১২ জন অতিরিক্ত সচিব এবং চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওএসডি অতিরিক্ত সচিব মো. মেহেদী হাসান, এ কে এম টিপু সুলতান, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. সাবিরুল ইসলাম, গৌতম চন্দ্র পালকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহির রায়হান, হুমায়রা সুলতানা, মো. মাহমুদুল হাসান, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, আবু আহমদ ছিদ্দীকী, নুরুন আখতার, মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এ ছাড়া ওএসডি যুগ্ম সচিব নিরোদ চন্দ্র মন্ডল, মনিরা বেগম, আল মামুন মুর্শেদ ও মোহাম্মদ নুরুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
কেন এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ বিষয়ে বলেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।