দুঃস্বপ্নের লাইট-পোস্টে,
নিষিদ্ধ আয়োজনের নিয়ন জ্বলে
শুধু রাতের বুভুক্ষু পোকাদের
প্রাগৈতিহাসিক সুখ দেওয়ার জন্য।
নিচে রাস্তার কুকুরের সান্নিধ্যে
ছিন্নমূল মানুষের সুখনিদ্রার
প্রাণান্তিক প্রতিযোগিতার আসরে
স্বপ্নরা পাখা মেলে ওড়াউড়ি করে
কোথাও কিন্তু বসে না।
অন্ধকারে নিমজ্জিত
জীবিতদের হৃৎস্পন্দন খুঁজে
পার করে দেয় পুরো রাত।
দুর্গন্ধময় ডাস্টবিন
একযোগে ছড়িয়ে যায়
বিছানো রাজপথকে সম্বল করে;
জীবিত প্রাণীদের স্বপ্নের ঘোর
সারা রাত নকশিকাঁথা বোনে।
রাতের পোকা, ছিন্নমূল মানুষ
আর রাস্তার কুকুর,
দুর্যোগে ওরা মরে না।
আর তাই স্বপ্নরা অনায়াসেই
নকশিকাঁথার আলপনায়
নিজেদের বিছিয়ে দেয়
স্বপ্নময় রাতের আঁধারে।
বৈরিতার স্পর্শ নিয়ে অনশনরত
রাস্তার কুকুর, ছিন্নমূল মানুষ
তাকিয়ে দেখে, ভুতুড়ে লাইট-পোস্টে
ঝুলে আছে আস্ত অবৈধ রঙিন স্বপ্নময় রাত।




