শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

স্মৃতির শৈশব

স্মৃতির শৈশব

বিজ্ঞাপন
ঘন সবুজের সমারোহ যেন আঁখি যায় যত দূরে,
শাখায় শাখায় নানান পাখিরা মেতে আছে সুরে সুরে।
বাতাস আসলে মাঠে কচি ধান,
উল্লাসে যেন গেয়ে ওঠে গান!
মাঠের দুদিকে চেনা মেঠো পথ চলে গেছে এঁকে বেঁকে,
বহুদিন পর ফিরেছি এ গাঁয়ে ভরে গেল মন দেখে।

কচিকাঁচা যারা বয়সে নবীন সবাই অচেনা মুখ,
চিনছে না তারা আমিও চিনি না তবুও পাচ্ছি সুখ।
এসেছি এ গাঁয়ে বহুকাল আগে,
স্মৃতিগুলো যেন পাশাপাশি জাগে!
পরিচিত মুখ দেখেই হঠাৎ বাড়িয়ে দিয়েছি হাত,
ভাবাবেগে ভেসে যাই যেন মিশে সুখে করি মোলাকাত।

ভরা শৈশব ফিরে আসে যেন তরতাজা স্মৃতি হয়ে,
জানি না কখন কীভাবে কোথায় সময় যে গেছে বয়ে?
কংক্রিটের ওই শহুরে জীবন,
কেড়ে নিয়ে গেছে আবেগ ও মন!
আসতে পারিনি ইচ্ছে করেও বন্দী পাখির মতো,
উঠেছি হাঁপিয়ে দায়িত্ব কাঁধে ছুটেছিও অবিরত।

আজও এসেছি দায়িত্ব নিয়ে মামা মারা গেছে বলে,
অতীত দিনের যত স্মৃতি এসে ভেজাচ্ছে আঁখি জলে।
আলো ঝলমল ছিল সেইদিন,
স্মৃতিগুলো বাজে সুরে রিনিঝিন!
এইটুকু জানি কখনো ওসব আসবে না আর ফিরে,
জাগাবে বেদনা অনুভূতি তারে কষ্ট থাকবে ঘিরে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz