ঠিকানা রিপোর্ট : সাতজনের পরিবার নিয়ে মেসিজের থ্যাংকসগিভিং প্যারেড দেখতে চান কেরি বি। রাস্তার ধারে ভালো জায়গা পেতে নিজে ভোর থেকে দাঁড়িয়ে থাকার বদলে তিনি অন্য কাউকে দিয়ে জায়গা ধরে রাখতে ৭৫০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ২৬ নভেম্বর বৃহস্পতিবার ম্যানহাটনে বসবে মেসিজের প্যারেডের শততম আসর। ভালো জায়গা পাওয়ার এমন তোড়জোড়ের মধ্যেই আবহাওয়ার পূর্বাভাসে এসেছে বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, মাসের শুরুতে অনলাইন সেবার প্ল্যাটফর্ম এয়ারটাস্কারে বিজ্ঞাপন দেন কেরি বি। তাঁর পরিবারের জন্য প্যারেড দেখার জায়গা ধরে রাখার কাজটি পেতে এক ডজনের বেশি ব্যক্তি আগ্রহ দেখিয়েছেন। আরেক দর্শক, টমি বি, ভোর সাড়ে ৪টা থেকে তাঁর পরিবারের জন্য জায়গা ধরে রাখতে ১৫০ থেকে ২০০ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সকাল পৌনে ৮টা থেকে ৮টার মধ্যে স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছানোর কথা জানিয়েছেন তিনি। প্যারেডের পথে জনসাধারণের জন্য নির্ধারিত জায়গা থেকে বিনা মূল্যেই শোভাযাত্রা দেখা যায়। বিজ্ঞাপনগুলোতে টাকা দেওয়ার প্রস্তাব এসেছে আগেভাগে গিয়ে সেই জায়গা ধরে রাখার জন্য।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শোভাযাত্রা শুরু হওয়ার কথা। সেন্ট্রাল পার্ক ওয়েস্ট ও সিক্সথ অ্যাভিনিউ হয়ে প্রায় আড়াই মাইল পথ পেরিয়ে প্যারেড শেষ হবে ৩৪তম স্ট্রিটে হেরাল্ড স্কয়ারের মেসিজ স্টোরের সামনে। আয়োজকের ঘোষণায় এবার রেকর্ড ১০০টি বেলুন ও অন্যান্য ফোলানো প্রদর্শনীসামগ্রী, সাজানো ফ্লোট ও মার্চিং ব্যান্ড থাকছে। স্বেচ্ছাসেবক ও পরিবেশক মিলিয়ে অংশ নেবেন ১১ হাজারের বেশি মানুষ। হেরাল্ড স্কয়ারে সংগীত পরিবেশন করবেন মেগান মোরোনি ও টেডি সুইমস। সান্তা ক্লজের আগমনের মধ্য দিয়ে শেষ হবে প্যারেড
মেসিজের কর্মী ও তাঁদের পরিবার-বন্ধুদের উদ্যোগে ১৯২৪ সালে প্রথম এই প্যারেড বের হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন বছর বিরতির পর আবার শুরু হয় আয়োজন। এবার মূল শোভাযাত্রার আগের দিন, বুধবার, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির বাইরে দর্শকেরা বেলুন ফোলানোর প্রস্তুতি দেখতে পারবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্যারেড সরাসরি সম্প্রচার করবে এনবিসি ও টেলেমুন্ডো। অনলাইনে দেখা যাবে পিককে।
উপকূলীয় ঝড়ের প্রভাবে বৃহস্পতিবার নিউইয়র্কে বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে বলে ২৩ নভেম্বরের পূর্বাভাসে জানিয়েছে অ্যাকুওয়েদার। বাতাসের গতি ঘণ্টায় ২৫ মাইল এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩৫ মাইল পর্যন্ত উঠতে পারে।
এনবিসি নিউইয়র্কের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩৪ মাইলে পৌঁছালে নিরাপত্তার কারণে প্যারেডের বিশাল বেলুনগুলো ওড়ানো বন্ধ রাখা হতে পারে। ঝড়ের গতিপথ ও সময় বদলালে বৃহস্পতিবার সকালের পরিস্থিতিও পাল্টাতে পারে।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে থ্যাংকসগিভিংয়ের আনন্দের বড় অংশ ঘরোয়া দাওয়াতে। কাজের ব্যস্ততায় যাঁদের সঙ্গে দেখা হয়ে ওঠে না, ছুটির দিনে তাঁদের নিয়ে বসে খাওয়াদাওয়া আর আড্ডা। কোনো বাড়িতে দেশি মসলায় মাখানো টার্কি ওঠে টেবিলে, সঙ্গে পোলাও কিংবা কাবাব। কোথাও বন্ধুদের মধ্যে রান্নার দায়িত্ব ভাগ হয়, একেকজন নিয়ে আসেন একেক পদ। খাওয়ার পর চা হাতে গল্প চলে রাত পর্যন্ত। আমেরিকার এই ছুটিতে টার্কি ভোজের সঙ্গে বাঙালি দাওয়াতের মেজাজ মিশে তৈরি হয়েছে অন্যরকম এক উৎসব।
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উপলক্ষে সাধারণত প্রায় ৪ কোটি ৬০ লাখ টার্কি খাওয়া হয় বলে একটি বহুল ব্যবহৃত আনুমানিক হিসাব রয়েছে। এ বছরের জন্য ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান ফাইন্ডারের প্রাক্কলন, থ্যাংকসগিভিংয়ের টার্কি কিনতে মার্কিন ভোক্তাদের ব্যয় হতে পারে প্রায় ১৩৫ কোটি ডলার। প্রতিষ্ঠানটি টার্কির সম্ভাব্য খুচরা মূল্য ও উৎসবের আনুমানিক চাহিদার ভিত্তিতে এ হিসাব করেছে।
থ্যাংকসগিভিংয়ের ইতিহাসে সবচেয়ে পরিচিত ঘটনাটি ১৬২১ সালের। বর্তমান ম্যাসাচুসেটসের প্লিমথে সে বছর ভালো ফসল ওঠার পর ইংরেজ বসতি স্থাপনকারী ও স্থানীয় আদিবাসী ওয়াম্পানোগ জনগোষ্ঠীর সদস্যরা এক ভোজে অংশ নেন। অনেক পরে সেই আয়োজন ‘প্রথম থ্যাংকসগিভিং’ নামে পরিচিতি পায়।
১৭৮৯ সালে প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ২৬ নভেম্বরকে কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে পালনের আহ্বান জানান। গৃহযুদ্ধের সময় ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরের শেষ বৃহস্পতিবার দেশজুড়ে থ্যাংকসগিভিং পালনের ঘোষণা দেন। পরে ১৯৪১ সালে কংগ্রেস নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে হিসেবে নির্ধারণ করে। সেই নিয়মেই এ বছর ছুটিটি পড়েছে ২৬ নভেম্বর।