বাংলাদেশের জনসংখ্যা আজ কূটনৈতিক শক্তি বা সফ্ট পাওয়ার
আবদূন নূর
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৬
•
অনলাইন সংস্করণ
বৈশ্বিক পরিসংখ্যান ও জাতিসংঘের হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৭৮ লাখ ১৮ হাজার জন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে ৮ম অবস্থানে রয়েছে। প্রতি বর্গকিলোমিটারে ১,৩৬৬ জন মানুষ বসবাস করেন, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ।
বাংলাদেশের মানুষের গড় বয়স ২৬.৩ বছর, যার অর্থ দেশের একটি সিংহভাগ জনগোষ্ঠী কর্মক্ষম তরুণ সমাজ। বাংলাদেশের রাজনীতিতে জনসংখ্যা একটি অত্যন্ত নির্ণায়ক ও প্রভাবশালী বিষয়। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশে জনসংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, বরং রাজনৈতিক দলগুলোর কৌশল, ক্ষমতা ও নীতিনির্ধারণের প্রধান হাতিয়ার। গণতান্ত্রিক কাঠামোতে জনসংখ্যা মানেই বিপুলসংখ্যক ভোটার। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার, প্রচারণাপ্রবাহ ও কৌশল নির্ধারণ করে এই বিশাল ভোটার গোষ্ঠীকে মাথায় রেখে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ গ্রামে বসবাস করে। ফলে রাজনৈতিক দলগুলোর টিকে থাকা বা ক্ষমতায় যাওয়ার পেছনে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসংখ্যার একটি বিশাল অংশ প্রায় ৬০% তরুণ ও যুবা বয়সী। তরুণ সমাজকে নিজেদের পক্ষে টানতে রাজনৈতিক দলগুলো সব সময় আলাদা ইশতেহার ও প্রতিশ্রুতি দেয়। কর্মসংস্থান, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়টি বর্তমানে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তরুণদের বড় একটি অংশ যখন বেকার বা শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরের অবস্থায় থাকে, তখন তা রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন কিংবা সামাজিক সংকটের কারণ হয়ে দাঁড়ায়।
রাজনৈতিক দলগুলোও তাদের ঘোষণাপত্রে এ বিপুল জনসংখ্যাকে ‘জনসম্পদে’ রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে থাকে। স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের ওপর জনসংখ্যার তীব্র চাপ থাকার ফলে সরকার ও রাজনৈতিক দলগুলোকে এই বিপুল পরিমাণ মানুষের মৌলিক চাহিদা পূরণের রূপরেখা তৈরি করতে হয়, যা তাদের রাজনৈতিক সফলতার মাপকাঠি হিসেবে কাজ করে থাকে। প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১,১১৯ জনের বেশি মানুষের বসবাস থাকায় বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয়। এই উচ্চ ঘনত্বের কারণে নগরের বস্তি এলাকা, শ্রমজীবী মানুষ এবং নগরভিত্তিক রাজনীতি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, তৈরি পোশাকশিল্পের শ্রমিক বা শহরের নিম্ন আয়ের মানুষের রাজনৈতিক সচেতনতা ও আন্দোলন দেশের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলে।
দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতেও বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যা বা জনশক্তি রপ্তানি একটি বড় কৌশলগত বিষয়। রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশের অর্থনীতিকে সচল রাখে, যা পরোক্ষভাবে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারের সাফল্য-ব্যর্থতাকে নিয়ন্ত্রণ করে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতি এবং অর্থনীতিতে বাংলাদেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার বা ‘লিভারেজ হিসেবে কাজ করে। ভৌগোলিকভাবে ভারত ও চীনের মাঝখানে এবং বঙ্গোপসাগরের শীর্ষে অবস্থিত হওয়ায় এই বিশাল জনগোষ্ঠী বাংলাদেশকে বৈশ্বিক পরাশক্তিগুলোর কাছে উপেক্ষা করার অযোগ্য করে তুলেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই জনসংখ্যার গুরুত্ব দিনে দিনে ক্রমাগত বেড়েই চলেছে।
বাংলাদেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার এই বিশাল বাজার বহুজাতিক কোম্পানি এবং আঞ্চলিক পরাশক্তিগুলোর কাছে যেমন ভারত, চীন, জাপান, ইউরোপ, আমেরিকার জন্য অত্যন্ত আকর্ষণীয়। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির দ্রুত বৃদ্ধি যেকোনো বড় অর্থনীতির দেশের পণ্যের জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছে। এই বিশাল বাজারকে ধরার জন্য এবং এখানকার সস্তা শ্রমশক্তিকে ব্যবহার করতে এ সকল পরাশক্তিধর দেশগুলো বাংলাদেশে বিপুল বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত থাকে।
জনসংখ্যা ও ভূকৌশলগত অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ায় ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ বা ‘নেইবারহুড ফার্স্ট’ পলিসি এবং চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর সংযোগস্থলে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কোনো এক দিকে পুরোপুরি ঝুঁকে পড়লে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য যেকোনো সময় বদলে যেতে পারে।
মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপ-আমেরিকায় ছড়িয়ে থাকা ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি সেসব দেশের অর্থনীতি সচল রাখতে ভূমিকা রাখছেন। এই বিশাল প্রবাসী শ্রমশক্তির কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সব সময় অন্যান্য দেশের সাথে দর-কষাকষির একটি সুযোগ পায়, যা দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি রেমিট্যান্স কূটনীতিতে বড় শক্তি জোগায়। সস্তা ও দক্ষ শ্রমশক্তির প্রভাবে বাংলাদেশের বিশাল জনসংখ্যাই দেশের তৈরি পোশাকশিল্পের মূল চালিকাশক্তি। সস্তা শ্রমশক্তির কারণে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বিশ্বজুড়ে পোশাকের সরবরাহ সচল রাখতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে বাংলাদেশি জনশক্তি কেবল রেমিট্যান্স বা প্রবাসী আয় অর্জনের মাধ্যম নয়, বরং এটি বাংলাদেশের একটি অত্যন্ত শক্তিশালী ভূরাজনৈতিক এবং কৌশলগত হাতিয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মী মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতি ও রাজনীতিতে নানামুখী প্রভাব বিস্তার করছেন।
অর্থনীতি সচল রাখার চালিকাশক্তি হলো প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠী। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো দেশগুলোর নির্মাণ খাত, সেবা খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি জনশক্তি অপরিহার্য। এই দেশগুলোতে বিপুলসংখ্যক কর্মী থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক সব সময় সমমর্যাদার এবং গভীর থাকে। কর্মী নিয়োগের চুক্তি ও কোটা নিয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে এই দেশগুলোর রাজনৈতিক সমর্থন আদায় করতে পারে।
ব্লু-কলার থেকে হোয়াইট-কলার অভিবাসন পশ্চিমা রাজনীতিতে প্রভাব ও দক্ষ জনশক্তির স্থানান্তর ঘটার কারণে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি চিকিৎসাবিদ, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের White-collar workers সংখ্যা দ্রুত বাড়ছে।
যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ ও জয়জয়কার বাড়ছে। যেমন যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত এমপিরাসহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত প্রতিনিধিদের এই রাজনৈতিক উত্থান সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের পক্ষে ইতিবাচক লবিং বা প্রভাব তৈরিতে ভূমিকা রাখছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক অংশীদারিত্বে যেমন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির ম্যানুফ্যাকচারিং, প্ল্যান্টেশন ও কনস্ট্রাকশন খাত বাংলাদেশি কর্মীদের ওপর বহুলাংশে নির্ভরশীল। বৈশ্বিক ব্র্যান্ডগুলোর নির্ভরতা ক্রমবর্ধমান গতিতে বৃদ্ধি পাওয়ার ফলে দেশের ভেতরে থাকা পোশাকশিল্পের বিশাল শ্রমশক্তি বৈশ্বিক টেক্সটাইল সাপ্লাই চেইনের দ্বিতীয় বৃহত্তম উৎস। ফলে পশ্চিমা দেশগুলো বা বহুজাতিক কোম্পানিগুলো নিজেদের অর্থনৈতিক স্বার্থেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিতে বাধ্য হয়।
বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর জনশক্তি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের এই অবদান জাতিসংঘ ও বিশ্ব পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা এবং গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
জনসংখ্যার দিক থেকে চরম ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মিয়ানমার থেকে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এই বিপুল শরণার্থী জনগোষ্ঠীকে সামলানোর মানবিক ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
সফট পাওয়ার বা কোমল শক্তি হলো আন্তর্জাতিক সম্পর্কের এমন একটি কৌশল, যেখানে কোনো দেশ সামরিক বলপ্রয়োগ বা অর্থনৈতিক চাপ ব্যবহার না করে অন্য রাষ্ট্রকে নিজের পক্ষে আকর্ষণ ও রাজি করায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ নাই (Joseph Nye) ১৯৯০ সালে প্রথম এই ধারণাটি জনপ্রিয় করেন।
সংস্কৃতির বিশ্বায়নে প্রবাসী বাংলাদেশিরা বিশ্বজুড়ে বাংলাদেশের সংস্কৃতি, খাদ্য ও ঐতিহ্যকে ছড়িয়ে দিচ্ছেন। আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার প্রচলন সরকারিভাবে স্বীকৃতি লাভ করছে। বিভিন্ন দেশে ‘লিটল বাংলাদেশ’ গড়ে ওঠা এবং বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী অবস্থান বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে, যা একধরনের অলিখিত কূটনৈতিক শক্তি বা ঝড়ভঃ চড়বিৎ হিসেবে আবির্ভূত হয়েছে।
লেখক : কবি ও রাজনৈতিক বিশ্লেষক