শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
পুলিশের বেপরোয়া ‘অজ্ঞাত আসামি’ বাণিজ্য, সর্বত্র টার্গেট প্রবাসীরা

রেমিট্যান্সে কদর, দেশে ফিরলেই হয়রানি

রেমিট্যান্সে কদর, দেশে ফিরলেই হয়রানি

বিজ্ঞাপন
‘আপস না করলে বিমানবন্দরে আটকে দেবে পুলিশ, যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না।’ দেশে বেড়াতে যাওয়া নিউইয়র্কের এক বাংলাদেশি প্রবাসীকে এমনটাই বলা হয়েছিল। দেশে ফেরার প্রায় এক মাস পর তিনি জানতে পারেন, পুরোনো এক ঘটনায় প্রতিবেশীর করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেরার দিন ঘনিয়ে আসছিল। স্থানীয় সালিসে বসে বাদী ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মোটা অঙ্কের টাকা দেওয়ার পর তিনি ফিরতে পেরেছেন ওই প্রবাসী। এ ধরনের ঘটনা বহু প্রবাসীর ক্ষেত্রেই অহরহ ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
নভেম্বরের প্রথম ১৬ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত বছরের একই সময়ের চেয়ে তা ২৬ কোটি ৭০ লাখ ডলার বেশি। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এসেছে ১ হাজার ৩৪৩ কোটি ডলার। প্রবাসীদের পাঠানো অর্থের হিসাব নিয়মিত প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। দেশে ফিরে মামলায় হয়রানি বা টাকা দাবির অভিযোগ করলে কতজন প্রবাসী প্রতিকার পান, সে হিসাব প্রকাশ্যে আসে না।
নাম প্রকাশে অনিচ্ছুক নিউইয়র্কের ওই প্রবাসী জানান, মামলার তথ্য অনলাইনে আছে বলে তাঁকে জানানো হয়েছিল। বিমানবন্দরে তাঁকে আটকানোর কোনো আদেশ ছিল কি না, তা নিশ্চিত হওয়ার আগেই তাঁকে সিদ্ধান্ত নিতে হয়। তাঁর ভাষ্য, আটকে পড়ার ভয়ই তাঁকে টাকা দিতে বাধ্য করেছে। চাপের শুরু নিজ এলাকায়। বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিদেশে ফেরার তাড়াকে কাজে লাগানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়ের হওয়া কয়েকটি মামলায় আসামিদের ফোন করে টাকা চাওয়ার কথা ২০২৪ সালের ডিসেম্বরে জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার এস এম সাজ্জাত আলী। তিনি বলেন, আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়া বা মামলা প্রত্যাহারের কথা বলে কয়েকজন বাদী টাকা চাইছিলেন। পুলিশের কিছু সদস্যও এতে জড়িত বলে জানান তিনি। হয়রানি ও চাঁদাবাজির উদ্দেশ্যে মামলায় নাম জড়ানোর অভিযোগ উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণাতেও।
ঘটনার সময় জড়িত সবার পরিচয় জানা না গেলে তদন্তে তাঁদের শনাক্ত করার প্রয়োজন হয়। পরে কাউকে আসামি করার ভিত্তি কী, সেই প্রশ্নটি এখানেই গুরুত্বপূর্ণ। কারও নাম যুক্ত করার পক্ষে কী সাক্ষ্য বা নথি রয়েছে, তা যাচাইয়ের সুযোগ না থাকলে অজ্ঞাতনামা আসামির তালিকাকে চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা যায়। এতে হয়রানির শিকার ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন ঘটনার ভুক্তভোগীরাও। প্রকৃত অপরাধী শনাক্ত করতে তদন্তে সময় ও মনোযোগ দুটোই দরকার।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনের সময় হতাহতের ঘটনায় দায়ের হওয়া বহু মামলায় নাম উল্লেখ করা ব্যক্তিদের পাশাপাশি অজ্ঞাতনামা আসামিও রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এসব ঘটনায় দায়ের হওয়া ১ হাজার ৮৬২টি মামলার মধ্যে ১৯৯টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। অভিযোগের প্রমাণ না পাওয়ায় ৫৫টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।
ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও মৌলভীবাজার-২ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য এম এম শাহীন ৯ নভেম্বর সোমবার দেশে ফেরেন। এর ছয় দিন পর ১৫ নভেম্বর রাতে কুলাউড়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন উপজেলা বিএনপির সাবেক নেতা মইনুল হক বকুল। 
মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। শাহীনকে নাম উল্লেখ করে এবং আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরের একটি মৃত্যুর ঘটনায় আদালতে এম এম শাহীনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এতে তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
দুই মামলার অভিযোগই তদন্ত ও বিচারসাপেক্ষ। প্রথম মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামী করা হয়েছে। এটিও একটি অসৎ উদ্দেশ্য। অনেকে বলছেন, এটাও এক ধরণের মামলা বাণিজ্য। 
জুলাই আন্দোলন সংক্রান্ত দুটি মামলায় ফেনীতে প্রবাসী নজরুল ইসলাম হাজারীকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর পরিবারের দাবি, এজাহারে উল্লেখ করা ‘রিয়াদ’ অন্য ব্যক্তি। বাবার নামের আংশিক মিলের কারণে নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
তৎকালীন র‌্যাবের (বর্তমানে এসআরবি) ফেনী ক্যাম্পের অধিনায়ক সাংবাদিকদের বলেন, বাদী ও পুলিশ গ্রেপ্তার ব্যক্তিকেই এজাহারের আসামি হিসেবে শনাক্ত করেছিলেন। পরিচয় নিয়ে পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে এই বিরোধের মধ্যেই নজরুলকে কারাগারে পাঠানো হয়।
স্বল্প সময়ের জন্য দেশে আসা কোনো প্রবাসী মামলায় নিজের নাম শুনলে প্রথমেই জানতে চান, মামলাটি কোন থানা বা আদালতে, এজাহারে তাঁর নাম আছে কি না, পরে তাঁকে আসামি করা হয়েছে কি না এবং বিদেশযাত্রায় কোনো কার্যকর নিষেধাজ্ঞা রয়েছে কি না। ফেরার ফ্লাইট সামনে থাকলে এসব তথ্য যাচাই, আইনজীবীর পরামর্শ নেওয়া ও আদালতের শরণাপন্ন হওয়ার সময় কমে আসে। নির্ধারিত সময়ে ফিরতে না পারার প্রভাব পড়ে চাকরি, ব্যবসা ও পরিবারের ওপর। আবার ভয় পেয়ে সালিসে টাকা দিলেও মামলার অবস্থা নিয়ে অনিশ্চয়তা থেকে যায়।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কাছে প্রবাসীদের প্রশ্ন, বিদেশযাত্রায় বাধার হুমকি পেলে একজন প্রবাসী কোথায় দ্রুত তথ্য যাচাই করবেন? স্থানীয় থানার কোনো সদস্যের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ উঠলে থানার বাইরে কোন দপ্তর তা গ্রহণ ও তদন্ত করবে? ভুল পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগে কত দিনের মধ্যে জবাব মিলবে, আর অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে?
প্রবাসীর পাঠানো ডলার কত দিনে কত এল, তার হিসাব আছে। দেশে ফিরে সেই প্রবাসী হয়রানির অভিযোগ করলে তা কোথায় নথিভুক্ত হবে এবং কত দিনে তিনি জবাব পাবেন, সেই হিসাবও প্রকাশ করা দরকার। 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz