শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
বিক্রি হচ্ছে নাইচার ৯১ বাড়ি

মালিক হওয়ার সুযোগ ভাড়াটিয়াদের

মালিক হওয়ার সুযোগ ভাড়াটিয়াদের

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটির পাবলিক হাউজিংয়ের বাসিন্দাদের বাড়ির মালিক হওয়ার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিয়েছে মেয়র জোহরান মামদানি প্রশাসন ও নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (নাইচা)। এ কর্মসূচির আওতায় কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে অবস্থিত ৯১টি বাড়ি সংস্কার করে যোগ্য বর্তমান বাসিন্দাদের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
১৯ নভেম্বর মেয়র জোহরান মামদানি, হাউজিং ও প্ল্যানিং-বিষয়ক ডেপুটি মেয়র লেইলা বোজর্গ এবং নাইচার প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা বোভা-হিয়াট এ উদ্যোগের ঘোষণা দেন।
কর্মসূচির আওতায় রয়েছে ৭৫টি এক পরিবারের, ১১টি দুই পরিবারের, তিনটি তিন পরিবারের এবং দুটি চার পরিবারের বাড়ি। অধিকাংশ বাড়ি কুইন্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। পাশাপাশি ব্রুকলিন ও ব্রঙ্কসেও কয়েকটি বাড়ি রয়েছে।
নাইচা জানিয়েছে, বাড়িগুলো সংস্কার এবং বিক্রির প্রক্রিয়া পরিচালনার জন্য অভিজ্ঞ অংশীদার প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলো সংস্কারকাজের পাশাপাশি যোগ্য বাসিন্দাদের বাড়ি কেনার প্রক্রিয়ায় সহায়তা করবে।
এ উদ্যোগে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের (হাড) সেকশন ৩২ কর্মসূচি ব্যবহার করবে নাইচা। এর মাধ্যমে যোগ্য পাবলিক হাউজিং বাসিন্দাদের নিজেদের বসবাসের বাড়ি কেনার সুযোগ দেওয়া হবে এবং আবাসনগুলো সাশ্রয়ী মূল্যে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। তবে সব বাসিন্দা বাড়ি কেনার যোগ্য হবেন না। আয় ও অন্যান্য শর্ত পূরণকারীরাই কেনার সুযোগ পাবেন। যেসব পরিবারের পক্ষে বাড়ি কেনা সম্ভব হবে না, তাদের জন্য বিকল্প আবাসন-ব্যবস্থা রাখা হবে। এর মধ্যে কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট মডেলও রয়েছে। ফলে বাড়ি কেনার সামর্থ্য না থাকলেও বাসিন্দারা সেখানে বসবাস অব্যাহত রাখতে পারবেন।
মেয়র মামদানি বলেন, বাড়ির মালিকানা শুধু ধনী মানুষের অধিকার হওয়া উচিত নয়। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস ও জীবন গড়ে তোলা সাধারণ পরিবারগুলোর কাছেও এ সুযোগ পৌঁছে দেওয়া প্রয়োজন।
নাইচার প্রধান নির্বাহী কর্মকর্তা লিসা বোভা-হিয়াট বলেন, বাড়িগুলোর প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মালিকানার সুযোগ তৈরি করা হবে।
উল্লেখ্য, ১৯৬৯ থেকে ১৯৮২ সালের মধ্যে হাড ৭০০টিরও বেশি বাড়ি নাইচার কাছে হস্তান্তর করেছিল। বর্তমান ৯১টি বাড়ি সেই সম্পত্তিগুলোর সর্বশেষ অবশিষ্ট অংশ। নাইচার তথ্য অনুযায়ী, আগ্রহী অংশীদার প্রতিষ্ঠানগুলোর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ নভেম্বর ২০২৬। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০২৭। আগামী ৮ ডিসেম্বর একটি ভার্চুয়াল প্রাক-আবেদন সম্মেলনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিটি বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে নাইচার বাড়িতে বসবাসকারী যোগ্য পরিবারগুলোর ভাড়াটিয়া থেকে বাড়ির মালিক হওয়ার নতুন পথ তৈরি হবে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz