শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ

সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য সরকার গঠনের পথ আরও অমসৃণ হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুই দলের পক্ষ থেকে এ তথ্য জানানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট এবং ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন।’

তবে চুক্তির শর্তাবলি প্রকাশ করেনি দল দুটি।

সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এর কয়েক দিন আগে ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকোট।

ইসরায়েলে জোট চুক্তির মাধ্যমে সরকারে দলগুলোর পারস্পরিক সহযোগিতার ধরন, তাদের অঙ্গীকার এবং নীতি, আইন প্রণয়ন ও পার্লামেন্টে ভোটের ক্ষেত্রে সমন্বয়ের বিষয়গুলো নির্ধারণ করা হয়।

আইজেনকোটের ইয়াশার, লিবারম্যানের ইসরায়েল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি নিয়ে গঠিত হয়েছে ‘চেঞ্জ ব্লক’।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে জোটটি ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে।

পার্লামেন্টে ১৯টি আসন রয়েছে আরব দলগুলোর। বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে ঠেকাতে আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে প্রস্তুত বলে জানিয়েছে দলগুলো।

সরকার গঠনের জন্য ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে আইজেনকোটের হাতে। তিনি চাইলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য ১৪ দিনের সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz