শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
৫ বছরে ৭০৯টি বাড়ি বিক্রি

বাফেলোতে রিয়েলটর নাজমুলের সাফল্য

বাফেলোতে রিয়েলটর নাজমুলের সাফল্য

নাজমুল হোসেন।

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো ও ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে আবাসন ব্যবসায় সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের নাজমুল হোসেন। মাত্র পাঁচ বছরে তাঁর নেতৃত্বাধীন ১২ সদস্যের টিম ৭০৯টি বাড়ি বিক্রিতে সহযোগিতা করেছে। এসব বাড়ির ক্রেতার মধ্যে মাত্র একজন পারিবারিক কারণে নিউইয়র্ক সিটিতে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বাকি ৭০৮ জন বাফেলো ও আশপাশের এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন বলে জানান নাজমুল।
গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহের মধ্য দিয়ে বাফেলোতে তাঁর কর্মজীবন শুরু। সেখান থেকে রিয়েল এস্টেট ব্যবসায় যুক্ত হওয়া, প্রয়োজনীয় লাইসেন্স অর্জন এবং বর্তমানে একটি সফল টিমের নেতৃত্ব দেওয়া—তাঁর এই পথচলা বেশ অনুপ্রেরণামূলক।
নাজমুলের মতে, নিউইয়র্ক সিটিতে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বেশি হলেও বাড়িভাড়া, পরিবহন, খাবার, পার্কিংসহ জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি। ফলে ভালো আয় করেও অনেক পরিবার পর্যাপ্ত সঞ্চয় করতে পারে না। অন্যদিকে বাফেলো ও আশপাশের কাউন্টিগুলোতে বাড়ির দাম এবং দৈনন্দিন ব্যয় তুলনামূলক কম। এতে নিজেদের বাড়ির মালিক হওয়া, অর্থ সঞ্চয় এবং পরিবারকে সময় দেওয়ার সুযোগ বাড়ে। তিনি বলেন, জীবনের সাফল্য শুধু আয়ের পরিমাণ দিয়ে বিচার করা উচিত নয়। আয়ের কতটুকু সঞ্চয় হচ্ছে, পরিবারের জন্য কতটা সময় থাকছে এবং জীবন কতটা স্বস্তিদায়ক হচ্ছে, সেগুলোও গুরুত্বপূর্ণ।
বাফেলোতে শীত ও তুষারপাত বেশি হলেও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সহজেই মানিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ অঞ্চলে চাকরি, ব্যবসা, রাইডশেয়ার ও ডেলিভারি খাতেও কাজের সুযোগ রয়েছে।
বাংলাদেশি ও মুসলিম পরিবারগুলোর জন্য বাফেলোর ধর্মীয় ও সামাজিক পরিবেশকে ইতিবাচক হিসেবে দেখেন নাজমুল। তাঁর তথ্য অনুযায়ী, বাফেলো ও আশপাশে প্রায় ৬৫টি মসজিদ রয়েছে। পাশাপাশি শিশুদের কোরআন ও আরবি শিক্ষার বিভিন্ন সুযোগ এবং ভালো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে।
প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সহায়তা কর্মসূচি রয়েছে। যোগ্যতা অনুযায়ী এসব কর্মসূচির মাধ্যমে বাড়ি কেনার আর্থিক সহায়তা পাওয়া যেতে পারে। তবে বাড়ি কেনার আগে সম্পত্তি কর, বিমা, ইউটিলিটি বিল, রক্ষণাবেক্ষণ, মর্টগেজসহ সব ব্যয় হিসাব করার পরামর্শ দেন তিনি।
বাফেলোতে নিজের বসবাসের জন্য বাড়ি কেনার পাশাপাশি ভাড়ার উদ্দেশ্যে বিনিয়োগেরও সুযোগ রয়েছে। অনেক বিনিয়োগকারীর একাধিক বাড়ি রয়েছে। কেউ ৫-১০টি, কেউ ৪০-৫০টি, এমনকি কারও মালিকানায় শতাধিক বাড়িও রয়েছে বলে জানান নাজমুল। এ ছাড়া পুরোনো বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করার ‘ফিক্স অ্যান্ড ফ্লিপ’ ব্যবসা এবং নিলামের মাধ্যমে সম্পত্তি কেনার ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। তবে এসব বিনিয়োগের আগে বাড়ির অবস্থা, সংস্কার ব্যয়, আইনি জটিলতা ও সম্ভাব্য বিক্রয়মূল্য যাচাই করা জরুরি।
মুসলিম ক্রেতাদের জন্য ইসলামিক ফাইন্যান্সের বিকল্প অর্থায়ন সম্পর্কেও সহযোগিতা করেন তিনি। প্রচলিত সুদভিত্তিক মর্টগেজের পরিবর্তে শরিয়াহসম্মত পদ্ধতিতে বাড়ি কেনার সম্ভাব্য পথ খুঁজে দিতে আগ্রহী নাজমুল।
২০১৭ সালে প্রথম বাফেলোতে গেলেও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা ছিল না নাজমুলের। কোভিড-১৯ মহামারির পর ২০২০ সালে পারিবারিক ও আর্থিক বাস্তবতায় সেখানে চলে যান। নিউইয়র্ক সিটিতে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের ও সন্তানের অস্ত্রোপচারের কারণে কয়েক মাস বিশ্রামে থাকতে হবে—এমন পরিস্থিতিতে ব্যয়বহুল শহরে বসবাস নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তখন কম খরচে জীবনযাপনের আশায় বাফেলোতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
সিলেট থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করা নাজমুলের বাবা বাংলাদেশে ব্যবসা করতেন। বাবার আর্থিক সহায়তার প্রস্তাব থাকলেও তিনি নিজেই কিছু করার প্রত্যয় নিয়ে বাফেলোতে যান। সেখানে কয়েকজন ব্যবসায়ীর বাড়ি বিক্রির কাজে সহযোগিতা করতে গিয়ে রিয়েল এস্টেটের সঙ্গে পরিচয়। তাঁর সহযোগিতায় একটি বাড়ি বিক্রি করে ব্যবসায়ীরা প্রায় ৩০ হাজার ডলার লাভ করেন। কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে ১০ হাজার ডলার দেওয়া হয়। সেই অর্থ ব্যক্তিগতভাবে ব্যয় না করে ব্যবসায় বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন বাড়ি কেনা, সংস্কার ও পুনরায় বিক্রির কাজ। পরবর্তী সময়ে প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে গড়ে তোলেন নিজের টিম।
বর্তমানে তিনি ‘নাজমুল রিয়েল এস্টেট টিম’-এর টিম লিডার এবং হান্ট রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, ওয়েস্টার্ন নিউইয়র্ক অঞ্চলে হান্ট রিয়েল এস্টেটের দলগুলোর মধ্যে তাঁর টিম দ্বিতীয় বৃহত্তম।
নাজমুল বলেন, তাঁর কাছে ব্যবসায়িক সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ ক্রেতাদের সন্তুষ্টি ও আস্থা। একটি বাড়ি মানুষের জীবনের অন্যতম বড় আর্থিক সিদ্ধান্ত। তাই শুধু বাড়ি বিক্রি নয়, ক্রেতার প্রয়োজন, সামর্থ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে মানানসই বাড়ি খুঁজে দেওয়াকেই তিনি দায়িত্ব মনে করেন।
নিউইয়র্ক সিটি ছেড়ে বাফেলোতে যাওয়ার আগে চাকরি বা ব্যবসার সুযোগ, সন্তানদের শিক্ষাব্যবস্থা, বাড়ির প্রকৃত ব্যয়, যাতায়াত এবং শীতকালীন আবহাওয়ার বিষয়গুলো যাচাই করার পরামর্শ দেন তিনি। বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য ভাড়া, সম্পত্তির অবস্থান, সংস্কার ব্যয় ও ভবিষ্যৎ বাজারমূল্য বিশ্লেষণ করাও জরুরি বলে মনে করেন।
নাজমুলের পাঁচ বছরের পথচলা প্রমাণ করে, নতুন পরিবেশে পরিশ্রম, পরিকল্পনা ও মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সফলতা সম্ভব। তাঁর ভবিষ্যৎ লক্ষ্য আরও বেশি পরিবারকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বাড়ির মালিক হতে সহযোগিতা করা।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz