকতা না থাকলে সে সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।
শিক্ষা মানুষকে জ্ঞানী করে আর নৈতিকতা তাকে জ্ঞানের সঠিক প্রয়োগ শেখায়। নৈতিকতাবর্জিত শিক্ষা মানুষকে লোভী, স্বার্থপর ও ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে। যেমন আমরা বলতে পারি, অ্যাডলফ হিটলার (জার্মানি) ভিয়েনা একাডেমিতে পড়াশোনা করেছিলেন, কিন্তু নাৎসি নেতা হিসেবে ছয় মিলিয়ন ইহুদি হত্যার জন্য ঘৃণিত। পক্ষান্তরে নৈতিকতাসম্পন্ন শিক্ষা মানুষকে সত্যিকার মানুষ কিংবা আলোকিত মানুষে পরিণত করে। যেমন নেলসন ম্যান্ডেলা বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার ও নৈতিক নেতৃত্বের কারণে বিশ্বজুড়ে সম্মানিত। মার্টিন লুথার কিং জুনিয়র উচ্চশিক্ষিত পাদ্রি ও চিন্তাবিদ, মানবাধিকার ও সমতার আন্দোলনে নৈতিক নেতৃত্বের কারণে বিশ্বজুড়ে সম্মানিত।
আমরা সমাজে দেখতে পাই, যেখানে শিক্ষা আছে কিন্তু নৈতিকতা নেই, সেখানে সৃষ্টি হয় দুর্নীতি, প্রতারণা, অনিয়ম, উচ্ছৃঙ্খলতা, অমানবিকতা ও অবিচারের পরিবেশ। ফলে সমাজে অশান্তি বেড়ে যায়। তাই শিক্ষার পাশাপাশি নৈতিকতার চর্চা না থাকলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়। আমাদের উচিত শুধু শিক্ষিত হওয়া নয়, নৈতিকতায়ও সমৃদ্ধ হওয়া। শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ই হতে পারে জাতির অগ্রগতি ও মানবকল্যাণের মূল চাবিকাঠি।
শিক্ষা ও নৈতিকতা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। কেবল জ্ঞান অর্জন করলেই চলবে না, সেই জ্ঞান নৈতিকতার আলোকে ব্যবহার করতে হবে। নৈতিকতাহীন শিক্ষা যেমন অকল্যাণ ডেকে আনে, তেমনি শিক্ষাহীন নৈতিকতা অজ্ঞতার অন্ধকারে আবদ্ধ রাখে। তাই ইসলাম জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে মানুষকে পরিপূর্ণ ও আদর্শবান হতে শিক্ষা দেয়।
শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।’
আবার নৈতিকতার প্রশ্নে রাসুল (সা.) বলেছেন, ‘আমি তো উত্তম চরিত্র পূর্ণ করার জন্যই প্রেরিত হয়েছি।’
এই উত্তম চরিত্রের মধ্যেই লুকিয়ে আছে সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা, সহমর্মিতা, মানবিকতা ও আমানতদারিতা।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ সৎকর্মশীল ও ন্যায়পরায়ণকে ভালোবাসেন।’
হিন্দুশাস্ত্রে সত্য (সত্যম) সর্বোচ্চ ধর্ম হিসেবে বর্ণিত হয়েছে।
বৌদ্ধধর্মে বলা হয়েছে, ‘মিথ্যা বলা পাপের মূল।’
খ্রিষ্টধর্মে যিশুর শিক্ষা হলো সত্যবাদিতা, ক্ষমাশীলতা, ভালোবাসা ও আদর্শ জীবনযাপন।
শিখ ধর্মের মূল তিনটি নীতি হলো—নাম জপো (ঈশ্বর স্মরণ), কিরত করো (সৎ উপার্জন), বন্দ ছকো (অন্যকে দান করো)।
উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি, সততা, শৃঙ্খলা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা ও মানবিকতা—অর্থাৎ নীতি ও নৈতিকতার ব্যাপারে সব ধর্মেরই একই মত।
আবার শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে মতামত প্রদান করেছেন।
সক্রেটিসের মতে, ‘শিক্ষার উদ্দেশ্য হলো মানুষকে ভালো ও নৈতিক নাগরিক হিসেবে গড়ে তোলা।’
প্লেটোর মতে, ‘শিক্ষার মাধ্যমে চরিত্র গঠনই হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।’
