রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নতুন পরিচয়ে অভিনেত্রী বুবলী

নতুন পরিচয়ে অভিনেত্রী বুবলী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবনম বুবলী অনেক দিন ধরেই সিনেমায় অনিয়মিত। রুপালি পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে রয়েছে তার সরব উপস্থিতি। তবে এবার অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলার পথে এগিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী। বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

সেই সময় বলেছিলেন— এই প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম কাজ নিয়ে হাজির হলো প্রতিষ্ঠানটি। 

যদিও এ মুহূর্তে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এ অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার কিংবা বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে তার উপস্থিতিও চোখে পড়ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায়  অভিনয় করলেও প্রচারে দেখা যায়নি এই অভিনেত্রীকে। 

তবে শবনম বুবলীর অভিনয়ে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে বুবলীর অংশের শুটিং শুরু হবে। এর পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলে জানা গেছে। 

সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগোর খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিওবার্তায় উপস্থিতি তার জনসমক্ষে ফেরার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগী এ অভিনেত্রী।

স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’ পরিচালনা করেছেন মুরসালিন সরকার। চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী  ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে প্রদর্শিত হবে এ সিনেমাটি। 

প্রযোজক হিসেবে প্রথম কাজের স্বীকৃতি পেতে আশাবাদী শবনম বুবলী। প্রতিষ্ঠানটির পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার কথা বলেন তিনি। 

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz