কাউকে কাঁদিয়ে সুখে থাকা কি যায়
বনের রাজাকেও একসময়
হতে হয় কুপোকাত।
হুংকার ছাড়া তো দূরের কথা,
চলাফেরা করতেও
কখনো মনে হয়, নিজেই
হয়ে গেছে কাত।
থাকে না একসময় আগের মতো শক্তি,
যারা তাকে শ্রদ্ধা করত,
তারা আর করে না ভক্তি।
কেউ তার নেয় না
কোনো খোঁজখবর।
দুঃখে তার মন ভারাক্রান্ত হয়,
একা একাই কত কথা কয়।
‘যখনই ইচ্ছে হয়েছে, ধরে খেয়েছি
কত পশুপাখি।
আমার অবস্থা আজ এমন হবে,
আগে জানলে কি এমন করতাম?’
এ অসুস্থ অবস্থায় একদিন
সে মিটিং ডাকল বনে।
বনের সব পশুপাখি উপস্থিত
হলো তার সামনে।
আবেগতাড়িত হয়ে
সে করতে লাগল কান্নাকাটি—
‘জানি না, আর কত দিন বাঁচি।
কোনো কর্মই কি রাখে না ঋণ—
তোমরা তা জানো কি?
জীবনে আমি বড় ভুল করেছি,
ক্ষমতার কত অপব্যবহার করেছি।
তোমরা কখনো ক্ষমতার অপব্যবহার কোরো না—
তোমাদের সবার কাছে
এটাই আমার একমাত্র দাবি।’
নিউজটি শেয়ার করুন