অ্যারিস্টটলের মতে, ‘শিক্ষা ছাড়া মানুষ পশুর মতো আর নৈতিকতা ছাড়া শিক্ষা মানুষকে শয়তানে পরিণত করে।’
কাজী নজরুল ইসলামের মতে, ‘সত্য শিক্ষা মানুষকে করে মহৎ, আর নৈতিকতা তাকে করে পূর্ণ।’
নৈতিকতাহীন শিক্ষা জাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। শিক্ষা মূলত মানুষের জ্ঞান, দক্ষতা ও চিন্তার বিকাশ ঘটায়, কিন্তু যদি সেই শিক্ষার ভেতরে নৈতিকতার ভিত্তি না থাকে, তবে তা সমাজ ও জাতিকে কল্যাণের পরিবর্তে অকল্যাণের পথে ঠেলে দেয়। ফলে স্বার্থপর প্রজন্ম গড়ে উঠবে। তারা ব্যক্তিগত স্বার্থকেই সর্বাগ্রে স্থান দেবে, জাতির কল্যাণ তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। শিক্ষিত হলেও নৈতিকতাহীন মানুষ দুর্নীতি, লোভ, ক্ষমতা ও স্বার্থপরতায়, প্রতারণা, ঘুষ, লুটপাট ইত্যাদিতে লিপ্ত হয়। শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে মানবিকতা হারিয়ে যায়। মানুষের প্রতি সহানুভূতি, সততা, পরোপকার, সত্যবাদিতা ইত্যাদি গুণ হারিয়ে গিয়ে সে সমাজে মানুষরূপে এক অমানুষে পরিণত হয়। যদিও সে দেখতে আমাদের মতো হাতে-পায়ে, রক্ত-মাংসে গড়া মানুষ কিংবা ভোটার তালিকায় দেশের সাধারণ মানুষের পাশেই তার নাম রয়েছে, তবু সমাজের কাছে সে এক ভিন্ন জীব হিসেবে পরিচিতি পায়।
শিক্ষার সঙ্গে নৈতিকতা না থাকলে শিক্ষিত অপরাধী সৃষ্টি হয়। ফলে প্রযুক্তি ও জ্ঞানের অপব্যবহার করে তারা সমাজ ও রাষ্ট্রের ব্যাপক ক্ষতিসাধন করে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে এখানে প্রতিটি অফিস, আদালত, সচিবালয় কিংবা মন্ত্রণালয়ে ঘুষ এবং দুর্নীতির মহোৎসব চলছে। আর এসব ঘুষ এবং দুর্নীতির মূলে রয়েছে আমাদের দেশের শিক্ষিত এবং উচ্চশিক্ষিত কর্মকর্তারা। তাদের মধ্যে নীতি-নৈতিকতা না থাকাই এর মূল কারণ। সুতরাং বলা যায়, নৈতিকতাহীন শিক্ষা শুধু জ্ঞানের বাহার দেখাতে পারে, কিন্তু জাতিকে প্রকৃত মানুষ, সৎ নাগরিক ও আদর্শ নেতৃত্ব দিতে পারে না। যদি শিক্ষার সঙ্গে নৈতিকতা যুক্ত না থাকে, তবে সেই শিক্ষা জাতির জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায়।
নৈতিকতাহীন শিক্ষা জাতিকে কিছুই দিতে পারে না, বরং ধ্বংস, অরাজকতা, দুঃশাসন ও দুর্নীতি উপহার দেয়। তাই প্রতিটি শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কেবল নৈতিকতাসম্পন্ন শিক্ষা দিয়েই একটি জাতি হতে পারে উন্নত, আদর্শ ও মানবিক।
শিক্ষিত মানুষের নৈতিকতাহীনতা ও দুর্নীতি সমাজকে দিগভ্রষ্ট করে, রাষ্ট্রকে দুর্বল করে এবং মানবজাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। তাই উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, নৈতিকতাহীন শিক্ষা সমাজের কাছে মূল্যহীন। আবার শিক্ষাবিহীন অবস্থায় শুধু সততা, ন্যায়পরায়ণতা, দয়া, সত্যবাদিতা, আমানতদারিতা, নীতি ও মহান নৈতিক আদর্শ অর্থাৎ নৈতিকতার ভিত্তিতে জীবনকে পরিচালিত করে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে সম্মানিত হয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তাই প্রকৃত শিক্ষা তখনই সফল হবে, যখন তা মানুষকে জ্ঞানী, সৎ, বিশ্বস্ত, ন্যায়পরায়ণ, সুশৃঙ্খল, সহমর্মী, মানবিক, আমানতদার ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলে।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz