আমেরিকায় আসার পর প্রথম দিকে, অনেকের ক্ষেত্রে দেখা যায়, এখানে থাকার লিগ্যাল স্ট্যাটাস ঠিক করতে করতেই প্রথম বেশ কয়েকটা বছর চলে যায়। এর পাশাপাশি যাঁদের দেশে পিছুটান থাকে, যেমন বাবা-মায়ের দায়িত্ব, ভাইবোনের ভরণপোষণ, তাঁদের পড়াশোনা করানো, বিয়ে দেওয়া, বিদেশে পাঠানো, তারপর জমিজমা কেনা, দালানকোঠা বানানো ইত্যাদি—এসব সামলাতে গিয়ে তাঁরা আমেরিকায় নিজেদের জীবন গুছিয়ে নেওয়ার পথে অনেকটাই পিছিয়ে পড়েন। আর যাঁদের দেশের দিকে তেমন কোনো পিছুটান থাকে না, তাঁরা তুলনামূলকভাবে দ্রুত এগিয়ে যেতে পারেন।
এরপর শুরু হয় বিয়ে করে নিজের ঘর-সংসার গড়ার সংগ্রাম, ছেলেমেয়েদের মানুষ করার সংগ্রাম। তারপর ধীরে ধীরে শুরু হয় নিজেদের ছোট ছোট আশা আর স্বপ্নগুলো বাস্তবায়নের যুদ্ধ। পছন্দের কোনো ব্র্যান্ডের গাড়ি কেনা কিংবা স্বপ্নের একটি বাড়ি কেনা—এসবের পেছনেই থাকে এক বিশাল সংগ্রাম।
প্রথমে গাড়ির কথাই বলি। সোশ্যাল মিডিয়ায় দেখে মনে হয়, ‘ইশ্, কী সুন্দর ব্র্যান্ডের গাড়ি চালিয়ে এদিক-সেদিক বেড়াতে যাচ্ছেন!’ কিন্তু এর পেছনের গল্পটা অন্য রকম। লোন নিয়ে একটি ভালো ব্র্যান্ডের গাড়ি কিনতে গেলে ভালো ক্রেডিট স্কোর থাকলে সুবিধা হয়। সেই সঙ্গে একটি ভালো অঙ্কের ডাউন পেমেন্টও দরকার হতে পারে। এর পরও প্রতি মাসে দিতে হয় কার পেমেন্ট। তার সঙ্গে থাকে গাড়ির ইন্স্যুরেন্স।
আমি খরচের ডিটেইলসে আর যাচ্ছি না। কারণ, সেটা ডিপেন্ড করে গাড়ির মডেল, কোন বছরের গাড়ি, দাম, লোনের ইন্টারেস্ট রেটসহ নানা বিষয়ের ওপর। গাড়ির দাম ৩০ হাজার ডলার হতে পারে, ৫০ হাজার ডলার হতে পারে, কিংবা তার চেয়েও বেশি হতে পারে। সেই অনুযায়ী মাসের খরচও বদলে যায়।
শুধু বোঝানোর জন্য একটা আনুমানিক হিসাব দিচ্ছি। ধরুন, ৩০ হাজার ডলারের একটি গাড়ি কিনে ৫ হাজার ডলার ডাউন পেমেন্ট দিলেন। বাকি ২৫ হাজার ডলারের জন্য পাঁচ বছরের একটি ইনস্টলমেন্ট লোন নিলেন, যেটাকে এখানে ৬০ মাসের লোন বলা হয়। ইন্টারেস্টসহ মাসে আপনার কার পেমেন্ট হলো প্রায় ৫০০ ডলার।
গাড়ির ইন্স্যুরেন্স বাবদ আরও ২০০ ডলার ধরলে, শুধু কার পেমেন্ট আর ইন্স্যুরেন্স মিলিয়েই মাসে ৭০০ ডলার রাখতে হবে। এটা জাস্ট একটা উদাহরণ। কারও ক্ষেত্রে খরচ ৯০০ ডলার কিংবা তারও বেশি হতে পারে, আবার কারও ক্ষেত্রে এর চেয়ে কমও হতে পারে।
এবার বাড়ির কথায় আসা যাক। আমেরিকায় নিজের একটি বাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে। আমেরিকানদের কাছেও নিজের বাড়ি কেনা ‘আমেরিকান ড্রিম’-এর একটি অংশ। কিন্তু এই স্বপ্নের পেছনেও আছে অনেক হিসাব-নিকাশ।
ধরুন, আপনার একটি বাড়ি পছন্দ হলো, যার দাম সাড়ে চার লাখ ডলার। একটি উদাহরণ হিসেবে ধরলাম, ডাউন পেমেন্ট আর ক্লোজিং কস্ট মিলিয়ে আপনার ৩০ থেকে ৩৫ হাজার ডলার লাগল। এরপর ৩০ বছরের লোনে প্রতি মাসে মর্টগেজ বাবদ প্রায় ৩ হাজার ডলার দিতে হলো। বাড়ির ট্যাক্স ও হোমওনার্স ইন্স্যুরেন্স সেই পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি না, তার ওপরও মোট খরচ ডিপেন্ড করবে।
এখানেও আমি একটি আনুমানিক উদাহরণ দিলাম। বাড়ির দাম, ডাউন পেমেন্ট, ইন্টারেস্ট রেট ও অন্যান্য খরচের ওপর ভিত্তি করে মাসের পেমেন্ট কমবেশি হবে।
এবার বুঝতেই পারছেন, আপনার ইনকাম এমন হতে হবে, যেন বাড়ির জন্য মাসে প্রায় ৩ হাজার ডলার এবং গাড়ির জন্য আরও ৭০০ ডলার খরচ করার পরও সংসারের বাকি খরচ সামলাতে পারেন।
বাড়ির পেমেন্টের বাইরেও রয়েছে রক্ষণাবেক্ষণের নানা খরচ। বাড়ির আশপাশের আঙিনা পরিষ্কার রাখা, সামারে ঘাস কাটা এবং শীতে বরফ পরিষ্কার করার দায়িত্বও সাধারণত বাড়ির মালিকের। এসব কাজ নিজে না করে কাউকে দিয়ে করালে তার জন্যও আলাদা খরচ হয়।
শুধু বাড়ি আর গাড়ির খরচই শেষ কথা নয়। এর সঙ্গে রয়েছে ইন্টারনেট বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পানির বিলসহ আরও অনেক আনুষঙ্গিক খরচ। খাবারের খরচও ডিপেন্ড করে ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন এবং তাঁদের প্রয়োজনের ওপর।
আবার হঠাৎ মন চাইল আর হুট করে একটি বাড়ি কিনে ফেললাম—বিষয়টা এমনও নয়। লোন নিয়ে বাড়ি কেনার জন্য ভালো ক্রেডিট স্কোর গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। সে জন্য দীর্ঘ সময় ধরে ক্রেডিট কার্ডসহ বিভিন্ন বিল সময়মতো পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডের ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভব হলে প্রতি মাসের পুরো স্টেটমেন্ট ব্যালেন্স পরিশোধ করাও ভালো অভ্যাস।
ভালো ক্রেডিট স্কোর থাকলে মর্টগেজে তুলনামূলক ভালো ইন্টারেস্ট রেট পাওয়ার সুযোগ থাকে। পাশাপাশি স্থিতিশীল জব ও পর্যাপ্ত ইনকামও গুরুত্বপূর্ণ। ব্যাংক যাচাই করে দেখে, আপনার ইনকাম কেমন, অন্য লোন কতটা আছে এবং আপনি নিয়মিত মাসের পেমেন্ট দিতে পারবেন কি না। সবকিছুই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
কথায় আছে, ‘শখের দাম লাখ টাকা!’ কথাটা একেবারে অমূলক নয়। শখ পূরণ করতে কমবেশি টাকা লাগে। তবে কতটা লাগবে, সেটা ডিপেন্ড করে শখের ধরন আর নিজের সামর্থ্যরে ওপর।
প্রতিটি দামি শখের পেছনে থাকে বড় একটি প্রাইস ট্যাগ। আর সেই শখ পূরণ করতে নেওয়া লোন পরিশোধ করতে করতেই জীবনের অনেকগুলো বছর চলে যায়। যেমন এই উদাহরণে গাড়ির লোন পাঁচ বছরের, আর বাড়ির লোন ৩০ বছরের। তাহলে বুঝতেই পারছেন, স্বপ্নপূরণের সঙ্গে কত দীর্ঘ সময়ের দায়িত্বও জড়িয়ে থাকে!
যেসব আপুরা এবং ভাইয়েরা সুন্দর সুন্দর ব্লগ বা ভিডিও ইউটিউব আর ফেসবুকে আপলোড করেন, ভালো ব্র্যান্ডের গাড়ি চালান, বিলাসবহুল বাড়িতে থাকেন, সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যান কিংবা মজার মজার খাবারের রেসিপি বানান—এসবের পেছনেও রয়েছে বড় অঙ্কের খরচ।
অনেক সময় এর আড়ালে থাকে নির্ঘুম রাত, নিরলস পরিশ্রম, ত্যাগ আর কান্নার গল্প। সেই গল্প সবার কানে পৌঁছায় না। সবাই তা জানেন না, অনুভবও করেন না। যিনি প্রতিনিয়ত এসব নিয়ে ডিল করেন, এই নীরব কান্নার খবর সবচেয়ে ভালো জানেন তিনিই।
তার পরও যেটা ভালো লাগে, সেটা হচ্ছে—এখানে সবকিছু একটা সিস্টেমের মধ্যে চলে। যার যার ইনকাম, সেভিংস ও ক্রেডিট স্কোর অনুযায়ী লোন পাওয়ার সুযোগ থাকে। নিজের সামর্থ্য অনুযায়ী গাড়ির ইনস্টলমেন্ট নেওয়া কিংবা বাড়ি কেনার পরিকল্পনা করা যায়। নিয়ম মেনে এসব কাজ করতে প্রভাবশালী কারও সঙ্গে পরিচয় থাকা, কারও তোষামোদ করা কিংবা অনৈতিক কোনো লেনদেনের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় না।
একজন মহিলার পক্ষেও এই কাজগুলো নিজে করা সম্ভব। প্রয়োজনীয় ডাউন পেমেন্ট, ভালো ক্রেডিট স্কোর এবং লোনের যোগ্যতা থাকলে তিনি নিজেই গাড়ির শোরুমে গিয়ে সবকিছু প্রসেস করে একটি ব্র্যান্ড নিউ গাড়ি কিনে চালিয়ে বাসায় ফিরতে পারেন।
বাড়ি কেনার ক্ষেত্রেও প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে ধাপে ধাপে প্রসেস শেষ করা যায়। নিজের পছন্দের বাড়ি খুঁজে নেওয়া থেকে শুরু করে কাগজপত্রের কাজ এবং ক্লোজিং—সবকিছু একজন মহিলা নিজেই করতে পারেন। ক্লোজিং শেষ হলে চুক্তি অনুযায়ী বাড়ির চাবি বুঝে নিয়ে নিজের বাড়িতে উঠতে পারেন। এই কাজগুলো করার জন্য তাঁকে অন্য কারও ওপর নির্ভর করতেই হবে, এমন কোনো কথা নেই।
এই যে নিজের কাজ নিজে করার সুযোগ, নিয়ম অনুযায়ী এগিয়ে যাওয়ার নিশ্চয়তা, প্রতিটি কাজের জন্য কাউকে ধরতে না হওয়া—এসবই অনেক বড় প্রশান্তির বিষয়।
একজন মহিলা একা গাড়ি ড্রাইভ করে নিজের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতে পারছেন। দিন হোক কিংবা রাত, নিজের সময় ও সুবিধা অনুযায়ী চলাফেরা করতে পারছেন। নিজের নামে বাড়ি কিনে সেখানে স্বাধীনভাবে থাকতে পারছেন। একা থাকেন বলে কাউকে তাঁর ব্যক্তিগত জীবনের কৈফিয়ত দিতে হচ্ছে না—কেন একা থাকেন, কীভাবে থাকেন কিংবা কী করেন।
আমার কাছে এই স্বাধীনতা, ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান আর নিরাপত্তার অনুভূতির মূল্য অনেক। পরিশ্রম তো আছেই, বছরের পর বছর লোনের দায়িত্বও থাকে। তার পরও দিন শেষে নিজের ঘরে ফিরে নিশ্চিন্তে ঘুমাতে পারা অযথা ঝামেলা ছাড়া নিজের মতো জীবন কাটাতে পারা—এসবের মধ্যে যে প্রশান্তি, তা সত্যিই প্রাইসলেস।
জীবনের সব প্রাপ্তি তো আর টাকা দিয়ে মাপা যায় না। নিরাপদে, সম্মানের সঙ্গে, নিজের মতো করে বাঁচতে পারাটাও অনেক বড় একটি প্রাপ্তি।