কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচন ও বর্তমান বিএনপি সরকার—এগুলোকে অবৈধ, অগণতান্ত্রিক আখ্যা দেন। তবে পাসপোর্টের জন্য আবেদন করে শেখ হাসিনা বিএনপি সরকারকে একভাবে বৈধতা দিলেন, মেনে নিলেন। এটা একদিক দিয়ে ইতিবাচক বিষয়। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন, তখন তাঁর পাসপোর্ট লাগেনি। সে ক্ষেত্রে দেশে আসতে পাসপোর্ট লাগবে কেন? এটি ছাড়াও নানা পন্থায় তিনি দেশে ফিরতে পারেন।
‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া ঠিক হবে না। এটি পেলে তিনি বেলারুশ, ইসরায়েল—এমন কোথাও চলে যেতে পারেন। এটি আমার ব্যক্তিগত মতামত। তাঁকে শুধু ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া যেতে পারে,’ যোগ করেন মজিবুর রহমান মঞ্জু।
৯ নভেম্বর সোমবারের এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। বিষয়টি ধরে এই পর্বের টকশোর আলোচনা শুরু হয়। সঞ্চালকের প্রশ্নের জবাবে নিজ নিজ অবস্থান জানান দুই অতিথি।
আইনের দৃষ্টিতে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এ অবস্থায় তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদন করা অবান্তর বিষয় বলে মনে করেন বিএনপির সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি আরও বলেন, ‘ভারতকে আগে স্পষ্ট করতে হবে, শেখ হাসিনা সেখানে তাদের আশ্রয়ে আছেন, নাকি বন্দী আছেন। আমাদের সোজা কথা, ভারতের উচিত বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণ করা।’
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে সম্প্রতি আন্দোলনে শামিল হয়েছেন পোশাকশ্রমিকেরা। বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন দমনে লাঠিসোঁটা নিয়ে মাঠে নামছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ থাকার পরেও বিএনপির নেতা-কর্মীরা কেন নামছেন? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ঠিকানার টকশোতে বলেন, ‘শ্রমিকদের দাবির সঙ্গে সরকার সম্পূর্ণ একমত। তাই দ্রুতই ন্যায্য বেতন নিশ্চিত করতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবে এই আন্দোলনের ভেতর পরাজিত আওয়ামী লীগ ঢুকে গেছে। তাদের চিহ্নিত করতে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বিএনপির নেতা-কর্মীরা গিয়েছিলেন। তারা জনগণ হিসেবে মূলত পুলিশকে তথ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন।’
স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে। এ ক্ষেত্রে ১১ দলীয় ঐক্য শেষ হতে চলেছে কি না, জানতে চাইলে এই জোটের নেতা ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঠিকানার টকশোতে বলেন, ‘আমাদের ঐক্য হয়েছিল জাতীয় নির্বাচন ঘিরে। কিন্তু বিএনপি সরকারে আসার পরপরই জুলাই সনদ ও গণভোট হুমকির মুখে পড়ে। সেই কারণে ১১ দলীয় ঐক্য বহাল রাখা হয়। বিএনপি যদি এ দুটো বাস্তবায়ন করে, তাহলে আমাদের ঐক্যের প্রয়োজন হবে না।’
‘স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ও এনসিপি আলাদা প্রার্থী দিচ্ছে, তাই আমরাও নিজেদের প্রার্থী ঘোষণা করছি। ১১ দলের কেউ স্থানীয় নির্বাচন ঐক্যবদ্ধ হয়ে করার পক্ষে নয়। এ ছাড়া জোটবদ্ধ রাজনীতি ও নির্বাচন বিকাশমান দলগুলোর জন্য ভালো ফল দেয় না। কারণ, বাস্তবতা মেনে বড় দলগুলোর নেতৃত্বেই সবকিছু করতে হয়,’ যোগ করেন তিনি।