‘কুকুর লেজ নাড়ায়, কিন্তু এখন দেখছি লেজই কুকুরকে নাড়াচ্ছে’—প্রয়াত রাজনীতিবিদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর এই বহুল আলোচিত উক্তিটি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেন আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী কোনো সাধারণ পরিবার থেকে উঠে আসেননি; তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা প্রয়াত বেগম খালেদা জিয়া—উভয়েই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং সাধারণ মানুষের কাছে উভয়েই ছিলেন অত্যন্ত জননন্দিত। তাঁদের উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমানের প্রতি দেশবাসীর আশা ও প্রত্যাশা ছিল অনেক। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে, তার সরকারের মন্ত্রিপরিষদ এবং দলীয় নেতা-কর্মীদের অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মূলত সেই প্রেক্ষাপট থেকেই মরহুম সাকা চৌধুরীর এই তির্যক উক্তিটি লেখার শিরোনাম হিসেবে বেছে নিয়েছি।
‘আমি সবার চেহারা চিনে রাখছি, রাস্তায় কিছু হলে আমি ব্যক্তিগতভাবে দেখে নেব।’ প্রিজন ভ্যানে (Prison Van) কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবলের উদ্দেশে এমন হুমকির ভিডিও দেখা গেল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বোনের জোরালো কণ্ঠে।
এরপর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, পুলিশ প্রটোকলে গার্ড অব অনারের ন্যায় আসামি জিয়াউল আহসানকে চোখে কালো চশমা পরিয়ে আদালতে নিয়ে আসা হলো। আয়নাঘর, গুম ও অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, জুলাই-আগস্টের গণহত্যা, শতাধিক গুম ও হত্যার প্রাথমিক প্রমাণ ও অভিযুক্ত মাস্টার কিলারকে সুসজ্জিত বেশে আদালতে নিয়ে আসার দৃশ্য আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। কেননা কিছুদিন আগে একজন খ্যাতনামা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ বয়োজ্যেষ্ঠ নাগরিককে তুচ্ছ ঘটনার দায়ে হেলমেট এবং হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হলো এবং তার রিমান্ড মঞ্জুর করা হয়।
প্রথম আলোয় প্রকাশিত ‘ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও জামিন-সংক্রান্ত তথ্য’ শিরোনামে পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ মাসে এমন ব্যক্তিদের গ্রেপ্তারের সংখ্যা ৪৪ হাজার ৪৭২। এদের মধ্যে ৩২ হাজার ৩৭১ জন জামিন পেয়েছেন। অর্থাৎ মোট প্রায় ৭৩ শতাংশ আসামির জামিন হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কালের বিভিন্ন মামলা এবং শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী সময়ে মিছিল বা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে গ্রেপ্তার হন।
দুঃখজনক হলেও সত্য, ৭৩% মামলার জামিন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপির দলীয় আইনজীবী এবং নেতাকর্মীরা চুক্তিতে করেছেন এই কাজ।
সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ক্যারেক্টার নিয়ে। দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধান করার মূল দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রধান বাহিনীগুলোকে (যেমন পুলিশ বাহিনী) দিকনির্দেশনা ও তদারকি করার ক্ষমতাও তার হাতে। সুতরাং আইনশৃঙ্খলা এবং সীমান্তের অপ্রত্যাশিত ঘটনাগুলোর সকল দায়দায়িত্ব তাকেই নিতে হবে।
১২ নভেম্বর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সংসদে জুলাই গণ-অভ্যুত্থান আন্দোলনের নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার বর্ণনা করেন। তিনি শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়কের ওপর হামলার ঘটনাও উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে জানতে চান, ‘এই সরকার কি তাদেরকে নিরাপত্তা দেবে?’ উল্লেখ্য, এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন না।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত হলে স্পিকারের মাধ্যমে বিরোধীদলীয় চিপ হুইপের প্রশ্নের জবাবে আরেকটি মন্তব্য করে বলেন, ‘আগুন লেগেছে, না লাগিয়েছে?’ স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাতের বাড়িতে আগুন লাগার বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। আগুন লাগা বাড়িটি তিনি পরিত্যক্ত বাড়ি হিসেবে উল্লেখ করেন। উনি উল্লেখ করেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইলেকট্রিক সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলো অনেকটা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন।
কিন্তু মজার ব্যাপার হলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ১২ নভেম্বর দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগুনের ঘটনাকে পতিত অপশক্তির পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে দাবি করেন। এ জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি এটিকে ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের নানা নমুনা বলে উল্লেখ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মন্তব্য কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে না?
১২ নভেম্বর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ করলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এই হুঁশিয়ারি ছিল সাবেক (বরখাস্ত) সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিয়ে। হেফাজতের শাপলা চত্বরের মামলার শুনানিতে আসামি জিয়াউল আহসান জেলখানা থেকে আদালতে আসতে অস্বীকৃতি ও বেপরোয়া আচরণ করেন। অবশেষে জিয়াউল আহসানকে হাতকড়া এবং হেলমেট ছাড়াই আদালতে হাজির করা হয়। তিনি বলেন, ভবিষ্যতে তার এ ধরনের বেপরোয়া আচরণ আর সহ্য করা হবে না, এ মর্মে সতর্ক করেছেন। কিন্তু আমরা দেখেছি, গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই আসামিদের চোখে-মুখে ভয়ের ছাপ ছিল। চেহারায় চিন্তার ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেহারার ঔজ্জ্বল্য, লাবণ্য ফিরে এসেছে। সাহসের মাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে, তা আসামিদের কোর্টে উপস্থিত হওয়ার ভিডিও এবং চিফ প্রসিকিউটরের প্রেস ব্রিফিংয়েই অনুমান করা যাচ্ছে।
ঘটনাগুলো উল্লেখ করার উদ্দেশ্য হলো আইনের বাস্তব প্রয়োগ এবং এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা। আইন কীভাবে তার রূপ-রং বদলাচ্ছে বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার যুগে, বলার অবকাশ রাখে না। দলীয় শীর্ষ কমান্ড আর প্রশাসনিক কার্যকলাপ অনেক ক্ষেত্রে সাবেক ফ্যাসিবাদী কার্যকলাপকে মনে করিয়ে দেয়।
নিকট অতীতে এই ট্রাইব্যুনালসহ বাংলাদেশের বিভিন্ন আদালতে জামায়াত, বিএনপি ও দেশের শীর্ষ আলেমদের মিথ্যা মামলায় হাতকড়া, হেলমেট ও কোমরে দড়ি পরিয়ে আদালতে হাজির করা হয়েছিল। এমনকি অসুস্থ ড. মুহাম্মদ ইউনূসকেও পাঁচতলা পর্যন্ত সিঁপি বেয়ে আদালতে হাজিরা দিতে হয়েছিল। বেগম জিয়াকে যে নির্মম অবজ্ঞা করা হয়েছে এবং যারা করেছিল, সেই শক্তি আজ আদালতে রাজকীয় পর্যায়ে রয়েছে। এদের শক্তির উৎস কোথায়? প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের সেই লেজ সুরক্ষিত এবং অপ্রত্যাশিতভাবে সক্রিয় রয়েছে।
এই সক্রিয়তার একটা উদাহরণ দেওয়া যাক। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন ২০২৬ তারিখে ট্রাইব্যুনাল-২-এর রায়ে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসানুল হক ইনুকে হাতকড়া ও হেলমেট ছাড়াই হাজির করা হয়েছে। বিভিন্ন গোপন সূত্রে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, তিনি জেলের ভেতরে চিকিৎসাসুবিধা নিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। বাইরে দলীয় নেটওয়ার্কের মাধ্যমে তাদের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এসবই চলছে অর্থের বিনিময়ে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই অভিযোগ করছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা অবৈধভাবে আত্মসাৎ করা অর্থের বিনিময়ে জেল কর্তৃপক্ষ, প্রশাসন এমনকি সরকারের একটি অংশকে কিনে নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই অভিযোগকে অস্বীকার করতে পারছি না। কারণ, গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনেক মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা গ্রেপ্তার হয়ে বিচারাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। সে সময় একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া, আসামিদের বেপরোয়া হওয়া, ট্রাইব্যুনালের ভেতরে শুনানির লাইভ প্রচারণা বন্ধ করা কিসের আলামত?
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘমেয়াদি সাজা যাদের হয়েছে, তারা জেলহাজতে রয়েছেন। আর ফাঁসি যাদের হয়েছে, তারা সবাই পলাতক অর্থাৎ দেশের বাইরে। বিচিত্র এই নাটকীয়তা থেকে প্রশাসন কিংবা সরকারের একটি অংশ বিক্রি হয়েছে, এমন ধারণাটা বিশ্বাসে পরিণত হয়। কথায় আছে, যা রটে তার কিছুটা বটে।
শেখ হাসিনাকে নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, বিভিন্ন জায়গায় নাশকতার অভিযোগ রয়েছে, কিন্তু সরকার-প্রশাসন অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মূল বিষয় হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার কিছু বাস্তবতা তৈরি হয়েছে। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে আইনিভাবে আপিলের সুযোগ না থাকায় বর্তমানে শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির (২০১৬ সালের সংশোধনীসহ) ৬ নম্বর অনুচ্ছেদ—যেখানে হত্যা বা সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধকে ‘রাজনৈতিক অপরাধ’ হিসেবে গণ্য না করার বিধান রয়েছে।
চুক্তির প্রধান শর্তাবলি (অনুচ্ছেদ ৩)—মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয় : কোনো বন্দী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে এই চুক্তির আওতায় তাকে নিজ দেশে স্থানান্তর করা যাবে না।
গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও বিচারব্যবস্থায় স্বচ্ছতা এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত সরকারের পক্ষে কতটুকু সম্ভব হয়েছে? ইতিমধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে (আগস্ট ২০২৪—ফেব্রুয়ারি ২০২৬) বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছতা আনা এবং বিচারপ্রক্রিয়া আধুনিকায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতিমালা প্রণয়ন করা হয়। এগুলোর মধ্যে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ (নভেম্বর ২০২৫); আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন অধ্যাদেশ, ২০২৪ ও ২০২৫; বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া, প্রশাসনিক রদবদল ও প্রত্যর্পণ চুক্তি বর্তমান সরকার ইতিমধ্যে বাতিল করেছে।
সরকারের এই জটিল আইনি বিষয়গুলো বাতিল যেমন জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, তেমনি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বর্তমান নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও রয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে আইনের নিরপেক্ষতা বজায় রাখা এবং দলীয় প্রভাবমুক্ত হয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলেই কেবল জনগণের আস্থা ধরে রাখা সম্ভব হবে; অন্যথায় ক্ষমতার পালাবদল ঘটলেও পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে।