ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করার সুপারিশ করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ পর্যালোচনা করে এ সুপারিশ করেছে সংস্থা দুটি।
ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে গত ২৪ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন পর্যালোচনায় বেশ কিছু আইনি অসংগতি ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও এর শিকার মেয়েদের বিয়ে বাতিলের সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই। বরং আইনের ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে।
এ বিধান অনুযায়ী, বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
আইন পর্যালোচনায় জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিষ্ক্রিয়তা এবং এ ধরনের ঘটনায় সীমিতসংখ্যক মামলা দায়েরের বিষয়গুলোও উঠে এসেছে।
এসব সমস্যা সমাধানে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশে আইনের ১৯ ধারা বাতিল, ছেলে ও মেয়ে উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ এবং বাল্যবিবাহ শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার বিধান রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া শিশুদের অপরাধের দায় থেকে অব্যাহতি, অভিযোগ দায়েরের সময়সীমা ছয় বছর করা এবং বাল্যবিবাহের মামলা পরিচালনায় আদালত ও ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ার স্পষ্ট করার সুপারিশ করেছে সংস্থা দুটি।
তবে এ বিষয়ে সরকারের আগ্রহ নেই বলে জানা গেছে। নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনও ছেলেদের বিয়ের বয়স কমানোর বিপক্ষে অবস্থান জানিয়েছেন।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় মন্ত্রী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে রোববার (২৯ নভেম্বর) তিনি গণমাধ্যম বলেন, ‘ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা ঠিক হবে না।’
তবে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার পক্ষে যুক্তিও তুলে ধরেছে সংস্থা ইউএনএফপিএ ও ইউনিসেফ। তাদের মতে, ছেলে ও মেয়ের বিয়ের বয়সের এই বৈষম্য আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের অভ্যন্তরীণ আইনব্যবস্থায়ও এ কারণে অসংগতি তৈরি হচ্ছে। যেমন বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী, ১৮ বছর বয়সী একজন নারী যদি ২০ বছর বয়সী একজন পুরুষকে বিয়ে করেন, তাহলে ওই অপ্রাপ্তবয়স্ক পুরুষকে বিয়ের জন্য নারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।
বাল্যবিবাহ নিরোধ আইনের ৭ ধারায় বলা হয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষ অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। অর্থদণ্ড অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধানও রয়েছে।
এ ছাড়া ১৮ বছর বয়সী একজন পুরুষ ১৮৭৫ সালের সাবালকত্ব আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক। তিনি ভোট দিতে পারেন এবং চুক্তি করতে পারেন। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বিয়ের ক্ষেত্রে তাকে ২১ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংস্থা দুটির মতে, এ অবস্থান আইনি অসংগতি তৈরি করছে।
এদিকে বাল্যবিবাহ নিরোধে জাতীয় কর্মপরিকল্পনা পুনর্বিন্যাস নিয়ে রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য তুলে ধরে জানানো হয়, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ২০১৯ সালে এ হার ছিল ৫১ শতাংশ। এ ছাড়া ১৩ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই। অনুষ্ঠানে বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা পুনর্বিবেচনা এবং আইনি ফাঁকফোকর বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়।