বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

আমাকে তো তাহারাই বানিয়েছে ঘুষখোর!

মামুন জামিল | প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৬:২৮
আমাকে তো তাহারাই বানিয়েছে ঘুষখোর!
বিজ্ঞাপন
কাঁচা হউক, পাকা হউক, কিংবা হউক শক্ত
দেখে শুনে বুঝে খাই, খাদক আমি পোক্ত!
লোকে ডাকে ঘুষখোর, আমি নাকি ঘুষ খাই
কত কিছু খায় লোকে কারও তাতে হুঁশ নাই!
আমাকেই দেখে সবে ‘ট্রিট’ করে তস্কর
নিউজ করে ‘ভাইরাল’ নিয়ে লোক-লস্কর!
ঘুষ হলো স্পিডমানি কার্যের গতিতে
কাজে লাগে থামে না দাঁড়ি, কমা, যতিতে!
চাঁদাবাজ নই আমি স্বার্থের তরে লোক
অর্থের ক্ষমতায় উদ্ধারে পায় সুখ!
তাহারাই পরিশেষে দেখি মোরে ঘেন্নায়
একবার ভাবে না তো তাহাদের অন্যায়!
ঘুষ খাই ঠিক আছে, কে শেখাল খাওয়াটা?
নিয়ম ভেঙে তাহাদের অন্যায় চাওয়াটা!
ঘুষদাতা লোকই বেশি ধনেজনে ভুঁইফোড়
আমাকে তো তাহারাই বানিয়েছে ঘুষখোর!
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz