শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভাতের মাড়

ভাতের মাড়

বিজ্ঞাপন
মানবশিশু ভাতের আগেই চেনে মাড়ের স্বাদ,
মায়ের আঙুলে হেমন্তের শিশিরের মতো নরম সেই সাদা আলো—
বেঁচে থাকার প্রথম বর্ণমালা।
ভাতের চেয়ে মাড়ের পথ দীর্ঘ—ধানক্ষেত পেরোনো নদীর মতো।
ভাত খায় মানুষের সন্তান; মাড় খায় ছাগলছানা, কুকুরছানা, উঠানের শালিকও—
অথচ কত ঘরে মানুষের শিশুর কপালে
জোটে না কুয়াশার মতো সেই ঘন সাদা রস, ভাতের সামান্য নির্যাসটুকু।
যে মাড়ে জীবনের প্রথম স্বাদ, কেন সেই মাড়েই জীবনের শেষ অবলম্বন?
যে খাদ্যে একদিন শৈশবের স্মৃতি জেগেছিল,
কেন দারিদ্র্যের দীর্ঘ পথে সেই খাদ্যই হয়ে ওঠে
বেঁচে থাকার শেষ আশ্রয়, শেষ প্রার্থনা?

ভাতের অভাবে আসে দুর্ভিক্ষ, মাড়ের অভাবে কী আসে জানো?
ক্ষুধার পায়ের কাছে মানুষের গোটা আত্মসম্মান নিঃশব্দে ঝরে পড়ে—
শীতের শেষ রাতে হিম-লাগা পাতার মতো।

যে মাড় একদিন শিশুর ঠোঁটে ছিল মায়ের ভালোবাসার দুধ-জ্যোৎস্না,
সেই মাড়ই একদিন হয়ে ওঠে দারিদ্র্যের মøান পরিচয়পত্র।
অথচ মাড় তো ভাতেরই আত্মা—
ভাতের শরীর থেকে ঝরে-পড়া অমৃতধারা।
তবু সমাজের দৃষ্টিতে—পেঁচার চোখের মতো ঠান্ডা, নিষ্পলক—
ভাত আর মাড়ের শ্রেণিবিভাগ করে রেখেছি আমরা।

কেউ ভাত রাখে, মাড় ফেলে দেয় নর্দমার অন্ধকারে;
কেউ সেই ফেলে-দেওয়া ফ্যানেরই কাঙাল—
ভাঙা কুঁড়েঘরের প্রদীপ যেমন তেলের জন্য হা-পিত্যেশ করে।

কেউ অন্ন নষ্ট করে, কেউ ক্ষুধার কাঁথা জড়িয়ে রাত পার করে—
কুয়াশায় ঢাকা এক দীর্ঘ, নিস্তব্ধ নদীর মতো।

প্রশ্ন জাগে—
মানুষের পরিচয় কি তার পাতে সাজানো ভাতে,
নাকি ক্ষুধার ভেতরেও মানুষ হয়ে বেঁচে থাকার অধিকারে?
ভাতের মাড়কে অবহেলা করো না—
কোনো এক শিশুর কাছে ওই মাড়ই হয়তো একবেলার একমাত্র আশার আলো,
কোনো এক মায়ের কাছে সন্তানের ঠোঁটে তুলে দেওয়া শেষ সম্বল।
মানুষ ভাত খায়, পশু খায় মাড়—
কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে ভাত আর মাড়ের ব্যবধান
সমাজের গড়া এক কৃত্রিম অহংকার।
সভ্যতার আবরণে আমরা আর কতকাল
কণ্ঠে পরে বেড়াব এই কলঙ্কের অলংকার?
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz