(পূর্ব প্রকাশের পর)
১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজ হোস্টেলের কাছাকাছি ব্যবস্থাপক সভার অধিবেশনে যোগদানের জন্য সভার সদস্যরা পরিষদ ভবনে যখন উপস্থিত ছিলেন, সেই সময়েই ছাত্রদের ওপর গুলিবর্ষণ করা হয়। গুলির আওয়াজ সেখান থেকেও শোনা যায়। গুলির কিছুক্ষণ পর ছাত্ররা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণের যেদিকে পরিষদ ভবন অবস্থিত ছিল, সেদিকে সমবেত হয়ে পরিষদ সদস্যদেরকে বাইরে বের হয়ে আসার জন্য চিৎকার করে আহ্বান জানাতে থাকে। এ সময় পরিষদের অভ্যন্তরেও বিরাট হট্টগোল শুরু হয়। মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ স্পিকারকে বলেন পরিষদের অধিবেশন স্থগিত রাখতে, যাতে করে তাঁরা সবাই বাইরে যেতে পারেন। ধীরেন্দ্রনাথ দত্ত ও মনোরঞ্জন ধর নূরুল আমিনকে বলেন, তাঁর উচিত তৎক্ষণাৎ মেডিক্যাল হাসপাতাল পরিদর্শন করা এবং তারপর পরিস্থিতি সম্পর্কে পরিষদে বিবৃতি দেওয়া। নূরুল আমিন এই প্রস্তাবে সম্মত না হওয়ায় বিরোধীপক্ষীয় সদস্যগণ সেদিনের মতো অধিবেশন স্থগিত রাখার দাবি করেন। কিন্তু নূরুল আমিন বিরোধী পক্ষের দাবি অগ্রাহ্য করে নিজের বিবৃতি দিতে শুরু করলে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে পরিষদের অধিবেশন বর্জন করে মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, আবুল কালাম শামসুদ্দিন, আনোয়ারা খাতুন এবং আলী আহমদ খান পরিষদ ভবন পরিত্যাগ করে বাইরে ছাত্রদের সামনে উপস্থিত হন।
মেডিক্যাল কলেজ হোস্টেলের একটি কামরায় মাইক বসিয়ে ছাত্ররা আগে থেকেই বক্তৃতা করছিল এবং গুলিবর্ষণের পর তাদের সেই বক্তৃতায় স্বাভাবিকভাবেই সরকারি নির্যাতনের বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করা হচ্ছিল। আবদুর রশীদ তর্কবাগীশ পরিষদ ভবন থেকে প্রথম বের হয়ে আসার পর তাঁকে হোস্টেলের ভেতরে মাইকের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিনি মাইকে ছাত্রদের উদ্দেশে বক্তৃতা করেন।
ওই দিন সন্ধ্যার দিকেই মেডিক্যাল কলেজ হোস্টেলের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়, পরদিন ২২ ফেব্রুয়ারি সকাল সাতটায় মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদ ছাত্রদের জানাজা অনুষ্ঠিত হবে। রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলের একটি কামরায় তোয়াহা, অলি আহাদ, এমাদুল্লাহ, আবদুল মতিন, গোলাম মাওলা প্রমুখ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নেন, পরিবর্তিত পরিস্থিতিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এবং বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সে মুহূর্তে অকার্যকর হয়ে যাওয়ার কারণে সংগ্রাম পরিষদকে নতুনভাবে সংগঠিত করা দরকার। এ কারণে সেই বৈঠকেই মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য গোলাম মাওলাকে অস্থায়ী সম্পাদক করে একটি নতুন সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরদিনের গায়েবি জানাজা ইত্যাদি সম্পর্কেও তাঁরা আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি ধর্মঘটের যে আহ্বান জানানো হয়, তার সমর্থনে ঢাকার বিভিন্ন এলাকায় বহু দোকানপাট বন্ধ থাকে এবং যানবাহন চলাচলও হয় কম। কিন্তু ছাত্রদের ওপর গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার সমস্ত দোকানপাট ও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি যে তিনজন ছাত্র নিহত হয়েছিলেন, তাঁদের লাশ আত্মীয়স্বজনের কাছে ফেরত না দিয়ে ওই রাতেই পুলিশের তত্ত্বাবধানে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছিল। এ জন্য ২২ তারিখ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে একুশের শহীদদের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় ছাত্ররা উপস্থিত থাকলেও সারা শহর থেকে হাজার হাজার লোক তাতে অংশগ্রহণ করেছিল।
গায়েবি জানাজা এবং সংক্ষিপ্ত জনসভার পর উপস্থিত ছাত্রসহ হাজার হাজার লোক মিছিল করে শহরের দিকে অগ্রসর হতে থাকে। মিছিলটি শান্তিপূর্ণ থাকলেও হাইকোর্টের গেটের সামনের পথ অতিক্রম করার সময় মিছিলটির মাঝামাঝি জায়গায় পুলিশ লাঠিচার্জ করার ফলে প্রথমে সকলে ছত্রভঙ্গ হয়ে পড়ে, কিন্তু পরে মিছিলটি দুই ভাগ হয়ে এক ভাগ নাজিমুদ্দিন রোড ধরে চকবাজার, ইসলামপুর, পাটুয়াটুলী অতিক্রম করে পগোজ স্কুলের সামনে পৌঁছালে সেখানে পুলিশ আবার মিছিলটির ওপর লাঠিচার্জ করে এবং একে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয়। হাইকোর্টের সামনের দিকে মিছিলের যে অংশ ছিল, সেটি তৎকালীন রমনা রেস্ট হাউসের সামনে দিয়ে নবাবপুর রোড ধরে অগ্রসর হয়। এ সময় রাস্তায় পুলিশ ও সামরিক বাহিনীর গাড়ি ব্যতীত অন্য কোনো যানবাহন সকাল দশটার পর আর দেখা যায়নি।
রথখোলার মোড়ে সরকার-সমর্থক পত্রিকা দৈনিক সংবাদ অফিস পাহারা দেওয়ার জন্য এক ট্রাক সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। মিছিলটি যখন বংশাল রোডের মোড়ে সংবাদ অফিসের কাছাকাছি পৌঁছায়, তখন সশস্ত্র বাহিনীর লোকেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এর ফলে দারুণ উত্তেজনার সৃষ্টি হয় এবং বাধা সত্ত্বেও মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রাকের ওপর থেকেই পুলিশ মিছিলের ওপর গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের ফলে ঘটনাস্থলে অনেকে হতাহত হয়। বংশালের মোড় ছাড়াও নবাবপুর রোডের আরও কয়েকটি স্থানে পুলিশ মিছিলের ওপর বিক্ষিপ্তভাবে গুলিবর্ষণ করে। ২২ ফেব্রুয়ারি বিভিন্ন স্থানে এভাবে গুলিবর্ষণের ফলে আট বছর বয়সী একটি বালকসহ পাঁচজন নিহত হয় এবং আহতদের সংখ্যা দাঁড়ায় পঞ্চাশেরও অধিক।
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক মর্নিং নিউজ প্রথম থেকেই রাষ্ট্রভাষা আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা এবং উগ্র প্রচারণা চালিয়ে যাচ্ছিল। তার ওপর একুশে ফেব্রুয়ারির গুলিবর্ষণের ঘটনার অনেক বিকৃত বিবরণ ও আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য ২২ তারিখে প্রকাশ করায় জনসাধারণ পত্রিকাটির বিরুদ্ধে ভয়ানক বিক্ষুব্ধ হয়ে ওঠে। সে সময় মর্নিং নিউজের প্রেস এবং অফিস ছিল ভিক্টোরিয়া পার্কের (বর্তমান বাহাদুর শাহ পার্কের) নিকটবর্তী একটি গলিতে। সেই গলির দুই দিক থেকে বহু লোক ওই প্রেস ও অফিসে আক্রমণ করে। তারা পত্রিকাটির অফিস তছনছ করে এবং প্রেস ও আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এর ফলে মর্নিং নিউজের প্রেস ও অফিস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এই ঘটনাটি ঘটে নাজিমুদ্দিন রোড বরাবর মিছিলটি সদরঘাট এলাকায় পৌঁছানোর পূর্বে।
২১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিস্থিতি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কিছুটা নিয়ন্ত্রণে ছিল এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই অকার্যকর হয়ে গিয়েছিল। ২২ ফেব্রুয়ারি গায়েবি জানাজার পর থেকে ঢাকা শহরের পরিস্থিতির ওপর অবশ্য কারও কোনো সাংগঠনিক নিয়ন্ত্রণ থাকেনি। শহরের বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে নানা ঘটনা ঘটে যাচ্ছিল। ১৪৪ ধারা বলবৎ থাকা সত্ত্বেও জনতা দলবদ্ধভাবে রাস্তায় ঘোরাফেরা করছিল এবং পুলিশের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছিল। বিশ্ববিদ্যালয় এলাকায়ও সেদিন এ ধরনের একটি সংঘর্ষ ঘটে এবং জনতার ওপর পুলিশ লাঠিচার্জ করে। ২২ ফেব্রুয়ারি এসব সংঘর্ষের ফলে ঢাকায় ঠিক কতজন হতাহত হয়েছিল, তার কোনো সঠিক হিসাব দেওয়া কারও পক্ষেই সম্ভব ছিল না।
২২ ফেব্রুয়ারি ঢাকায় রেলওয়ে ওয়ার্কশপের শ্রমিক ও রেল কর্মচারীরা পূর্ণ ধর্মঘট পালন করেন। এর ফলে রেলের চাকা সেদিন বন্ধ থাকে। নারায়ণগঞ্জেও রেল শ্রমিক ও কর্মচারীরা পূর্ণ ধর্মঘট পালন করেন। ২১ তারিখের গুলি ও ছাত্রহত্যার খবর ঢাকার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ার পর গ্রাম থেকে কৃষকেরা দলে দলে ঢাকা শহরে এসে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বাংলা ব্যবস্থাপক শুরার একটি অধিবেশন বসে। তাতে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পাকিস্তান সংবিধান সভার কাছে সুপারিশ করে একটি প্রস্তাব সরকারিভাবে পেশ করা হয়। প্রস্তাবটি পেশ করেন প্রধানমন্ত্রী নূরুল আমিন।
২২ ফেব্রুয়ারির মতো ২৩ ফেব্রুয়ারি তারিখেও ঢাকা ও নারায়ণগঞ্জে পূর্ণ হরতাল পালিত হয়। দোকানপাট, অফিস ও যানবাহন চলাচল একেবারে বন্ধ থাকে। নারায়ণগঞ্জে একটি জনসভাও অনুষ্ঠিত হয়। পূর্ব বাংলার সর্বত্র ছাত্র, শ্রমিক, কর্মচারীসহ জনগণের ব্যাপক অংশ ধর্মঘটে যোগদান করে। গ্রামাঞ্চলেও ঢাকার গুলিবর্ষণের প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার মোরেলগঞ্জের কাছে একটি গ্রামে দুর্ভিক্ষপীড়িত লোকেরা টেস্ট রিলিফের কাজ বর্জন করে ওই সময় ছাত্রহত্যার বিরুদ্ধে ধর্মঘট পালন করে। (চলবে)
লেখক : জ্যেষ্ঠ আইনজীবী ও কলামিস্ট।