বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কৃতজ্ঞতাবোধের মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ — ধন্যবাদ দিবস

কৃতজ্ঞতাবোধের মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ — ধন্যবাদ দিবস

বিজ্ঞাপন
বাংলাদেশি-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের শিকড় সময়ের আবর্তে আরও গভীরে যাচ্ছে। এই দেশে জন্ম নেওয়া কিংবা ছোট বয়স থেকে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্ম তো অবশ্যই, সাথে সাথে আমরা বয়স্করাও এই দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে ধীরে ধীরে সম্পৃক্ত হচ্ছি। এর মধ্যে “ধন্যবাদ দিবস” চমৎকার একটি উদাহরণ।

এই দেশের জাতীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলোর মধ্যে ‘ধন্যবাদ দিবস’ বা Thanksgiving Day একটি বিশেষ তাৎপর্যপূর্ণ উৎসব। এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় উৎসব নয়; বরং ধর্ম-বর্ণ, জাতীয়তা, ভাষা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে পালিত একটি জাতীয় ঐতিহ্য। প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার এই দিনটি উদ্‌যাপিত হয়। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এদিন লক্ষ লক্ষ মানুষ আকাশ, জল ও স্থলপথে দীর্ঘ যাত্রা করেন। উৎসবের প্রধান আকর্ষণ হলো পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ভোজে বসা। আস্ত রোস্ট করা টার্কি, হেমন্তের নানা শাকসবজি, মিষ্টি কুমড়ার পাইসহ বিভিন্ন সুস্বাদু খাবারে সাজানো হয় উৎসবের খাবার টেবিল। বর্তমানে নতুন একটি ঐতিহ্যও শুরু হয়েছে বন্ধু-বান্ধবদের নিয়ে, যার নাম দেওয়া হয়েছে Friendsgiving. যাদের পরিবার দূরে থাকে, ধন্যবাদ দিবসে একত্রিত হওয়া সম্ভব নয়, তারা কয়েকজন স্থানীয় বন্ধুকে নিয়ে ভোজের ব্যবস্থা করে। কম বয়সী কর্মজীবীদের মাঝে এটা খুব জনপ্রিয় হচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, এই ধন্যবাদ দিবস কেন? কিসের জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ?

ধন্যবাদ দিবসের ঐতিহাসিক পটভূমিতে রয়েছে নতুন পৃথিবীতে (বর্তমান উত্তর ও দক্ষিণ আমেরিকা) আগত আদি ইংরেজ বসতি স্থাপনকারীদের কঠিন জীবনসংগ্রাম, ফসলের ভালো ফলন, এই ভূখণ্ডের আদিবাসীদের সাথে সহাবস্থান এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্য। সময়ের পরিক্রমায় এই উৎসব একটি সর্বজনীন জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। আজকের দিনে মানুষ জীবনের প্রাপ্তি, পরিবারের ভালোবাসা, বন্ধুত্ব, সুস্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতার জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমাদের বাংলা ভাষাভাষী পরিবারগুলোর কাছেও ধন্যবাদ দিবস একটি আনন্দময় ও আবেগঘন পারিবারিক উৎসব। প্রবাসজীবনের কর্মব্যস্ততা, দৈনন্দিন দায়িত্ব এবং সারা বছরের নানা ব্যস্ততার মধ্যে এই দিনটি যেন পরিবারের সবাইকে আবার এক জায়গায় মিলিত হওয়ার বিশেষ সুযোগ করে দেয়। কেউ দূরদূরান্ত থেকে গাড়ি চালিয়ে আসেন, কেউ আত্মীয়স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ জানান। ঘরে ঘরে শুরু হয় বিশেষ খাবার তৈরির আয়োজন। আমেরিকান ঐতিহ্য অনুযায়ী টার্কি রোস্ট, ম্যাশড পটেটো (হাস্যরসের ছলে অনেকে বলেন আমেরিকান আলুর ভর্তা), ক্র্যানবেরি সস ও পাম্পকিন পাইয়ের পাশাপাশি অনেকের খাবার টেবিলে স্থান পায় বাঙালির প্রিয় পোলাও, বিরিয়ানি, মাছ, মাংস, নানা রকম ভর্তা ও মিষ্টান্ন। খাবারের বৈচিত্র্যের মধ্য দিয়ে যেন দুটি সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটে, প্রাচ্য ও পাশ্চাত্য মিলে নতুন এক ঐতিহ্যের সূচনা করে।

পরিবারের বড়রা তাঁদের জীবনের অভিজ্ঞতা, প্রবাসে আসার স্মৃতি ও নানা সংগ্রামের গল্প বলেন। ছোটরা আনন্দের সঙ্গে উৎসবে অংশ নেয় এবং আমেরিকার এই জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়। অনেক পরিবারে খাবার পরিবেশনের আগে সবাই এক মুহূর্তের জন্য থেমে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেউ পরিবারের প্রতিটি সদস্যের জন্য, কেউ সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য, আবার কেউ নতুন দেশে জীবন গড়ে তোলার সুযোগের জন্য ধন্যবাদ জানান। দূরে থাকা প্রিয়জনদের সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলেও আনন্দ ভাগ করে নেওয়া হয়। এভাবেই ধন্যবাদ দিবস আমাদের কাছে শুধু একটি আমেরিকান উৎসব নয়; এটি পারিবারিক বন্ধন দৃঢ় করার, শিকড়ের সঙ্গে সম্পর্ক অটুট রাখার এবং নতুন প্রজন্মের কাছে ভালোবাসা ও কৃতজ্ঞতার মূল্যবোধ পৌঁছে দেওয়ার একটি বিশেষ দিন।

তবে কৃতজ্ঞতা কেবল মুখের কথায় সীমাবদ্ধ থাকলে চলে না। আমাদের প্রাপ্তির আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মাঝেই পূর্ণ আনন্দ। বিশেষ করে যারা গৃহহীন, অসহায়, দরিদ্র, একাকী কিংবা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন, তাঁদের পাশে দাঁড়ানোই হবে আমাদের কৃতজ্ঞতার প্রকৃত বহিঃপ্রকাশ। কারণ, যে হৃদয় কৃতজ্ঞ হতে জানে, সেই হৃদয়ই অন্যের দুঃখ উপলব্ধি করতে এবং ভালোবাসা বিলিয়ে দিতে পারে।

পরিশেষে বলা যায়, ধন্যবাদ দিবস শুধু একটি ভোজের আয়োজন কিংবা আনন্দ-উৎসবের দিন নয়; এটি আত্মসমালোচনা, আত্মোপলব্ধি ও কৃতজ্ঞতাবোধ জাগ্রত করার একটি বিশেষ উপলক্ষ। জীবনে আমরা কী পেয়েছি, কার কাছ থেকে পেয়েছি এবং সেই প্রাপ্তির প্রতিদানে অন্যের জন্য কী করতে পারি, সেটা অনুধাবন করার দিন। আসুন, ২০২৬ সালের এই ধন্যবাদ দিবসে আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাদের পরিবার, সমাজ ও বৃহত্তর মানবপরিবারে ভালোবাসা, সহমর্মিতা, শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করি এবং বাংলাদেশি-আমেরিকান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যকে আরও একটু আনন্দময় করে তুলি॥

লেখক: ঢাকায় জন্মগ্রহণকারী, হলি ক্রস ও সেন্ট যোসেফ স্কুল, নটরডেম কলেজ ও সিটন হল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, নিউ জার্সিবাসী, একজন রোমান ক্যাথলিক যাজক এবং ধর্মবিষয়ক কলামিস্ট
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz