সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি • ইনানীতে গ্যাসের আগুন কমতে লাগবে ১৫ দিন • ফেসবুকে ছেলের এইচএসসি পাসের খবর চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির, কমিটি বিলুপ্ত • শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী • যুদ্ধ শুরু হলে তা হবে দীর্ঘস্থায়ী ও ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে : ইরান • এলডিসি উত্তরণের সময়সীমা বৃদ্ধি বড় কূটনৈতিক সাফল্য : হুমায়ুন কবির • পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু • যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে ইরান : আইআরজিসি • সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​কেন এত পাগল ছিলে?

​কেন এত পাগল ছিলে?

বিজ্ঞাপন
তুমি সামনের কাতারে লড়েছ-তরবারি হাতে,
ঢাল নিয়ে, ক্ষত নিয়ে বুকেপিঠে,
সৈনিকের সাথে সৈনিক, মাটির সাথে মাটি,
রক্তের সাথে রক্ত মিশিয়ে দিয়েছিলে
তোমার ঘোড়ার খুরের ধুলোয়।

তবু কেন? কেন এই পাগলামি?
পৃথিবী জয় করবেই-
এই এক রক্তচক্ষুর দিব্যদৃষ্টি কেন?
কোন মোহন বাঁশির সুর ছিল ওপারে?
কোন স্বর্গের চাবি লুকানো ছিল পারস্যের ধুলোয়?
কোন অমৃত মিশেছিল সিন্ধুর ঢেউয়ে?

যুদ্ধের পরে যুদ্ধ, মৃত্যুর পরে মৃত্যু,
শুধু নামের পেছনে ছুটেছিলে তুমি-
‘আলেকজান্ডার’-
নামটা এত বড় করার কী দরকার ছিল, তোমার?
হাত বাড়ালেই ধরা যেত শত্রুর বুকের স্পন্দন,
তবু কেন তুমি আকাশ ছুঁতে চাইলে?

মাত্র বত্রিশটি বসন্ত ফুটেছিল তোমার জীবনে,
তার মাঝে কত লাশ, বিদ্বেষের আগুনে কত পোড়া দেশ-
ধূসর পৃথিবীকে উপহার দিলে।
সৈনিকের মতো লড়েছিলে, রাজার মতো স্বপ্ন দেখেছিলে,
পাগলের মতো বিশ্বজয় করেছিলে-
তাতে কী হলো? সেই তো যেতে হলো পুরোনো
মাটির ঘরে, শূন্য হাতে-
যেখান থেকে কেউ কখনো ফেরেনি।

তখন বুঝেছিলে, অথবা বুঝতে পারোনি-
তোমার পাগলামির কোনো উত্তর হয় না।
শুধু এইটুকু জানা যায় :
যে বাঁচে বেশি দিন, সে জয় করে না।
যে জয় করে, সে বাঁচে না বেশি দিন।
তোমায় পেয়ে বসেছিল-
দীর্ঘ না, বড় হওয়ার নেশা।

আর সেই নেশার নামই ইতিহাস।
ইতিহাস বড় নির্মম,
তার কাছে কোনো প্রশ্ন নিয়ে যাওয়া যায় না,
তার সাথে কোনো তর্ক চলে না,
তার একতরফা সিদ্ধান্ত শুধু নীরবে মেনে নিতে হয়।
তুমি জানতে না? সময়ের মরুভূমিতে কোথাও কোনো গন্তব্য নেই,
আছে শুধু অনেক দূরের ডাক, আর এক অনন্ত প্রেমের প্রশ্ন-
‘কেন?’

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz