বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে  নিউইয়র্কে বিক্ষোভ

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে  নিউইয়র্কে বিক্ষোভ

বিজ্ঞাপন
ঠিকানা রিপোর্ট : বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মদদে অসহায় মানুষদের প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ শেষে পুড়িয়ে দেয়া, নারীদের পাশবিক অত্যাচারের অভিযোগ এনে এই পরিস্থিতির অবসানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা একটি বিক্ষোভ-সমাবেশ করেছেন। 
এ সমাবেশে নড়াইলে বিএনপি-জামাত-এনসিপির লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রচন্ড ক্ষব্ধচিত্তে উল্লেখ করেন, সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণকারী তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনায় সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পুলিশ পাহারায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করা হচ্ছে। মা-বোনদের সম্ভ্রম কেড়ে নেয়ার ঘটনা ঘটছে প্রকাশ্যে। 
তিনি বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করে মূলতঃ আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের নিরাপদ আস্থানা হিসেবে পরিণত করার নীল নক্শার বাস্তবায়ন ঘটানো হচ্ছে। এহেন পরিস্থিতির অবসানে আমরা মার্কিন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির আলোকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিঞা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, সেক্রেটারি অ্যাডভোকেট মিয়া জাকির, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল ও সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ শাহনাজ প্রমুখ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) : বাংলাদেশে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্বাঞ্চল শাখা। গত ২২ নভেম্বর রোববার সন্ধ্যায় ডাইভারসিটি প্লাজায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ড. প্রদীপ রঞ্জন কর।
বক্তারা নড়াইলের কালিয়ায় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানান। তাঁদের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁরা ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
এখানে উল্লেখ্য, গত ২০ নভেম্বর শুক্রবার কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জেরে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী এবং বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz