বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

প্রবাসজীবন : সোশ্যাল মিডিয়ার রূপ আর বাস্তবতা

প্রবাসজীবন : সোশ্যাল মিডিয়ার রূপ আর বাস্তবতা

বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়ায় প্রবাসজীবনকে দেখতে এতটাই চাকচিক্যময় মনে হয় যে দেশে থাকা অনেকেই হয়তো মনে মনে ভাবেন, ‘ইশ্, যদি একবার বিদেশে যেতে পারতাম, তাহলে আমিও এত সুন্দর সুন্দর ছবি পোস্ট করতে পারতাম!’ কিন্তু এই ছবিগুলোর আড়ালে থাকা জীবনের গল্প কতটুকুই-বা তাদের জানা আছে?
প্রথম থেকেই শুরু করি। বাংলাদেশ থেকে এসে এমন একটি দেশে নতুন জীবন শুরু করা, যেখানে কালচার ভিন্ন, অধিকাংশ মানুষের ধর্ম ভিন্ন, এমনকি আবহাওয়াও একেবারে আলাদা—সেখানে সবকিছু নতুন করে গড়ে তোলা কতটা কঠিন, তা যারা এই প্রসেসের মধ্য দিয়ে গিয়েছেন, তারাই ভালো বোঝেন।
আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ের পর প্রবাসে এসে সংসার শুরু করেছি। এখানে এসে প্রয়োজনীয় সব ক্রেডিট পূরণ করার জন্য আবারও পড়াশোনা করতে হয়েছে। ড্রাইভিং লাইসেন্স নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অনেক কিছুই নতুন করে শিখতে হয়েছে।
আমাদের দেশে ইংলিশ প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হলেও আমার ক্ষেত্রে সেই শিক্ষা অনেকটাই খাতা-কলমে সীমাবদ্ধ ছিল। ইংলিশে কীভাবে ফ্লুয়েন্টলি কমিউনিকেশন করতে হয়, সেটা আমেরিকায় এসেই শিখেছি।
বাংলাদেশ থেকে যত পড়াশোনা করেই আসুন না কেন, এখানে এসে অনেককে শুরুতে এমন কিছু কাজ করতে হয়, যেগুলোকে আমরা সাধারণভাবে ‘অড জব’ বলি। যেমন দোকানে, গ্যাস স্টেশনে কিংবা ডানকিনে কাজ করা। এরপর নিজের শিক্ষাগত যোগ্যতা, পড়াশোনা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে একটি অবস্থান তৈরি করতে হয়। কেউ নতুন করে পড়াশোনা করেন, কেউ সার্টিফিকেশন নেন, আবার কেউ ডিগ্রি অর্জন করে ভালো জবের সুযোগ তৈরি করেন।
তবে সবার পথ এক রকম হয় না। অনেকের লিগ্যাল স্ট্যাটাস ঠিক করতে করতেই জীবনের বহু বছর কেটে যায়। এই প্রসেসে ল’ইয়ারের সাহায্য নিতে হয়, যার পেছনে অনেক টাকা খরচ হয়। আমেরিকায় আসার পর প্রথম কয়েক বছরের আর্নিংয়ের একটি বড় অংশই অনেকের এই খাতে চলে যায়। পাশাপাশি থাকে দেশে অবস্থানরত মা-বাবা ও ভাইবোনদের ভালো রাখার দায়িত্ব।
এখানকার রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, চারপাশে উন্নত অবকাঠামো, ব্রিজ, টানেল আর আকাশচুম্বী বিল্ডিং। অনেক জায়গায় নিজের বাসা থেকে এক-দুই ঘণ্টা ড্রাইভ করলেই সুন্দর কোনো জায়গায় ঘুরে আসা যায়। সব সময় তার জন্য অনেক টাকা খরচও করতে হয় না। কখনো আশপাশের কোনো পার্কে, গাছের পাশে কিংবা ফুলের বাগানে দাঁড়িয়েই সুন্দর একটি ছবি তোলা যায়।
সেই ছবিগুলো দেখে দেশে থাকা অনেকেই হয়তো ভাবেন, ‘বাহ্, কী সুন্দর উন্নত দেশে আছে! ওদের জীবন নিশ্চয়ই খুব সুখের!’ চারপাশের সৌন্দর্য সত্যি, কিন্তু সেটাই জীবনের পুরো বাস্তবতা নয়। একটি সুন্দর ছবিতে প্রতিদিনের পরিশ্রম, দুশ্চিন্তা, দায়িত্ব আর টিকে থাকার সংগ্রাম ধরা পড়ে না।
আরেকটি বিষয় এখানে এসে বুঝেছি—কাজকে সম্মান করার মানসিকতা। আমরা যেসব কাজকে ‘অড জব’ বলি, এখানকার অনেক মানুষ সেগুলোকে অন্য যেকোনো কাজের মতোই গুরুত্ব দেন। দোকানে কাজ করা, গ্যাস স্টেশনে কাজ করা, ক্লিনিং সার্ভিস দেওয়া কিংবা প্রতি সপ্তাহে গার্বেজ ট্রাকে এসে বাসার ময়লা নিয়ে যাওয়া—প্রতিটি কাজই প্রয়োজনীয়। এসব কাজের ওপরও মানুষের দৈনন্দিন জীবন নির্ভর করে।
কাজের ধরন দেখে কাউকে ছোট করার প্রবণতা এখানে তুলনামূলকভাবে কম দেখেছি। মানুষ নিজের কাজকে গুরুত্ব দেন এবং দায়িত্ব নিয়ে তা সম্পন্ন করেন। সৎভাবে করা প্রতিটি কাজই সম্মানের—এই উপলব্ধিটাও প্রবাসজীবনের একটি বড় শিক্ষা।
তাই সোশ্যাল মিডিয়ার সুন্দর ছবি দেখে কারও পুরো জীবন বিচার করা যায় না। ছবিতে যে হাসিটুকু দেখা যায়, তার পেছনে কত বছরের পরিশ্রম, কত ত্যাগ আর কত না-বলা গল্প আছে, তা শুধু সেই মানুষটিই জানেন।
প্রবাসের মাটিতে এসে নিজের পায়ের নিচের মাটি শক্ত করা যে কত কঠিন, সেটা যারা এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন। স্পেশালি প্রথম দিকের দিনগুলো অনেক বেশি কষ্টকর। অনেক পরিশ্রম করতে হয়, অনেক প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিতে হয়। শুরুর এই ধাক্কা যারা সামলে উঠতে পারেন, তারা ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াতে শেখেন।
প্রথমবার যারা আমেরিকায় স্প্রিং কিংবা সামারে আসেন, তাদের জন্য ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়াটা তুলনামূলকভাবে সহজ হয়। কিন্তু যারা উইন্টার সিজনে আসেন, তাদের অনেকের জন্য শুরুর দিনগুলো বেশ দুর্বিষহ হয়ে ওঠে। হঠাৎ একটি গরমপ্রধান দেশ থেকে এসে এমন তীব্র শীতের সঙ্গে অ্যাডজাস্ট করতে হিমশিম খেতে হয়। তার ওপর নতুন দেশ, অপরিচিত জায়গা আর যাতায়াতের সমস্যা তো আছেই।
নিউইয়র্কের মতো সিটিতে যারা এসে ওঠেন, তারা হয়তো পাবলিক ট্রান্সপোর্টেশনের ভালো সুযোগ পান। বাসে কিংবা ট্রেনে অনেক জায়গায় যাতায়াত করা যায়। কিন্তু অন্য অনেক স্টেটে বা শহরতলিতে সেই সুযোগ ততটা নেই। সেখানে গাড়ি ছাড়া চলাফেরা করা ভীষণ কষ্টকর। স্কুল-কলেজে কিংবা কাজে যাওয়ার জন্য কারও রাইডের অপেক্ষায় থাকতে হলে বোঝা যায়, এই নির্ভরশীলতা কতটা অসহায় করে তোলে। সবার সময় ও সুবিধা মিলিয়ে রাইড অ্যারেঞ্জ করাও সহজ নয়।
আমাদের এখানে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—এই তিন মাস মোটামুটি বেশ শীত পড়ে। এই সময়টুকু কোনোভাবে পার করতে পারলে পরে আবহাওয়ার সঙ্গে সঙ্গে জীবনেও কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু প্রথম দিকের সেই কষ্টগুলো সহজে ভোলা যায় না। শীতের সকাল কিংবা সন্ধ্যায় কারও গাড়ির রাইডের জন্য অপেক্ষা করা, বাসস্টপে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা কিংবা ট্রেন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করা—সেই মুহূর্তগুলোর কষ্ট হয়তো ভাষায় পুরোপুরি বোঝানো যায় না।
শুরুর দিকে দোকান, গ্যাস স্টেশন কিংবা ডানকিন ডোনাটসে কাজ করাও অনেক পরিশ্রমের। তার সঙ্গে যাতায়াতের কষ্ট যোগ হলে প্রতিটি দিনই যেন আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একদিন হয়তো ভালো একটি জব হয়, নিজের একটি গাড়িও হয়। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে প্রবাসের প্রথম কয়েকটি বছর কেটে যায়।
আমার নিজের অভিজ্ঞতার কথা একটু বলি। এখানে আসার পর প্রথম দিকে বাসার কাছের একটি শপিং সেন্টারে সিভিএস নামের ফার্মেসিতে ক্যাশিয়ার হিসেবে জব করতাম। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে বাসার সামনে থেকে বাসে উঠতাম। শপিং সেন্টারটি গাড়িতে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের ড্রাইভিং ডিসটেন্সে ছিল। অথচ বাসে যেতে হলে প্রথমে মেইন বাস টার্মিনালে গিয়ে বাস ট্রান্সফার করতে হতো। সেখান থেকে আরেকটি বাসে উঠে শপিং সেন্টারে পৌঁছাতে সব মিলিয়ে প্রায় আধা ঘণ্টা লেগে যেত। ফেরার পথেও একইভাবে আসতে হতো।
ওয়েদার ভালো থাকলে তবু চলত। কিন্তু সব সময় তো আর আবহাওয়া সুন্দর থাকত না। কখনো বৃষ্টি, কখনো তীব্র শীত, কখনো তুষারপাত—এসবের মধ্যেই কাজে যেতে হতো, বাসের জন্য অপেক্ষা করতে হতো। জীবনের প্রয়োজন তো আর ওয়েদার বুঝে থেমে থাকে না!
তবে একটি সুবিধা ছিল, আমাদের বাসার ওয়াকিং ডিসটেন্সের মধ্যেই লাইব্রেরি, হসপিটাল আর কয়েকটি পার্ক ছিল। পরে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর যাতায়াত অনেক সহজ হয়ে গেল। বাসের জন্য দাঁড়িয়ে থাকা কিংবা বাস ট্রান্সফার করতে যে বাড়তি সময় লাগত, সেটাও বেঁচে গেল।
প্রথম দিকের এই কষ্টের দিনগুলোর কথা বাইরের মানুষ তো দূরের কথা, অনেক সময় আমরা নিজেরাও ভুলে যাই। জীবন একটু গুছিয়ে এলে, প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে এলে, অতীতের সেই সংগ্রামের কথা কজনেরই-বা মনে থাকে!
সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখা যায়, কেউ সুন্দর গাড়ি চালিয়ে, কফি খেতে খেতে অফিসে যাচ্ছেন। দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু সেই দৃশ্যের পেছনের গল্পটা সব সময় দেখা যায় না। আজ কথাগুলো খুলে বললাম, যাতে প্রবাসজীবন নিয়ে কিছু ভুল ধারণা দূর হয়। এই পারফেক্ট সিনারিওর পেছনেও থাকে বছরের পর বছর কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত, শীতের মধ্যে অপেক্ষা আর অনেক না-বলা কষ্ট।
সবকিছুর পরও এখানে কিছু প্রাপ্তি আছে, যা মনে প্রশান্তি এনে দেয়। নিরাপদে চলাফেরা করতে পারা, একা নিজের কাজগুলো করতে পারা, পরিশ্রম করে ভালো একটি অবস্থানে পৌঁছানোর আশা আর ছেলেমেয়েদের নিরাপদ পরিবেশে বড় করার সুযোগ—এসবের মূল্য আমার কাছে অনেক।
শুধু ভালো জব থাকলেই তো হয় না, আশপাশের পরিবেশটাও নিরাপদ হওয়া দরকার। অনেক পরিশ্রমের পর ঘরে ফিরে যদি একটু নিশ্চিন্তে থাকা যায়, সেটাও জীবনের অনেক বড় প্রাপ্তি।
আমেরিকাকে ‘ল্যান্ড অব অপরচুনিটি’ বলা হয়। নিজের অভিজ্ঞতা থেকে মনে হয়, এখানে অনেক বাধা পেরিয়েও পরিশ্রম করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা যায়। সেই স্বপ্নের পথে কষ্ট আছে, অপেক্ষা আছে, ত্যাগ আছে। আর ধীরে ধীরে জীবনটা গুছিয়ে নিতে পারার মধ্যে এক অন্য রকম প্রশান্তিও আছে।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz