শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

কোভিড, ফ্লু ও আরএসভি থেকে বাঁচতে টিকা নিন : স্বাস্থ্য কমিশনার

কোভিড, ফ্লু ও আরএসভি থেকে বাঁচতে টিকা নিন : স্বাস্থ্য কমিশনার

বিজ্ঞাপন
শরৎ ও শীত মৌসুমে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাসের (আরএসভি) সংক্রমণ বাড়ে। এসব রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার অ্যালিস্টার এফ. মার্টিন। তিনি বলেন, এসব ভাইরাসে আক্রান্ত হলে অনেকের জ্বর, ক্লান্তি ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। কারও কারও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে, শিশুদের হাসপাতালে ভর্তির অন্যতম প্রধান কারণ আরএসভি। নিউইয়র্কে প্রতিবছর ফ্লু ও নিউমোনিয়ায় প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার মানুষের মৃত্যু হয়।
স্বাস্থ্য কমিশনার ৬ মাস বা তার বেশি বয়সী সবাইকে প্রতিবছর ফ্লুর টিকা এবং অধিকাংশ নিউইয়র্কবাসীকে হালনাগাদ কোভিড-১৯ টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য টিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর্মী ও জনসমাগমপূর্ণ পরিবেশে কাজ করা ব্যক্তিদেরও টিকা নেওয়া উচিত।
আরএসভি প্রতিরোধে ৭৫ বছর বা তার বেশি বয়সীদের এবং ৫০ থেকে ৭৪ বছর বয়সী উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নবজাতককে সুরক্ষায় গর্ভাবস্থায় মায়ের টিকা গ্রহণ অথবা জন্মের পর শিশুকে সুরক্ষামূলক অ্যান্টিবডি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্টিন বলেন, নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য বিভাগ শ্বাসতন্ত্রের ভাইরাসের টিকাদানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসা ও জনস্বাস্থ্যবিষয়ক পেশাজীবী সংগঠনের সুপারিশ সমর্থন করেছে। তিনি জানান, কোভিড-১৯, ফ্লু ও আরএসভির টিকা একই সময়ে নেওয়া সম্ভব, যদি সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য হন। শহরের বিভিন্ন ফার্মেসি ও স্বাস্থ্যকেন্দ্রে এসব টিকা পাওয়া যাচ্ছে। মেডিকেয়ার, নিউইয়র্ক স্টেট মেডিকেইডসহ বিভিন্ন স্বাস্থ্যবিমায় টিকার খরচ অন্তর্ভুক্ত। বিমা না থাকলেও বিনামূল্যে টিকা নেওয়ার সুযোগ রয়েছে। নিকটবর্তী টিকাকেন্দ্রের তথ্য জানতে ৩১১ নম্বরে কল করা যাবে।
থ্যাঙ্কসগিভিংসহ বিভিন্ন উৎসব ও বড় সমাবেশের অন্তত দুই সপ্তাহ আগে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, যাতে শরীরে রোগ প্রতিরোধক্ষমতা গড়ে ওঠার সময় পাওয়া যায়। টিকার পাশাপাশি অসুস্থ হলে ঘরে থাকা, কাশি ও হাঁচির সময় মুখ ঢেকে রাখা, নিয়মিত হাত ধোয়া এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জনাকীর্ণ স্থানে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এন৯৫, কেএন৯৫ কিংবা কেএফ৯৪ মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে।
কোভিড-১৯ বা ফ্লুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য কমিশনার বলেন, এসব রোগের চিকিৎসা রয়েছে এবং দ্রুত শুরু করলে তা বেশি কার্যকর হয়।
নিজের, পরিবারের সদস্যদের এবং সামগ্রিক জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz