শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী • ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত • গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি • দেশে আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে : অর্থমন্ত্রী • ব্রেক্সিট-পরবর্তী অধ্যায়ে নতুন মোড় : ইইউ-ইউকে সম্পর্ক পুনর্গঠনে নতুন চুক্তি • কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত • আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার • দেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত : জয়সওয়াল • পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলার পর ক্ষয়ক্ষতির চিত্র। ছবি : এএফপি

বিজ্ঞাপন
ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ জানিয়েছে, শুক্রবারের (২০ নভেম্বর) এই নজিরবিহীন হামলায় রাজধানীতে অন্তত ছয়জন নিহত হয়েছে। অন্যদিকে প্রতিবেশী পোল্যান্ড জানিয়েছে, ন্যাটোভুক্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পোল্যান্ড মস্কোর বিরুদ্ধে ‘উসকানির’ অভিযোগ এনেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে পুরো যুদ্ধের মধ্যে মস্কোর অন্যতম বৃহত্তম হামলা বলে অভিহিত করেছেন এবং রুশ ‘সন্ত্রাসের’ তীব্র নিন্দা জানিয়েছেন।

বৃহস্পতিবার বার্লিনে মিত্রদের সঙ্গে বৈঠক করা জেলেনস্কি বলেন, শি এবং ট্রাম্পকে সাথে নিয়ে বিশ্বের মানচিত্র নতুন করে আঁকার পুতিনের প্রচেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে।

চীনে পুতিন বলেছিলেন, বৈশ্বিক শান্তির ক্ষেত্রে শি এবং ট্রাম্পের সাথে তাঁর যৌথ দায়িত্ব রয়েছে। এছাড়া তিনি শান্তির পথে একটি ঘোষণাপত্র জারি করেন, যেখানে ইউক্রেনে মস্কোর প্রায় পাঁচ বছর ধরে চলা আক্রমণের কোনো উল্লেখ ছিল না।

এএফপির সাংবাদিকরা দেখেছেন, কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে মানুষজন ইয়োগা ম্যাট, ক্যাম্পিং চেয়ার এবং পপ-আপ তাঁবুতে ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। স্টেশনগুলো রাতের বেলা বিমান হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, লভিভে আরও দুজন নিহত হয়েছেন, দেশের বিশাল অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কিয়েভে তিনটি গুরুত্বপূর্ণ পরিবহন সেতুতে আঘাত হানা হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, নিপ্রো নদীর ওপর নির্মিত তিনটি সেতুতেও আঘাত হানা হয়েছে, যা শহরের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করেছে।

এদিকে, এই হামলার বিষয়ে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার অনুরোধ জানিয়ে বলেছে, রাশিয়াকে সেখানে তার কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে।

পোল্যান্ডের ‘উসকানির’ অভিযোগ

প্রতিবেশী পোল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় গ্রাম নোয়ি লিপোয়িয়েকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং অন্য দুটি স্থানে আরেকটি ক্ষেপণাস্ত্র ও একটি জেট-চালিত ড্রোন আঘাত হেনেছে বলে সন্দেহ করা হচ্ছে। ওয়ারশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, পোল্যান্ডের আকাশসীমায় এই অস্ত্রগুলো প্রবেশের ঘটনা ছিল ইচ্ছাকৃত। ওয়ারশ টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে টাস্ক বলেন, ‘পোল্যান্ডের ভূখণ্ডে (সামরিক) মহড়া চলার ঘটনার সাথে এই উসকানির যোগসূত্র থাকতে পারে।’

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে হাজার হাজার ইউরোপীয় সৈন্য সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।

টাস্ক বলেন, ‘কেউই বলতে পারবে না যে এটি একটি নিছক কাকতালীয় ঘটনা ছিল।’ তিনি আরও যোগ করেন, তিনি তাৎক্ষণিকভাবে ন্যাটোকে বিষয়টি জানিয়েছেন।

টাস্ক জানান, ন্যাটো মহাসচিব মার্ক রুটে শনিবার ওয়ারশতে আসবেন এবং তিনি তাঁকে ঘটনাটি অবহিত করবেন।

ইউক্রেন বিষয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচটি দেশের মধ্যে পোল্যান্ড অন্যতম।

সেতু হামলার প্রতিশোধ

যুদ্ধবিরতি প্রত্যাখ্যানকারী রাশিয়া ইউক্রেনে তাপমাত্রা কমার সাথে সাথে হামলার তীব্রতা বাড়িয়েছে, যার ফলে অনেকেই আশঙ্কা করছেন যে, আসন্ন শীতকাল হতে পারে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ শীত।

কিয়েভের রাষ্ট্রীয় জ্বালানি অপারেটর দেশের জ্বালানি অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে, যা বিদ্যুৎ গ্রিডের কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলেছে।

সংস্থাটি জানিয়েছে, কৃষ্ণ সাগরীয় বন্দরনগরী ওডেসায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে—পাশাপাশি কিয়েভ এবং আরও দশটি অঞ্চলে ব্ল্যাকআউটের খবর পাওয়া গেছে।

রাশিয়ার সামরিক বাহিনী শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা কিয়েভের সেতুসহ বেশ কয়েকটি অঞ্চলের সামরিক-শিল্প স্থাপনা এবং পরিবহন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে।
রাশিয়া দূরপাল্লার হামলা জোরদার করায় চলতি বছর বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউনিসেফ শুক্রবার জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে অন্তত ১১৪ জন শিশু নিহত এবং ১,০৩০ জন আহত হয়েছে—যা বিগত তিন বছরের যেকোনো সময়ের তুলনায় যাচাইকৃত শিশু হতাহতের সর্বোচ্চ সংখ্যা।

সংস্থাটি বলেছে, এর অর্থ হলো প্রতিদিন গড়ে তিনজনেরও বেশি শিশু নিহত বা আহত হচ্ছে। তারা ইউক্রেনে শিশুদের ওপর সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।

মস্কো তার কঠোর দাবিগুলোতে অনড় থাকায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আলোচনায় এখন পর্যন্ত অগ্রগতির তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তি অবশ্যই ইউরোপীয় নিরাপত্তার ওপর একটি বৃহত্তর চুক্তির অংশ হতে হবে। বৃহস্পতিবার চীনে বক্তব্য রাখার সময় তিনি বলেছেন, ওই চুক্তির অংশ হিসেবে যেকোনো ধরনের ইউক্রেন-ইউরোপ সামরিক সহযোগিতা একটি ‘সমস্যা’ হিসেবে বিবেচিত হবে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz