নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য (এমপি) এবং নিষিদ্ধ যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের চার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়ন ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা পুটিকা বাজার এলাকায় যান।
পুটিকা বাজারে গিয়ে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
গুরুতর আহত আবু বকর রানাকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে একত্র হন এবং রাত ১০টার পর একাধিক বাড়িতে হামলা চালান।
বড়রুহি এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ধলা যাত্রাবাড়ী গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
আহমদ হোসেনের বড় ভাই আমজাদ হোসেনের (অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাহাদাতের বাবা) বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ ছাড়াও বাদে পুটিকা গ্রামে আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের বাড়ি এবং বাট্টা গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার জের ধরেই এসব অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।