সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মা ও মেয়ে নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী।
নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাদের ১১ মাস বয়সী মেয়ে জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তার চিকিৎসাও চলছিল।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামসহ স্বজন, বন্ধু ও পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।