আমি তোমাদের মতো সৌভাগ্যবান নই।
যে বয়সে মানুষ স্বপ্নে উড়ে বেড়ায় আকাশে,
ভালোবাসার বৃষ্টিতে ভিজে রঙিন হয়,
সেই বয়সে আমি জীবনযুদ্ধের এক ক্লান্ত সৈনিক।
ইউনিভার্সিটিতে পড়ছি,
তিনটা টিউশনি করছি,
সঙ্গে ছাপাখানায় পার্টটাইম জব করছি।
দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছি—
পক্ষাঘাতে শয্যাশায়ী বাবার ওষুধ কিনতে,
ছোট তিন ভাইবোনের পড়াশোনার খরচ জোগাতে।
কিন্তু সারা দিন পর ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি,
বিছানাগত বাবা ঠিকই টের পান।
মমতাভরা কণ্ঠে বলে ওঠেন,
‘খোকা এসেছে, ওকে খেতে দাও।’
তখন দেখি, মা আমার খাবার নিয়ে অপেক্ষায় বসে আছেন।
আদরমাখা গলায় বলেন,
‘বাবা, সারা দিন এত পরিশ্রম করে ফিরেছিস,
আয় তোকে একটু খাইয়ে দিই।’
যত রাতেই বাড়ি ফিরি না কেন,
ছোট ভাইবোন তিনটে ঠিকই জেগে থাকে।
ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনজনেই দৌড়ে আসে—
কেউ জুতা খুলে দেয়, কেউ কাঁধ থেকে ব্যাগ নেয়,
আবার কেউ গলা জড়িয়ে ধরে বলে,
‘ভাইয়া, তোর অনেক কষ্ট হচ্ছে, তাই না?’
ঠিক সেই মুহূর্তে মনে হয়,
আমার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই।
তাই আমার কাছে এই দুঃখই আমার আজন্ম সুখ।