বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছয় কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার রয়েছেন ছয় কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট চার লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে বলেও স্পষ্ট করেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ইসি সচিব জানান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদত্যাগ করায় আসনটিতে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে। এ নির্বাচনে ওসিবি ও আইসিপিবি উভয় পদ্ধতি কার্যকর থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮-১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz