শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির ‘টানাটানি’, সমালোচনায় হান্নান মাসউদ

তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির ‘টানাটানি’, সমালোচনায় হান্নান মাসউদ

ছবি ঠিকানা

বিজ্ঞাপন
বিএনপি সরকারে আসার পর গণভোটের রায় মানছে না, মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ। তাঁর অভিযোগ, জুলাই সনদ উপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনাচিন্তার কথা বলা হচ্ছে। আগে থেকেই নির্ধারিত একটি প্রক্রিয়া নিয়ে দলটি আবার টানাটানি করতে চাইছে। এর পরিণতি ভালো হবে না বলেও বিএনপিকে সতর্ক করেন তিনি।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে হান্নান মাসউদ আরও বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর ক্ষমতায় এসে বিএনপি উপনির্বাচনে কারচুপি করেছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেও দলটি সফল হয়নি। ২০০৬ সালে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার উদ্যোগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বিতর্কিত করা হয়। অতীতের মতো এবারও বিএনপি ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

২৯ অক্টোবর বৃহস্পতিবারের এই টকশোতে অতিথি হিসেবে আরও ছিলেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য ও বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। নিউইয়র্ক সময় বেলা ১২টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ ইউটিউব চ্যানেলে। দেশের সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দুই অতিথি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনাচিন্তার প্রসঙ্গও আলোচনায় আসে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল নিয়ে আপিল বিভাগের রায়ের পর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনেও এই ব্যবস্থা কার্যকর হবে কি না, সে প্রশ্ন উঠছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবুল কালাম আজাদ সিদ্দিকী ঠিকানাকে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পক্ষে নয় বিএনপি। বরং এই ব্যবস্থাকে আরও টেকসই, কার্যকর ও দীর্ঘমেয়াদি করতে চায় আমাদের দল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সঠিক রূপরেখা নিশ্চিত করতে হবে, যাতে এটি যথাযথভাবে কার্যকর হয় এবং ধারাবাহিকতা বজায় থাকে।’

তিনি আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার কতটা হস্তক্ষেপ করে, তা থেকে সরকারের সদিচ্ছার পরিচয় পাওয়া যাবে। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিএনপি সরকার দেশবাসীর কাছে পরিচ্ছন্ন থাকবে।

এদিকে নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ ঘটনায় স্থানীয়ভাবে সংসদ সদস্যের দুই ছেলের বিরোধের প্রসঙ্গও আলোচনায় এসেছে। এ বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। কারণ, এমন ঘটনা অন্য সংসদ সদস্যদের নিয়েও মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। তাই এমন ঘটনা কাম্য নয়। অবশ্যই সুষ্ঠু বিচার হতে হবে।’ তবে ছাত্রদল নেতা হত্যার ঘটনায় সংসদ সদস্যের ছেলেকে রিমান্ডে নেওয়ার বিষয়টিকে তিনি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মনে করেন।

সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা সাথী আক্তার বিএনপির সমালোচনা করেছেন, এমন ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা তাকে পুলিশে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এর সমালোচনা করে আব্দুল হান্নান মাসউদ বলেন, সাথী আক্তার বিএনপিকে ভোট দিয়ে নিরাপত্তা পাবেন বলে আশা করেছিলেন। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। তাঁর বক্তব্য বিএনপি নেতা-কর্মীদের ইগোতে আঘাত করেছে বলে মন্তব্য করেন তিনি। এনসিপি নেতা হান্নান মাসউদ অভিযোগ করেন, নেতাকর্মীরা ওই নারী উদ্যোক্তাকে ঘেরাও করতে যান। পরে পুলিশ তাঁকে নিয়ে যায়। এরপর তাঁকে কারাগারেও পাঠানো হয়।

বিএনপি-প্রধান সমালোচনা গ্রহণের কথা বলেছিলেন উল্লেখ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগে দেওয়া বক্তব্যের সঙ্গে বর্তমান কর্মকাণ্ডের মিল নেই।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz