আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করার প্রস্তাব দেবেন নেতানিয়াহু
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৫
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী পদে বসানোর প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, দুই নেতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগি হবে। এই পদ্ধতিতে সরকারে প্রথম মেয়াদে আইজেনকোট প্রধানমন্ত্রী থাকবেন, পরে দায়িত্ব নেবেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের প্রস্তাব দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে মতভেদ রয়েছে। অন্যদিকে সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে আইজেনকোটের কাছে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার দায় অস্বীকার করার সুযোগ থাকছে লিকুদ পার্টির। তবে এ ধরনের সমঝোতার শর্ত নিয়ে দলটির ভেতরেও মতবিরোধ রয়েছে।
তবে নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে এখনো সন্দিহান আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বর তার সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার আগেই আগামী সপ্তাহে নতুন সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। প্রয়োজনে প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদনও করতে পারবেন আইজেনকোট।
এদিকে নেতানিয়াহুর সম্ভাব্য প্রস্তাবকে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ভণ্ডুল করার কৌশল হিসেবে দেখছেন ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লিবারম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহু আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দিতে পারেন, যেখানে নিজেই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন। তবে এটি মূলত একটি কৌশল।
লিবারম্যানের মতে, নেতানিয়াহু নতুন নির্বাচন চান। তাই শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্য সরকার নিয়ে আলোচনা চালিয়ে যাবেন, এরপর আলোচনা ভেঙে দেওয়ার অজুহাত খুঁজবেন। লিকুদকে নিয়ে শেষ পর্যন্ত ঐক্য সরকার গঠিত হলেও কয়েক মাসের মধ্যে সংকট তৈরি করে দেশকে আবার নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন নেতানিয়াহু। রাজনৈতিক অঙ্গনের সবাইকে বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান তিনি।
প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোট ইতোমধ্যে তার জোটসঙ্গী লিবারম্যান এবং ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানকে আশ্বস্ত করেছেন, তাদের অনুমতি ছাড়া নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের উদ্যোগ নেবেন না।
চ্যানেল ১৩ জানিয়েছে, আইজেনকোটের জোটের জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে বিয়াখাদ পার্টির প্রধান নাফতালি বেনেট প্রকাশ্যে লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান নিলেও নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষ হওয়ার আগেই আইজেনকোট সরকার গঠন করলে তিনি সেই সরকারের বিপক্ষে ভোট দেবেন। আইজেনকোটের জোটে বিয়াখাদই একমাত্র দল, যারা এখনো ইয়াশার পার্টির সঙ্গে আনুষ্ঠানিক জোট চুক্তি করেনি।
বেনেটের বিয়াখাদসহ আইজেনকোটের চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে যা অনেক কম। এই ঘাটতি পূরণে আইজেনকোটের সামনে রয়েছে দুটি আরব নেতৃত্বাধীন দল, দুটি অতি-গোঁড়া ইহুদি দল অথবা এই চার দলের সমন্বয়ে সমর্থন আদায়ের সুযোগ।
আপাতত আইজেনকোটের পছন্দের বিকল্প হিসেবে উঠে এসেছে অতি-গোঁড়া ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং তুলনামূলক মধ্যপন্থী আরব দল রা'আমকে নিয়ে জোট গঠন। তবে নির্বাচনের আগে আইজেনকোটের জোটের গুরুত্বপূর্ণ নেতারা এসব দলের সঙ্গে সরকার গঠনের বিরোধিতা করেছিলেন। ফলে নতুন নির্বাচন এড়াতে তাদের অবস্থান বদলে সমঝোতায় আসতে হতে পারে।
অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার গঠনের পক্ষে গোলান। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর এটিই একমাত্র বাস্তবসম্মত পথ। তবে লিবারম্যান এ ধরনের ব্যবস্থার বিরোধিতা করছেন। তিনি বরং অতি-গোঁড়া ইহুদি দলগুলোকে নিয়ে জোট গঠনের পক্ষে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে আইজেনকোট বলেন, লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের জন্য তিনি সমঝোতায় রাজি। কিন্তু দলটি আন্তরিকভাবে আলোচনা করতে আগ্রহী নয়। তার দাবি, গত দুই সপ্তাহে ইয়াশার ও লিকুদের আলোচক দল মাত্র পাঁচবার বৈঠক করেছে। আরও ঘন ঘন বৈঠকের অনুরোধও প্রত্যাখ্যান করেছে লিকুদ।
আইজেনকটের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও হত্যাযজ্ঞ ঘিরে নিরাপত্তা ব্যর্থতার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে রাজি হয়নি লিকুদ। সরকার থেকে উগ্রপন্থীদের সরানো কিংবা সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার আইন পাস করতে পারে, এমন সরকার গঠনের বিষয়েও আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে দলটি।
তিনি বলেন, ঐক্য সরকারের জন্য লিকুদ সবচেয়ে খারাপ প্রস্তাবটি সামনে এনেছে, ‘একই সরকার, একই শরিক, কোনো পরিবর্তন নেই, সামরিক বাহিনীতে নিয়োগের কোনো আইন নেই।’
আইজেনকোট বলেন, ‘এ ধরনের প্রহসনে আমি অংশ নিতে চাই না।’
তার দাবি, রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের শর্ত এবং বিচারব্যবস্থার কিছু পরিবর্তনের বিষয়ে তার জোট সমঝোতায় রাজি ছিল। কিন্তু দুই সপ্তাহের আলোচনায় লিকুদ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। তবে দলটি আন্তরিক আলোচনা ও সমঝোতার অংশীদারত্বে আগ্রহী হলে তার দরজা খোলা থাকবে বলে জানান তিনি। সূত্র : টাইমস অব ইসরায়েল