রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​জন্মসূত্রে নাগরিকত্ব বহাল : সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মেয়র মামদানি

​জন্মসূত্রে নাগরিকত্ব বহাল : সুপ্রিম কোর্টের  রায়কে স্বাগত জানালেন মেয়র মামদানি

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে এবং বৈধ কাগজপত্রবিহীন বা অস্থায়ী ভিসাধারী অভিবাসী বাবা-মায়ের যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করার ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাতিল করার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি এক বিবৃতি দিয়েছেন।

৩০ জুন মেয়র মামদানি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় যুক্তরাষ্ট্রের সংবিধানে দেড় শতাব্দীরও বেশি আগে অন্তর্ভুক্ত একটি মৌলিক প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে-যে কেউ আমেরিকার মাটিতে জন্ম নিলে, সে একজন মার্কিন নাগরিক। তার ত্বকের রঙ, বাবা-মায়ের জন্মস্থান, ধর্মীয় পরিচয় বা বাড়িতে কোন ভাষায় কথা বলা হয়-এসব বিষয় নাগরিকত্ব নির্ধারণে কোনো প্রভাব ফেলে না।

তিনি বলেন, এই বিষয়টি কখনোই বিতর্কের হওয়া উচিত ছিল না। ফেডারেল প্রশাসন সংবিধানের অন্যতম স্পষ্ট নিশ্চয়তাকে পরিবর্তনের চেষ্টা করেছিল, যাতে তারা নির্ধারণ করতে পারে কে এই দেশের অন্তর্ভুক্ত এবং কে নয়। আজ আদালত সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

মেয়র আরও বলেন, নিউইয়র্ক সিটি জন্মসূত্রে নাগরিকত্বের শক্তির জীবন্ত উদাহরণ। অভিবাসী পরিবারের সন্তানরাই আজ শহরের শিক্ষক, নার্স, নির্মাণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পী, সরকারি কর্মচারী এবং সাধারণ প্রতিবেশী হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অভিবাসী পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, পাঁচটি বরো জুড়ে বসবাসরত প্রতিটি অভিবাসী পরিবারকে আমি স্পষ্টভাবে বলতে চাই—আপনারা এই শহরেরই অংশ। আপনাদের সন্তানরাও এখানকারই অংশ। কোনো আদালত আপনাদের মানবিক মর্যাদা কেড়ে নিতে পারে না। কোনো রাজনৈতিক এজেন্ডা এই সত্য পরিবর্তন করতে পারবে না যে, এই দেশের বৈচিত্র্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

মেয়র মামদানি আরও অঙ্গীকার করেন, যতদিন তিনি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন শহর অভিবাসীদের অধিকার রক্ষা করবে, তাদের মর্যাদা সমুন্নত রাখবে এবং আরও উন্নত আমেরিকা গড়ার সংগ্রামে তাদের পাশে থাকবে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz