সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে সংলাপে বসছে এনসিপি • ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার • ঐকমত্যের অভাবে চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন • বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম • হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ঐকমত্যের অভাবে চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

ঐকমত্যের অভাবে চুক্তি ছাড়াই শেষ হলো কপ-৩১ সম্মেলন

বিজ্ঞাপন
জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে ঐকমত্য ছাড়াই শেষ হয়ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর৷ তুরস্কে দুই সপ্তাহের এই আয়োজন শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি৷
জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে বন্ধ করা হবে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভুক্তভোগী দেশগুলোকে কীভাবে অর্থায়ন করা হবে, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে পারেনি৷ নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় দুই দিন অতিরিক্ত আলোচনার পরও তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত জলবায়ু আলোচনা ভেস্তে গেল৷ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে৷

দুই সপ্তাহের দর কষাকষির পর কপের সভাপতি প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’ উপস্থাপন করেন৷ তবে ইইউ জানায়, তারা এই চুক্তিকে সমর্থন করতে পারবে না, কারণ এটি বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷

প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছে পানামাও৷ দেশটি একে জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার শামিল বলে আখ্যা দিয়েছে৷ তাদের দাবি বিশ্বের দেশগুলো ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা ধরে রাখার লক্ষ্য অর্জনে যে ব্যর্থ হয়েছে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে স্বীকার করতে হবে৷

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জ প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে বলেছে, ‘জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবো না৷’

রাশিয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে দ্রুত বন্ধের বিষয়ে কোনো শব্দ যুক্ত করা হয়নি৷ সমর্থন করেছে পাকিস্তান ও ঘানাও৷

জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ
উন্নয়নশীল দেশগুলো আলোচনার ব্যর্থতার জন্য ইইউ ও অন্যান্য ধনী দেশগুলোকে দায়ী করেছে৷ তাদের অভিযোগ, জলবায়ুজনিত চরম আবহাওয়া এবং তার ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে এই দেশগুলো ব্যর্থ হয়েছে৷ জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় অর্থদাতাদের একটি ইউরোপীয় ইউনিয়ন৷ তবে নতুন অভিযোজন তহবিলের লক্ষ্যমাত্রার ব্যাপারে তারা আপত্তি জানিয়ে এসেছে৷

চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিনগুণ করার জন্য একটি বাস্তবায়ন রূপরেখা নিয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল৷ তবে এতে কোনো নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি৷

খসড়ায় বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন৷ এতে ‘জলবায়ু অর্থায়নের প্রবাহ এবং প্রয়োজনের মধ্যে ব্যবধান’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

জীবাশ্ম জ্বালানি: সমঝোতা না হলেও আছে নতুন উদ্যোগ
আনুষ্ঠানিক আলোচনায় জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে দেশগুলো সিদ্ধান্ত নিতে না পারলেও, ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ বা টিএএফএফ নামে একটি পৃথক উদ্যোগ গতি পাচ্ছে৷

টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া বলেন, শুধু চুক্তির ভাষায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্ককে পেছনে রেখে টিএএফএফ এগিয়ে যাবে৷ বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে৷

একইসঙ্গে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ অনেক দেশই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য জাতীয় পর্যায়ে রূপরেখা তৈরি করেছে বা তৈরির পর্যায়ে রয়েছে৷

তবে অ্যাকশনএইড ইউএসএ-এর নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ এসব পরিকল্পনাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন৷ তিনি বলেন, ‘‘কপ-৩১ ছিল ইতিহাসের অন্যতম হতাশাজনক কপ সম্মেলন৷ কারণ ইইউ ও অন্যান্য উন্নত দেশগুলো সংহতি, সহযোগিতা বা সমঝোতার কোনো মনোভাব নিয়ে আলোচনায় আসেনি৷ তারা যেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছে, ‘‘তোমরা মারা গেলেও আমাদের কিছু যায় আসে না৷”

বিশ্বজুড়ে চরম আবহাওয়া ও জলবায়ু সম্মেলন
বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এই বিষয়ে প্রথমবারের মতো যথেষ্ট তথ্যের ভিত্তিতে কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু সেটি কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে দেশগুলো বিভক্ত হয়ে পড়ে৷

প্রস্তাবিত খসড়া সিদ্ধান্তে দেশগুলোকে এই বৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানানো হয়েছিল৷ সেখানে বলা হয়, বর্তমান মাত্রার চেয়ে তাপমাত্রা যতটুকুই বাড়ুক না কেন, তা মানুষ ও প্রকৃতির জন্য ক্রমবর্ধমান ক্ষতি এবং কিছু ক্ষেত্রে মানুষ ও প্রকৃতির ওপর অপরিবর্তনীয় ঝুঁকি ও প্রভাব তৈরি করবে৷

খসড়ায় আরও বলা হয়েছিল , গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে ‘‘গভীর, দ্রুত এবং টেকসই” পদক্ষেপ প্রয়োজন।

এবারের কপ-৩১ সম্মেলনকে বিভিন্ন দিক থেকে আগের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল৷ কারণ সাম্প্রতিক সময়ে বিশ্ব একের পর এক জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হয়েছে৷ প্রাণঘাতী তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে ইউরোপ, নেপালে হিমবাহ ধসে ১৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে৷

অন্যদিকে, ভূরাজনৈতিক অস্থিরতায় তেলের দাম বৃদ্ধির কারণে জ্বালানি নিরাপত্তা এবং জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আলোচনার কেন্দ্রে চলে এসেছে৷

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz