এক পড়ন্ত দুপুরে দাঁড়িয়ে ছিলাম এক কালি বারান্দায়। নিয়মিত শারীরিক ফলোআপের উদ্দেশ্যে এসেছিলাম ডাক্তারের চেম্বারে। গাড়ির দরজা খুলে বাইরে পা রাখতেই চোখটা জুড়িয়ে গেল। কী প্রশান্ত আকাশ, মায়াভরা প্রকৃতি আর উজ্জ্বল রোদ্দুরে যেন চোখটা জুড়িয়ে গেল। নভেম্বর মাস চলছে, এই রকম এক সময়ে আকাশ এতটা উজ্জ্বল থাকার কথা নয়। শীতের আড়ষ্টতায় জবুথবু থাকার কথা কিন্তু এক আশ্চর্য ব্যতিক্রমী সময়ের যেন সাক্ষী হয়ে উঠলাম এই আমি। কবির ভাষায়, ‘নীল সিয়া আসমান/ লালে লাল দুনিয়া।’ আসমান নীল হয়ে ফুলের মতো ফুটে থাকলেও দুনিয়াজুড়ে রক্তের হোলি উৎসব চলছে। তার পরেও নিজেকে নিয়ে একটু ভাবতে ইচ্ছে করছে। এই রকম উজ্জ্বল একটা দিনে যদি বিদায় নিতে পারতাম। সকল দায়িত্ব পালন শেষ করে আমার নাতিটা বুকভরে শ্বাস নিতে নিতে উচ্চারণ করতে পারত আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আমাদের কারও কোনো অসুবিধা হয়নি। বাংলাদেশের প্রধানতম কবি শামসুর রাহমানেরও এই শেষ যাত্রা নিয়ে বড় উদ্বেগ ছিল। তার মৃত্যুবিষয়ক একটি কবিতার নাম ছিল ‘বিবেচনা’, কাব্যগ্রন্থ ‘নিজ বাসভূমে’। কবিতাটির শেষাংশ এমন : ‘যেদিন মরব আমি, সেদিন কী বার হবে, বলা মুশকিল।/ শুক্রবার? বুধবার? শনিবার? নাকি রবিবার?/ যেবারই হোক,/ সেদিন বর্ষায় যেন না ভেজে শহর, যেন ঘিনঘিনে কাদা/ না জমে গলির মোড়ে। সেদিন ভাসলে পথঘাট,/ পুণ্যবান শবানুগামীরা বড় বিরক্ত হবেন।’
সৌভাগ্যবান কবির এই উদ্বেগ কোনোভাবেই মানুষকে কষ্টে ফেলেনি। ২০১৫ সালের ১৭ আগস্ট সন্ধ্যা ছয়টার সময়ে যখন চিরদিনের জন্য চোখ বুজলেন, তখন সূর্যের আলো এতটা উজ্জ্বল ছিল না ঠিকই কিন্তু পুণ্যবান শবানুগামীদের জন্য কোনো বিরক্তিকর পরিস্থিতির উদ্ভব ঘটায়নি, এতটুকুই মনে আছে। আর আমার এই মধ্য নভেম্বরের এক মায়াবী বিকেলে আকাশের দিকে তাকিয়ে জানতে ইচ্ছে করছিল, আবহাওয়ার এই পরিবর্তন আমাদের জন্য কতটুকু মারাত্মক অশনিসংকেত দিচ্ছে? কতটুকু বিপজ্জনক হয়ে উঠবে কালকের সকাল। দীর্ঘদিনের পরিচিত আবাস ছেড়ে গত এক বছর ধরে যে অঞ্চলে বসতি গেড়েছি, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রেট লেক অঞ্চলের একটি রাজ্য। জনসংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে দশম বৃহত্তম রাজ্য, আর আয়তনের দিক দিয়ে এগারোতম। আলাস্কার পরে সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা সমৃদ্ধ ওই রাজ্যটিতে রয়েছে বৃহৎ আয়তনের চারটি লেক, যার মধ্যে অন্যতম হলো লেক সুপিরিয়র, লেক ইউরন, লেক মিশিগান এবং লেক ইরি। বলা হয়ে থাকে, উত্তর আমেরিকার প্রধানতম পাঁচটি গ্রেট লেকের মধ্যে চারটির অবস্থান মিশিগান অঙ্গরাজ্যে। এ ছাড়া রয়েছে ওই রাজ্যের ভেতরে আরও ১১ হাজারেরও বেশি অভ্যন্তরীণ লেক। এই জলধারসমূহের কারণে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং নিয়মিত তুষারপাত হয়। নভেম্বর মাস থেকে দ্রুত তাপমাত্রা নিচের দিকে নামতে থাকার কথা থাকলেও বৈশ্বিক আবহাওয়ার কারণে, বিশেষ করে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ, সেই সাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহ তাণ্ডবের ফলে মিশিগানের চিরায়ত রূপের মধ্যে একটা দৃশ্যমান পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে। শুধু মিশিগান নয়, সারা বিশ্বের আবহাওয়ার এখন টালমাটাল অবস্থা। বিজ্ঞানীদের অভিমত অনুযায়ী পৃথিবীর বাতাসে কার্বন ডাই-অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসের যে উপস্থিতি, তার পরিমাণ হচ্ছে গত ছয় লাখ পঞ্চাশ হাজার বছরের মধ্যে সর্বোচ্চ। এটা একটা ভয়াবহ খবর। তাদের দেওয়া তথ্যমতে, পৃথিবীর তাপমাত্রা গত শতাব্দীতে প্রায় ০.৭৪ ডিগ্রি সেন্টিগ্রেডে উন্নীত হয়েছে। সেই ধারণামতে, ১৯৯৫ সালের পর ‘গরম’ বছর গেছে ১১টিরও বেশি। যার কারণে উত্তর মেরু অঞ্চলের বরফ দ্বিগুণ গতিতে গলতে শুরু করেছে। একই ঘটনা হিমালয় অঞ্চলেরও।
২০২৬ সালের ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তে প্রায় ৫২০০ মিটার উচ্চতার লাংটাং লিরুং হিমবাহ ধসে পড়ে ৫ মাত্রারও বেশি ভূমিকম্পের যে ঘটনা ঘটেছিল, তাতে মারা গিয়েছিলেন ১৩৬৯ জনের মতো মানুষ। এ ছাড়া নিখোঁজ মানুষের সংখ্যা ছিল হাজারেরও উপরে। এ ছাড়া যুদ্ধ এবং আবহাওয়াগত সম্পর্ক আরও একটি ঐতিহাসিক বিষয়। যুদ্ধে ব্যবহৃত বোমা, বারুদ এবং যুদ্ধাস্ত্রের বিপুল ব্যবহারের কারণে বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ও ধূলিকণা ছড়ায়। বাতাস দূষণ ও উত্তপ্ত হয়ে ওঠার এটাও একটা কারণ। আর যদি পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয়, তাহলে বায়ুমণ্ডলের ওজোন স্তরে যে ক্ষতি সাধিত হয়, তার বিরূপ প্রভাব পড়ে আবহাওয়ার ওপর। প্রকৃতি তখন বিরূপ আচরণ করে।
১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পারমাণবিক হামলা চালিয়েছিল, দুনিয়ার ইতিহাসে সেটা ছিল ভয়াবহ এক মানবিক বিপর্যয়। আবহাওয়ার ওপর তার দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া পরবর্তী সময়ে ভয়াবহ আকার ধারণ করেছিল। একইভাবে গত কয়েক বছর ধরে বিশ্বের বৃহৎ শক্তিগুলো একে অপরের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে রয়েছে। বিশেষ করে, মধ্যপ্রাচ্যের ওপর আমেরিকা এবং তার মিত্র শক্তিদের সাঁড়াশি অভিযানের কারণে বৈশ্বিক আবহাওয়া এতটাই তেতে আছে যে তার মারাত্মক প্রভাব মানুষের দৈনন্দিন জীবনকে হুমকির মুখে শুধু ফেলেনি, মানবসভ্যতা প্রায় ধ্বংসের কবলে পতিত হয়ে পড়েছে। ফিলিস্তিনের গাজা অঞ্চল আজ এক ঐতিহাসিক কবরস্থানে পরিণত হওয়া ধ্বংসাবশেষ। আর সেখানে লাখেরও উপরে নিহত হয়েছেন দুই যুদ্ধবাজ জাহিল পরাশক্তির আক্রমণের ফলে। ফিলিস্তিনের গণহত্যায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে ওই মিশিগান অঙ্গরাজ্যের একজন মুসলিম যুবক আব্দুল রহমান মোহাম্মদ আল সাইয়েদ নভেম্বরের ভোটযুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। প্রগতিশীল ধারার ডেমোক্র্যাটিক রাজনীতির অনুসারী ওই মুসলিম যুবক জন্মসূত্রে মিসরীয় মাতা-পিতার সন্তান হলেও জন্মেছিলেন তিনি মিশিগানের রচেস্টার হিলসে। দেশের এবং দেশের বাইরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে সর্বোচ্চ শিক্ষা গ্রহণের পর তার বোধোদয় ছিল, ‘আমার ধর্ম শিক্ষা দেয়, কেউ যদি একটি প্রাণ রক্ষা করে, তবে সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।’ মুক্তমনা ওই মানুষটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক পর্যায়ের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি থেকে শুরু করে উপরাষ্ট্রপতিসহ অন্যরা তাকে ধর্মীয় আক্রমণের টার্গেট করে নিয়ে সন্ত্রাসবাদের সমর্থনকারী, বিন লাদেনের জার্সিধারী, এমনকি মুসলিম ব্রাদারহুডের সমর্থক পরিচয়ে চিহ্নিত করার প্রয়াস দেখিয়েছে। তার পরও তার রাজনীতির উত্থানকে বাধাগ্রস্ত করতে পারেনি। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অংশ নিয়ে আল সাইয়েদ বিপুল ভোটের ব্যবধানে যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়ে এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিলেন। দ্বিতীয় আরেকটি ঘটনার জন্ম দিয়েছেন মিশিগানের হ্যামট্রামিক শহরের অধিবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সিলেট অঞ্চলের সন্তান মুহিত মাহমুদ। দীর্ঘ আইনি লড়াই ও ভোট পুনর্গণনার পর তিনি ২০২৬ সালের ৮ নভেম্বর আমেরিকার ইতিহাসে প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ওই শহরেই থাকেন আরেক সংগ্রামী রাজনীতিবিদ রাশিদা তালিব। মিশিগানের ১২তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করছেন তিনি। জন্মসূত্রে তিনি ফিলিস্তিনের মানুষ হলেও ১৯৭৬ সালে মিশিগানের ডেট্রয়েট শহরে জন্মগ্রহণ করেছেন। মিশিগান রাজ্য প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম নারী হিসেবে তিনি ট্রাম্প প্রশাসনের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বারবার। যেভাবে সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমরকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে বারবার হেনস্তা করা হয়েছে। গ্রেপ্তার করে দেশছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ৩ নভেম্বরের আগের সপ্তাহে তার বাসভবনে পুলিশি হামলা চালিয়ে তার ফোন মোবাইলসহ আনুষঙ্গিক দরকারি জিনিসপত্র জব্দ করা হয়েছে। তার মূলে হোয়াইট সুপ্রিমেসি ছাড়াও মুসলিম ফোবিয়া একটা প্রধান কারণ ছিল। কারণ ইলহান প্রায়ই ইসরায়েলের আগ্রাসী হামলার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতেন। শ্বেতাঙ্গ আধিপত্যবাদ বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কথা বলা এই আফ্রিকান-আমেরিকান রাজনীতিবিদ ২০১৯ সাল থেকে মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের মার্কিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইলহান ওমর ও রাশিদা তালিব এই দুই মুসলিম রাজনীতিবিদ মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী হিসেবে টানা চতুর্থবারের প্রথম দায়িত্ব পালন শেষ করে পঞ্চমবারের মতো ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে নিলে পঞ্চমবারের মতো কংগ্রেসে সদস্যপদ লাভ করলেন তারা দুজন। এবারকার নির্বাচনী আবহাওয়ায় ইসলাম ধর্মীয় জনমানসকে একটা বৈচিত্র্যপূর্ণ ইতিহাস তৈরির প্রেক্ষাপট রচনার পেছনে কাজ করেছে মার্কিন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ইসলাম বিদ্বেষের বিষয়টি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলাম-বিদ্বেষী প্রচারণার বিরুদ্ধে তাই ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে একটা মুখ্য ভূমিকা পালন করতে দেখা গেছে দেশের আশি ভাগ তরুণ ভোটারকে। যারা একসময় ভোটকেন্দ্রে যাওয়াকে সময়ের অপচয় মনে করতেন, তারাই মূলত একটা বৈষম্যহীন সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে বিপুল বিক্রমে ভোট দিয়েছেন এবার। সে কারণে ভোটকেন্দ্রে নিয়োজিত একজন কর্মীকে বলতে শোনা গেছে, ‘আমার জীবনে কোনো ভোটকেন্দ্রে এত মানুষকে আমি ভোট দেওয়ার জন্য আসতে দেখিনি কোনো সময়ে।’
এবারকার মধ্যবর্তী নির্বাচনের পেছনে যে কারণগুলো মুখ্য ভূমিকা পালন করতে দেখা গেছে, তার অন্যতম ছিল মুসলিম বিদ্বেষ ছাড়াও ঘৃণার রাজনীতির সূক্ষ্ম মেরুকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবকে সমূলে উৎপাটনের ইচ্ছে নিয়ে সাধারণ মানুষ ভোটযুদ্ধে নেমেছিলেন, যার প্রমাণ রিপাবলিকান গোষ্ঠীর ভূমিধস পরাজয়। সাধারণ মানুষ ওই গোষ্ঠীর বিরুদ্ধে এতটাই মারমুখী আচরণের নমুনা দেখিয়েছেন, বিগত আড়াইশ বছরের ইতিহাসের একেবারে আমূল পরিবর্তন ঘটে গেল। যে বাদামি আর কালো চামড়ার মানুষকে মানুষ মনে করত না আগ্রাসী শক্তির ধারক আর বাহকেরা, তারা অবাক হয়ে দেখল, ওই মধ্যবর্তী নির্বাচনে সারা আমেরিকায় ৯৭ জন মুসলিম প্রার্থী জয়ের ইতিহাসে নাম লেখালেন একেবারে বিনা বাধায়। তাদের মধ্যে ইলিনয়ের নাবিলা সাইয়েদ, জর্জিয়াতে রুয়া রোমান, জর্জিয়া থেকে শেখ রহমান, কানেকটিকাট থেকে মাসুদুর রহমান, নিউইয়র্ক থেকে আবের কাওয়াম, ভার্জিনিয়া থেকে গাজালা হাশমি, নিউজার্সি থেকে ডা. আদম হামাউয়ি, ক্যালিফোর্নিয়া থেকে আয়েশা ওয়াহাব, মিশিগান থেকে রাশিদা তালেব, মিনেসোটায় ইলহান ওমর, নিউইয়র্ক থেকে লাতিনা মুসলিম ডারিয়া লিজা শেভালিয়ার, ইন্ডিয়ানা থেকে আন্দ্রে কারসন, ক্যালিফোর্নিয়া থেকে লতিফা সাইমন, টেক্সাস থেকে ড. লেটিশিয়া প্লামার ছাড়াও মিশিগানের আল সাইয়েদ এবং শেষের জন নিউইয়র্ক রাজ্যের জোহরান মামদানি। এই বিজয়ীদের মধ্যে পাঁচজন হিজাবি নারী রয়েছেন—রুয়া রোমান, আবের কাওয়াম, নাবিলা সাইয়েদ, মেরিয়াস খান এবং ইলহান ওমর। এ ছাড়া এবারকার নির্বাচনে অশ্বেতাঙ্গ রাজনীতিবিদদের মধ্যে হাকিম জেফ্রিস উল্লেখযোগ্য নাম। কংগ্রেসে কোনো প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া তিনিই হলেন প্রথম কোনো আফ্রিকান-আমেরিকান নেতা, যিনি ৩ নভেম্বর নির্বাচনে জয়লাভ করে প্রতিনিধি পরিষদের স্পিকারের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ২০১৩ সাল থেকে নিউইয়র্কের ৮ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে তিনি ২০২৩ সালে ন্যান্সি পেলোসির উত্তরসূরি হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে জর্জিয়ার গভর্নর পদে কেইশ ল্যান্স বটসম, ফ্লোরিডার গভর্নর পদে বায়রন ডোনাল্ডস, উইসকনসিসের গভর্নর পদে ডেভিড ক্রাউলি, নেভাডার গভর্নর পদে অ্যারেন ফোর্ড, মেরিল্যান্ডের গভর্নর পদে ওয়েস মুর—মোট পাঁচজন কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ গভর্নর পদে জয়লাভ করে নতুন এক ইতিহাসের জন্ম দিলেন। এর আগে এই গভর্নর পদে মাত্র তিনজনের জয়লাভের ইতিহাস রয়েছে। এই ইতিহাসেরও আগে ১৮৭২ সালে লুইজিয়ানার গভর্নর পদে প্রথম কৃষ্ণাঙ্গ পিনকনি বেন্টন স্টুয়ার্ট পিঞ্চব্যাক নির্বাচিত হয়েছিলেন। এসব কালজয়ী ঘটনায় আশা করা যায়, যুক্তরাষ্ট্রের দিনবদলের রাজনীতিতে একটা শুভ পরিবর্তনের সূচনা ঘটবে—সাধারণ মানুষ সেদিকেই তাকিয়ে আছেন।