সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি এবং পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অভিযোগে বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম খন্দকার মো. ইয়ামিন। তার বয়স ২৩ বছর। গত ২৩ নভেম্বর যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষ স্বীকার করার পর তাকে মোট দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে বিমানে নিজের আসনে বসে থাকা অবস্থায় ইয়ামিন এক বিমানবালার নিতম্বে হাত দেন। ওই স্পর্শ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।
২৬ বছর বয়সী ওই বিমানবালা ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে আর স্পর্শ না করতে বলেন। তবে ইয়ামিন কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন। পরে বিমানবালা তার সহকর্মীকে বিষয়টি জানান। ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন।
বিমানটি ওই দিন সকালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তবে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়ার পর গত ৭ অক্টোবর নতুন করে বিপাকে পড়েন ইয়ামিন। মধ্যরাত সাড়ে ১২টার দিকে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় কান্নাকাটি ও অসংলগ্ন চিৎকার করতে দেখা যায়।
পুলিশ তাকে সেখানে অচেতনপ্রায় অবস্থায় পায়। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে শুয়ে এলোমেলোভাবে হাত-পা ছুড়তে থাকেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আরও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছুড়ে মারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ওঠার আগে তিনি তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। তবে আদালতের নথিতে তার ফ্লাইটের যাত্রা শুরুর স্থান উল্লেখ করা হয়নি।
সম্প্রতি বিদেশের মাটিতে বাংলাদেশিদের সাজা ভোগের বিষয়টি বেশ আলোড়ন তোলে। গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আব্দুল বশির এবং সুইটি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়। সূত্র : দ্য স্ট্রেইট টাইমস