ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় বাতিল করা হয়েছে। এতে ফ্লাইটের প্রায় ৪২০ জন যাত্রী বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ইউএস-বাংলার ‘বিএস-৩৬১’ ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। বিমানবন্দর ও এয়ারলাইন্স সূত্র জানায়, এয়ারবাস এ৩৩০ মডেলের উড়োজাহাজটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।
পরে বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে উড়োজাহাজের চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় জরুরি বহির্গমন পথ ও ইমার্জেন্সি স্লাইড ব্যবহার করে যাত্রীদের উড়োজাহাজ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তাদের বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা কিংবা ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। চাকার সঙ্গে রানওয়ের ঘর্ষণের কারণেই ধোঁয়া দেখা গিয়েছিল। নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে পার্কিং এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন। তবে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ার বিষয়টি উড়োজাহাজটির কারিগরি নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ২১১ (BS211)নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে ৫১ জন নিহত হন।