বিএনপি জনগণের আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে : সমাজকল্যাণ মন্ত্রী
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ২২:০৮
•
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতরণ করবেন যা কুষ্টিয়াবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
এর আগে দুপুরে কুষ্টিয়া যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধানমন্ত্রীর সফরে দুটি খাল খননের উদ্বোধনের কথা রয়েছে। প্রতিমন্ত্রী সেই খালের কয়েকটি স্থান ঘুরে দেখেন।
এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।