শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পাঁচ বরোর ২০ স্থানে মিলবে বিনামূল্যে তাজা ফল ও সবজি

ষাটোর্ধ্বদের জন্য বিশেষ উদ্যোগ
পাঁচ বরোর ২০ স্থানে মিলবে বিনামূল্যে তাজা ফল ও সবজি

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির ৬০ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে তাজা ফল ও সবজি বিতরণ কর্মসূচি দ্বিগুণ সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ‘পপ-আপ প্রডিউস’ নামের এ কর্মসূচির আওতায় এবার পাঁচ বরোর ২০টি স্থানে বিনামূল্যে ফল ও সবজি বিতরণ করা হবে। আগে এ কর্মসূচি পরিচালিত হতো ১০টি স্থানে।
১৭ নভেম্বর কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরুর ঘোষণা দেন মেয়র মামদানি। গত আগস্টে প্রথম পর্যায়ে নিউইয়র্কের প্রবীণ বাসিন্দাদের মধ্যে ২৪ হাজার ব্যাগ তাজা ফল ও সবজি বিতরণ করা হয়েছিল। প্রথম পর্যায়ের সাফল্যের পর এবার বিতরণকেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে পাঁচ বরোর বিভিন্ন প্রবীণ নাগরিক কেন্দ্র, খাদ্য সহায়তা কেন্দ্র ও কমিউনিটি সেন্টারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর ফলে আরও বেশি সংখ্যক প্রবীণ নাগরিকের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মেয়র মামদানি বলেন, বয়স্ক নিউইয়র্কবাসীকে রাতের খাবার কেনা এবং ঘরের হিটিং বিল পরিশোধের মধ্যে কোনো একটি বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় হাজার হাজার প্রবীণ নাগরিককে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এ কারণে তাদের বসবাসের কাছাকাছি এলাকায় তাজা ও পুষ্টিকর খাবার পৌঁছে দিতে কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে।
সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির মৌসুমে প্রবীণদের মধ্যে খাদ্যসংকট ও সামাজিক বিচ্ছিন্নতার সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। বিশেষ করে, সীমিত আয়ের প্রবীণদের জন্য তাজা ফলমূল ও শাকসবজি কেনা কঠিন। এ কর্মসূচির মাধ্যমে তাদের পুষ্টিকর খাবারের সুযোগ বাড়ানোর পাশাপাশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত থাকার সুযোগও তৈরি হবে।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ডেপুটি মেয়র ডা. হেলেন আর্টিয়াগা বলেন, প্রবীণদের সুস্বাস্থ্য, শারীরিক সক্ষমতা ও স্বনির্ভরতা বজায় রাখতে সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় পপ-আপ প্রডিউস কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে। তিনি পাঁচ বরোর প্রবীণ নাগরিকদের ছুটির মৌসুমে আয়োজিত ২০টি বিনামূল্যের খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এনওয়াইসি এজিং বিভাগের কমিশনার ডা. লিসা স্কট-ম্যাকেঞ্জি বলেন, ছুটির মৌসুমে আরও বেশি প্রবীণের কাছে পৌঁছানোর লক্ষ্যেই কর্মসূচিটি পুনরায় চালু করা হয়েছে। বিশেষ করে, অনেক পরিবার যখন আর্থিক চাপের মধ্যে রয়েছে, তখন তাজা ও পুষ্টিকর খাবারের সহজলভ্যতা অত্যন্ত জরুরি।
এদিকে ফেডারেল সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপের (এসএনএপি) নতুন নিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিটি প্রশাসন। নতুন নিয়মে নির্দিষ্ট কিছু কর্মসংস্থান-সংক্রান্ত শর্তের ক্ষেত্রে বয়সসীমা ৫৪ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করা হয়েছে। ফলে ৬০ থেকে ৬৪ বছর বয়সী কিছু মানুষও এসব শর্তের আওতায় পড়তে পারেন। শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের খাদ্য সহায়তা হারানোর ঝুঁকি রয়েছে। এমন পরিস্থিতিতে সীমিত আয়ের প্রবীণদের জন্য বিনামূল্যে ফল ও সবজি বিতরণের মতো উদ্যোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ খাদ্য সরবরাহকারী সংস্থা এনওয়াইসি এজিংয়ের তথ্যানুযায়ী, ২০২৬ অর্থবছরে সংস্থাটি প্রবীণদের জন্য ১ কোটিরও বেশি খাবার পরিবেশন ও সরবরাহ করেছে। পাশাপাশি সিটির ৩০০টির বেশি প্রবীণ নাগরিক কেন্দ্রে নিয়মিত খাবারের ব্যবস্থা করেছে তারা।
প্রবীণদের সামাজিক বিচ্ছিন্নতাও নগরীর একটি বড় উদ্বেগের বিষয়। ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রায় এক-চতুর্থাংশ মানুষ সামাজিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। প্রবীণ নাগরিক কেন্দ্রগুলোতে খাবার গ্রহণের পাশাপাশি পরিচিতজনদের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়।
নভেম্বর ও ডিসেম্বর মাসে পাঁচ বরোর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ফল ও সবজি বিতরণ করা হবে। কর্মসূচির নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান জানতে আগ্রহীদের এনওয়াইসি এজিং বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। এ ছাড়া এজিং কানেক্টের মাধ্যমেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz