প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:০৫
•
অনলাইন সংস্করণ
ছবি ঠিকানা
আহমেদ জুনেদ ফারহান, ফ্রান্স প্রতিনিধি
প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিস-১৬ এলাকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্যাপিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা এবং প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি আমন্ত্রিত সকল অতিথিকে আন্তরিক অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে ফ্রান্সের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্যারিসে নিযুক্ত বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টাগণ এবং ফরাসি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া ফ্রান্সে বসবাসরত প্রবাসী বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ফ্রান্স বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন, উন্নয়ন, দেশ ও বিদেশে সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য কার্যক্রম সংবলিত একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া সশস্ত্র বাহিনীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণে এবং পরবর্তীতে সশস্ত্র বাহিনীর উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরা হয়।
১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে আমাদের সেনা, নৌ ও বিমানবাহিনীর সম্মিলিত ঐতিহাসিক অভিযানের স্মৃতিবিজড়িত এই দিনটি শুধু বীরত্বেরই নয়; বরং জাতির আত্মত্যাগ, শৃঙ্খলা ও অদম্য সাহসের এক উজ্জ্বল প্রতীক।
দিবসটির তাৎপর্য তুলে ধরে দেওয়া বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ২০২৪-এর 'জুলাই বিপ্লবে' আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনকারী ফরাসি মনীষী আঁদ্রে মালরোর অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং জুলাই বিপ্লবে জনগণের পক্ষে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।