শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা • মুুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে : প্রধানমন্ত্রী • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ • ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন • ইরানের কেশম দ্বীপে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা • চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ • এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে • সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা হচ্ছে। ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৫১ বস্তা টাকা। ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১৫টি দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। বর্তমানে চলছে গণনার কাজ। গণনা শেষে জানা যাবে মোট দানের পরিমাণ। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এদিন সকাল সোয়া ৭টার দিকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এর আগে মসজিদটিতে দানবাক্স ছিল ১৩টি। এবার আরও দুটি বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে দানবাক্স খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দানবাক্স থেকে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। পরে নির্ধারিত স্থানে এসব টাকা ঢেলে শুরু হয় গণনার কাজ।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাগলা মসজিদের পরিচিতি ও সুখ্যাতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও মানুষ নানা মনোবাসনা নিয়ে এখানে আসেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি অন্য ধর্মের অনুসারীরাও এ মসজিদে দান করেন।

তিনি আরও বলেন, সময়ের প্রয়োজনে পাগলা মসজিদের সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে সম্প্রসারণের নকশা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিদিন নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষের আগমন এবং ধর্মীয় কার্যক্রম, বিশেষ করে নামাজ আদায়ের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের দেওয়া দানের অর্থ দিয়েই মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে।

মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদে একটি মাদ্রাসাও রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে উদ্যোগ নেওয়া হবে।

এবার টাকা গণনার কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সর্বশেষ গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। নগদ অর্থের পাশাপাশি তখন স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল।
এদিকে, দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কার্যক্রম শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলঙ্কার ওজনের কাজ শেষে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার। ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়।

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।
পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

মসজিদ-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ পাগলা মসজিদে আসেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রুপা, বৈদেশিক মুদ্রা, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন সামগ্রী দান ও মানত করেন তারা। নির্দিষ্ট সময় পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে মসজিদ প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় জমে।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যের একটি কমিটি। জেলা প্রশাসক এ কমিটির সভাপতি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার ৫১ বস্তা টাকা পাওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে পাগলা মসজিদ। এখন সবার অপেক্ষা গণনা শেষে দানের মোট পরিমাণ জানার। সেই সঙ্গে অপেক্ষা নতুন কোনো রেকর্ডের।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz