ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সদস্য
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৩
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমাসের (৩৫) বাড়ি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। তিনি ওই গ্রামের মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের জেলা সদস্য ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামের এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল আসার পর ঘটনাস্থলের আশপাশে আরও কোনো ককটেল তৈরির উপকরণ বা বারুদ আছে কি না, তা নিশ্চিত করা হবে। এরপর মরদেহ উদ্ধার করা হবে।
তিনি আরও জানান, আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি আমলে নিয়ে তাদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।