বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কের বিপণিবিতান থেকে বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি সংকট

নিউইয়র্কের বিপণিবিতান থেকে বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি সংকট

বিজ্ঞাপন
আমেরিকার যেকোনো পোশাকের আলমারি খুলে একটি শার্টের কলার উল্টালেই খুব সম্ভবত চোখে পড়বে তিনটি শব্দ : ‘Made in Bangladesh’।
আমরা যারা প্রবাসে বসবাস করি, তাদের কাছে এই তিনটি শব্দের আবেদন যেন একটু বেশিই গভীর—যা ভাষায় প্রকাশ করা কঠিন। নিউইয়র্কের কুইন্সের কোনো বিপণিবিতানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে হাজার হাজার মাইল দূরে গাজীপুর। অথচ পোশাকের সেলাইয়ের ভাঁজে হঠাৎ যেন খুঁজে পেলাম আমার প্রিয় বাংলাদেশকে। বুকের ভেতর জেগে ওঠে এক অন্য রকম আবেগ, অনুভূতি, এক অনির্বচনীয় গর্ব।
সেই গর্বের অনুভূতি আমার জীবনের দীর্ঘদিনের সঙ্গী। আজ থেকে ৩৭ বছর আগে আমার বাবা নিউইয়র্কে প্রতিষ্ঠা করেন বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’। সেই পত্রিকার সংবাদকক্ষেই আমার বেড়ে ওঠা।
প্রবাসী বাংলাদেশি হিসেবে আমরা প্রত্যেকেই যেন মাতৃভূমির একেকজন অবৈতনিক রাষ্ট্রদূত। বিদেশিদের কাছে আমাদের দেশের ঘূর্ণিঝড়, ক্রিকেট ও বিরিয়ানির গল্প বলি। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ কোথায়, তাও বুঝিয়ে দিই।
২০১৩ সালের এপ্রিলের পর বছরের পর বছর আমাদের ব্যাখ্যা করতে হয়েছে রানা প্লাজার মর্মান্তিক ট্র্যাজেডির কথা। ভবনধসে প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৪ জন মানুষ। সে সময় আমি বাংলাদেশের মানুষ জানার পর আমেরিকানদের মুখে প্রথমেই উঠে আসত রানা প্লাজার কথা। ‘মেড ইন বাংলাদেশ’ নিয়ে আমাদের গর্বের সঙ্গে তখন মিশে গিয়েছিল গভীর বেদনা ও অস্বস্তি।
ধীরে ধীরে অস্বস্তি কাটিয়ে সেই গর্ব আবার ফিরে এসেছে। দুই শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিড সনদপ্রাপ্ত ২৯০টি পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে, যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।
বিশ্বের কাছে মাথা উঁচু করে বলার মতো একটি নতুন গল্প পেয়েছিলাম আমরা।
কিন্তু এ মাসে আবারও ফিরে এসেছে পুরোনো প্রশ্ন। গত ৩১ অক্টোবর পোশাকশ্রমিকেরা কর্মবিরতি শুরু করার পর থেকে আমার ফোন যেন থামছেই না। আমেরিকান বন্ধুরা জানতে চাইছেন, যে নারী আমার শার্টটি তৈরি করেছেন, তাঁর মাসিক মজুরি কীভাবে মাত্র ১২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ প্রায় ১০১ ডলার হয়? অথচ ম্যানহাটনের কোনো রেস্তোরাঁয় তিনজনের একবেলার খাবারের বিলও এর চেয়ে বেশি হতে পারে!
আমি তাঁদের বলি, শ্রমিকদের দাবি ন্যায্য। ২০২৩ সালে এই মজুরি নির্ধারণের পর থেকে জীবনযাত্রার ব্যয় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের হিসাব অনুযায়ী, ঢাকার আশপাশের জেলাগুলোতে মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য বর্তমান ন্যূনতম মজুরির প্রায় দ্বিগুণ অর্থ প্রয়োজন।
এরপর তাঁদের এমন একটি বাস্তবতার কথা বলি, যা সংবাদপত্রের শিরোনামে খুব একটা উঠে আসে না। অথচ আটলান্টিকের এপারে দাঁড়িয়ে বিষয়টি বেশ স্পষ্টভাবেই দেখা যায়।
গত এক দশকে আমেরিকায় বাড়িভাড়া, ডিমের দাম থেকে শুরু করে সাবওয়ের ভাড়া—সবকিছুই বেড়েছে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভোক্তাপণ্যের মূল্য বেড়েছে প্রায় ৩৬ শতাংশ। অথচ একই সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের জন্য মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলোর দেওয়া গড় মূল্য বেড়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ।
আমার কেনাকাটার ঝুড়িতে পোশাকই যেন একমাত্র পণ্য, যার দাম তুলনামূলক খুব সামান্য বেড়েছে। এই ব্যবধানের বোঝা নিশ্চয় কাউকে না কাউকে বহন করতে হয়েছে। তবে সেই বোঝা আমরা ভোক্তারা বহন করিনি।
বাংলাদেশে মজুরি নিয়ে বিতর্ক মূলত শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সীমাবদ্ধ। যেন এই দুই পক্ষ চাইলেই সংকটের সমাধান করতে পারে। অথচ নিউইয়র্কের একটি বিপণিবিতানে দাঁড়িয়ে দেখলে বাস্তবতাটা ভিন্ন মনে হয়। শ্রমিক ও মালিক এমন একটি মূল্যের অংশীদার, যা নির্ধারণের ক্ষমতা তাঁদের কারও হাতে পুরোপুরি নেই।
আমি কারখানার মালিকদের দায়মুক্তি দিতে চাই না। নতুন মজুরি নির্ধারিত হলে তা যথাসময়ে ও পূর্ণাঙ্গভাবে পরিশোধ করতে হবে। আন্দোলনরত শ্রমিকদের মজুরি বন্ধের হুমকিও কোনো সমাধান নয়। তবে মালিকদের একটি যুক্তি অস্বীকার করার উপায় নেই। আন্তর্জাতিক ক্রেতারা পোশাকের মূল্য না বাড়ালে বর্ধিত মজুরির চাপ সামলাতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। আর বন্ধ কারখানা কোনো শ্রমিককেই মজুরি দিতে পারে না।
পোশাকের মূল্য নির্ধারণে প্রধান ভূমিকা রাখে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান। এইচঅ্যান্ডএম, জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স, প্রাইমার্ক, ওয়ালমার্ট ও গ্যাপ। প্রবাসী বাংলাদেশিদের কাছে এসব নাম অত্যন্ত পরিচিত।
বাংলাদেশের পোশাকের অন্যতম বৃহৎ ক্রেতা এইচঅ্যান্ডএম ইতোমধ্যে অর্থবহ মজুরি বৃদ্ধির পক্ষে সমর্থন জানিয়েছে। ভবিষ্যৎ ক্রয়াদেশের মূল্য নির্ধারণেও নতুন মজুরির বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এটি আশাব্যঞ্জক। মজুরি বোর্ডের কার্যক্রম শেষ হওয়ার আগেই অন্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোরও প্রকাশ্যে একই অঙ্গীকার করা উচিত।
এবার আমার প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের কাছে একটি আবেদন।
আমরা এই সংকটের নিছক দর্শক নই। আমরাই এসব প্রতিষ্ঠানের ক্রেতা। নিউইয়র্ক, লন্ডন, টরন্টো কিংবা সিডনিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছি। এসব আন্তর্জাতিক ব্র্যান্ডের বিপণিবিতান থেকেই আমরা নিয়মিত কেনাকাটা করি।
বাংলাদেশের একটি কারখানা থেকে মাত্র কয়েক ডলারে বেরিয়ে আসা টি-শার্ট এখানে বিক্রি হয় তার কয়েক গুণ বেশি দামে। ২৫ ডলারের একটি শার্ট কিনতে আরও একটি ডলার ব্যয় করতে হলে আমাদের খুব একটা অসুবিধা হবে না। অথচ সেই বাড়তি ডলারটি পোশাক তৈরির সঙ্গে যুক্ত নারীর ন্যায্য মজুরিতে যোগ হলে তাঁর সংসারে কতটা স্বস্তি আসতে পারে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি?
আমাদের কাছে যা সামান্য বাড়তি খরচ, তাঁর কাছে তা হতে পারে ঘরভাড়ার সংস্থান।
আমরা দেশে রেমিট্যান্স পাঠাই, ছুটিতে দেশে যাই। প্রবাসের প্রতিটি আড্ডা ও দাওয়াতে দেশ নিয়ে তর্ক করি, স্বপ্ন দেখি, উদ্বেগ প্রকাশ করি। দূরে থেকেও দেশকে হৃদয়ে ধারণ করি প্রতিটি মুহূর্তে। তাই দেশের জন্য আরও একটি কাজ আমরা করতে পারি।
আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে লিখতে পারি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন করতে পারি, এমনকি তাদের বিক্রয়কেন্দ্রে দাঁড়িয়েও জানতে চাইতে পারি—
বাংলাদেশে পোশাকশ্রমিকের মজুরি বাড়লে, আপনারাও কি পোশাকের ক্রয়মূল্য বাড়াবেন?
হাজার হাজার মাইল দূরের একটি দেশের মজুরি বোর্ডের চেয়ে নিজেদের ক্রেতাদের প্রশ্নকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অনেক আগেই গুরুত্ব দেয়।
রানা প্লাজার মর্মান্তিক ঘটনা আমাদের শিখিয়েছে—আন্তর্জাতিক ক্রেতারা দায়িত্ব ও ব্যয়ের অংশীদার হলে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন সম্ভব।
কারখানার নিরাপত্তায় উন্নতি ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পোশাকের সঙ্গে জড়িয়ে থাকা বেদনাকে আবার গর্বে রূপান্তরিত করেছে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা সেই গর্বকে পূর্ণতা দিতে পারে।
আমি আবারও নিউইয়র্কের কুইন্সের কোনো বিপণিবিতানে দাঁড়িয়ে একটি শার্টের কলার উল্টে দেখতে চাই : ‘গধফব রহ ইধহমষধফবংয’।
তখন শুধু আমার দেশের নাম দেখে গর্বিত হতে চাই না। নিশ্চিন্ত মনে জানতে চাই, যে নারী তাঁর শ্রম, ঘাম ও নিপুণ হাতের স্পর্শে পোশাকটি তৈরি করেছেন, তিনি তাঁর শ্রমের ন্যায্য মূল্য পেয়েছেন তো।
সে জন্য আমাকে আর একটি ডলার বেশি দিতে হলে, আমি দিতে প্রস্তুত।
লেখক : প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ঠিকানা গ্রুপ, নিউইয়র্ক।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz