বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করবে কারা?

ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করবে কারা?

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সম্প্রতি ঢাাকায় পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একটি দৈনিক পত্রিকার আয়োজনে এ সম্মেলনে দেশের অর্থনীতি, ব্যাংক ও ব্যবসা-বাণিজ্যের প্রায় সব সেক্টরের প্রভাবশালী ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। সবার আলোচনার ফোকাস পয়েন্ট ছিল মূলত তিনটি বিষয়ে। দেশের ব্যাংকিং সেক্টরের সংস্কার, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। নিঃসন্দেহে এগুলো বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়।
এই সম্মেলনের দ্বিতীয় সেশনে আমাদের জ্বালানিমন্ত্রীও উপস্থিত ছিলেন। জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি খাতে আমদানি-নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দেশীয় গ্যাস ও কয়লা অনুসন্ধানে গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী মহোদয়। এ দুটো বিষয় অবশ্যই দীর্ঘমেয়াদে আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য জরুরি। বর্তমান আন্তর্জাতিক সংঘাতময় পরিস্থিতি বিবেচনায় নিলে আগের মতো আমদানি-নির্ভর জ্বালানি নীতি নিয়ে বসে থাকার দিন শেষ। এখন বিকল্প উৎস খুঁজে বের করতে হবে, যাতে বৈশ্বয়িক আচমকা কোনো ধাক্কা আমাদের অর্থনীতিকে ভেঙে ফেলতে না পারে। তাই বলা যায়, সরকার সঠিক জায়গায়ই হাত দিয়েছে। কিন্তু স্বল্পমেয়াদে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কী কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে, তা আলোচিত হয়েছে কি না, পত্রিকার রিপোর্টে খুঁজে পাইনি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সঙ্গে স্বল্পমেয়াদি পরিকল্পনা, যা বর্তমান সংকটকে মোকাবিলা করতে পারে, তা থাকা অত্যন্ত জরুরি। সরকারকে মনে রাখতে হবে, দুই থেকে তিন মাসের বিদ্যুৎ বিপর্যয় আমাদের মতো দেশের অর্থনীতি ও সরকারের পতনের কারণ হতে পারে।
ব্যবসায়ীরা অত্যন্ত যুক্তিসংগতভাবে সরকারের ঘন ঘন নীতি পরিবর্তন ও সুশাসনের কথা তুলে ধরেছেন। ঘন ঘন নীতি পরিবর্তন হলে একজন বিনিয়োগকারীর বিনিয়োগ প্রকল্পের মাঝপথে স্ট্র্যাটেজি পরিবর্তন করতে হয়। এতে তার প্রকল্প ব্যয় বেড়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে প্রকল্পটি আর লাভজনক থাকে না। তাই যেসব দেশে ঘন ঘন সরকারি নীতি পরিবর্তিত হয়, সেসব দেশে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহবোধ করেন না। ব্যবসায়ীরাও আমদানির ক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ করে পদক্ষেপ নেন। আর সুশাসনের কথা বলাই বাহুল্য। সুশাসন ছাড়া একটি দেশ দীর্ঘমেয়াদে নিজেই টিকে থাকতে পারে না। সেখানে এই দেশ তো ব্যবসা-বাণিজ্যে প্রবৃদ্ধি ও বিনিয়োগের কথা চিন্তাই করতে পারে না। দীর্ঘ চড়াই-উতরাইয়ের পর বর্তমান নির্বাচিত সরকার এ বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প তাদের সামনে আছে বলে মনে হয় না।
সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গভর্নর সাহেব সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ ও রিটেইল ব্যাংকিংয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। আসলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ না হলে কোনো দেশের অর্থনীতির ভিত্তি মজবুত ও বিস্তৃত হয় না। তিনি ব্যাংকিং সংস্কার ও ব্যাংকগুলোর পুনর্মূলধনীকরণের কথা বলতে গিয়ে বলেছেন, আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত বছরে প্রায় ষাট হাজার কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হবে। তিনি এ বিষয়ে সরকারকে অবহিত করেছেন। বক্তব্যে এ কথা ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এও বলেন, এটা খুবই দুঃখজনক। এক প্রজন্মের কাজের বা ভোগের ফলে যে ঘাটতি হয়েছে তা আগামী প্রজন্মের করদাতারা পরিশোধ করবে, যার বিপরীতে তারা কিছুই পাবে না।
ঋণ জালিয়াতির মাধ্যমে যারা ব্যাংকের টাকা লুটপাট করে এ মূলধন ঘাটতি করেছে, তাদের বিষয়ে কোনো প্রস্তাবের কথা তিনি উল্লেখ করেননি। যারা টাকা লুটপাট করেছে, যাদের দায়িত্বে অবহেলা হয়েছে, সরকারের উচিত তাদের সম্পদ থেকে এ টাকা উদ্ধার করা। জনগণের করের টাকা থেকে নয়।
মূলধন ঘাটতি হয় যখন কোনো ব্যাংক ডাকাত চক্রের কবলে পড়ে। ওরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা কৌশলে বের করে নেয়, যা আর ফিরে আসে না। ফলে ব্যাংকের মূলধনে ঘাটতি দেখা দেয়। তখন এ ঘাটতি পূরণ না হলে ব্যাংকটি ব্যবসা বন্ধ করে নিজেকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। কোনো ব্যাংক দেউলিয়া হলে বা গ্রাহকদের আমানত ফিরিয়ে দিতে অপারগ হলে নির্দিষ্ট পরিমাণ টাকা পর্যন্ত ব্যাংকের বিমার বিপরীতে জনগণ একটা সময় আমানত ফিরে পায়। বাংলাদেশে বর্তমানে সম্ভবত এক লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ফিরে পাওয়ার নিশ্চয়তা আছে। এখন কারও এর চেয়ে বেশি টাকা কোনো একটি ব্যাংকে জমা থাকলে সেই অতিরিক্ত টাকা ফেরত পাবে না।
পশ্চিমা দেশে এরকম ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। বিমার লিমিট পর্যন্ত অর্থ বিমা কোম্পানির কাছ থেকে ফেরত পায়। বাকি টাকা গচ্ছা যায়। তাই পশ্চিমা দেশের ব্যাংকের আমানতকারীরা খুবই সচেতন। তারা কোনো ব্যাংকে টাকা জমা রাখার সময় সেই ব্যাংকের অবস্থা কেমন, তা আগেভাগে জেনে নেন। এ ছাড়া সেই ব্যাংকের আমানত বিমাকৃত কি না, বিমাকৃত হলে কত ডলার পর্যন্ত বিমাকৃত, সেই তথ্য জেনে তারপর অর্থ জমা রাখেন। বেশির ভাগ ক্ষেত্রেই বিমাকৃত লিমিটের মধ্যেই নিজের অর্থ রাখেন। এর চেয়ে বেশি অর্থ হলে অন্য আরেকটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ওখানে রাখেন। এভাবে একাধিক ব্যাংকে বিমার লিমিট জেনে নিজেদের ঝুঁকি কমিয়ে অর্থ জমা রাখেন।
বাংলাদেশের মানুষের কাছে এসব বিষয় খুবই নতুন। বিগত সরকারের দীর্ঘ সময়ে ব্যাংকিং খাতে অরাজকতার ফলে কয়েকটি ব্যাংক যখন গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিল না, তখন সাধারণ আমানতকারীরা এ বিষয়ে ভাবতে শুরু করেন। এখন সরকার যদি পশ্চিমা দেশের মতো কোনো মূলধনি ভর্তুকি না দেয়, তাহলে এখনই অনেকগুলো ব্যাংক দেউলিয়া হতে বাধ্য। যেসব ব্যাংকের মূলধন ঘাটতি পঞ্চাশ থেকে নব্বই শতাংশের উপরে, সেগুলো টিকে থাকার কোনো যুক্তি নেই। সরকার হাত-পা গুটিয়ে বসে থাকলে শুধু এসব ব্যাংকের গ্রাহকেরা সর্বস্ব হারাবে তা নয়, অন্যান্য ব্যাংক তথা সার্বিক অর্থনীতির ওপর বাজে প্রভাব পড়বে। তাই সরকারের মূলধন ঘাটতি পূরণে উদ্যোগ নেওয়া জরুরি।
তাই বলে এমনি এমনি জনগণের করের টাকা দিয়ে দেবে বেসরকারি ব্যাংগুলোকে? অবশ্যই তা হওয়া উচিত নয়। এসব ব্যাংকের টাকা তো ভল্ট থেকে অচেনা ডাকাত অস্ত্র ঠেকিয়ে নিয়ে যায়নি। এগুলো ব্যাংকিং চ্যানেলে প্রকল্প ঋণ ও ব্যবসায়িক ঋণ প্রস্তাব পাসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের আমানতের টাকা এভাবে ডাকাতি করে লুটপাটের জন্য প্রথমে ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন ও পরিচালনা পরিষদ ব্যাংক ডাকাতদের দখলে নেওয়া হয়েছে। তারপর ব্যাংকের অভ্যন্তরে নির্বাহী পর্যায়ে পরিচালনা পরিষদ নামক ডাকাতদলের সহযোগী হিসেবে আরেকটি গ্রুপ তৈরি করা হয়েছে। তারপর সবার সম্মিলিত প্রচেষ্টায় জনগণের টাকা লুটপাট করা হয়েছে। দিনের পর দিন যখন এসব ঋণ জালিয়াতি হয়, তখন পুরো পরিচালনা পরিষদ ও নির্বাহীদের একটি অংশ জড়িত থাকে।
একটি ঋণ প্রস্তাব পাসের জন্য প্রথমে তা কোনো একটি শাখা বা ডিভিশন থেকে প্রস্তাব আকারে হেড অফিসের ক্রেডিট অ্যাপ্রুভাল বিভাগে পাঠানো হয়। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে ঋণের ঝুঁকি পর্যালোচনা করে প্রস্তাবটি পাস কিংবা রিজেক্ট করা হয়। বড় বড় ঋণ প্রস্তাব আলোচিত হয় পরিচালনা পরিষদে। তারপর অনুমোদিত হয়। এ ছাড়া অডিট ডিভিশন নিয়মিত এগুলো অডিট করে থাকে। কোনো পেশাদার ব্যাংকার ও পরিচালনা পরিষদ এসব ঝুঁকি পর্যালোচনা করে ঋণ দিলে কোনো একটি ব্যাংকের সর্বোচ্চ দশ থেকে বিশ শতাংশ খেলাপি হতে পারে। এই পরিমাণ খেলাপি হলে তা ব্যাংকের মুনাফা থেকে নিজেরাই ঘাটতি পূরণ করতে পারে। সরকারের বাজেট থেকে সহায়তা করা লাগে না।
কিন্তু যখন সবাই কম্প্রোমাইজড হয়, তখন পেশাদারত্ব উধাও হয়ে যায়। শুরু হয় ব্যাপক লুটপাট। বিগত আমলে এস আলম গ্রুপসহ আরও কয়েকটি ব্যবসায়িক গ্রুপ সরকারের সহযোগিতায় কয়েকটি ব্যাংকে এরকম লুটপাট ও ডাকাতি করেছে। এখন এসব ডাকাতের কাছ থেকে টাকা উদ্ধার না করে জনগণের ট্যাক্সের টাকা আগামী আট বছর যদি মূলধন ঘাটতি পূরণের নামে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই অন্যায় হবে। অন্যদিকে এই টাকা ভর্তুকি না দিলে জনগণ আমানত হারাবে। দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে।
তাই যেসব ব্যাংকের মূলধন ঘাটতি পঞ্চাশ শতাংশের উপরে, তাদের পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের শাস্তি আগে নিশ্চিত করতে হবে। তাদের কাছ থেকে টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থার অংশ হিসেবে তাদের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে প্রথমে ঘাটতি পূরণের চেষ্টা করা উচিত। একই সঙ্গে এদের ভবিষ্যতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা জরুরি। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করেও যদি সমুদয় ঘাটতি পূরণ না হয়, তাহলেই কেবল দেশের অর্থনীতির স্বার্থে বাজেটে ব্যাংকগুলোর মূলধনি ঘাটতি পূরণে বরাদ্দ রাখা যেতে পারে। তার আগে নয়।
সম্মেলনে দেওয়া বক্তব্যে সরকারি টাকা প্রাপ্তির সঙ্গে এরকম শাস্তির শর্ত আরোপ করা হয়েছে কি না, গভর্নরের বক্তব্যে তা জানা যায়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রস্তাব না দিলেও সরকারের উচিত ভবিষ্যতে এরকম ব্যাংক ডাকাতি প্রতিরোধ করার জন্য কঠোরতা প্রদর্শন করা। তাই সরকার ও জাতীয় সংসদের সদস্যরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে জনগণের করের টাকায় কোনো ব্যাংক পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া উচিত নয়। সংসদে ব্যাংক কোম্পানি আইনে এরকম শাস্তি নিশ্চিত করে প্রয়োজনীয় আইন প্রণয়ন করুন। তারপর ঘাটতি পূরণে পদক্ষেপ নিন। নতুবা এ দুষ্টচক্র প্রতিরোধ করা সম্ভব হবে না।
লেখক : রিয়েলটর ও মর্টগেজ ব্যাংকার
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz