বিচারক পদে ট্রাম্পের মনোনয়ন আটকে দিলেন রিপাবলিকান সিনেটর
ঠিকানা অনলাইন
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:১৭
•
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ডেমোক্র্যাটরা দায়িত্ব নেওয়ার আগেই ফেডারেল বিচারকদের শূন্য পদগুলো পূরণ করতে চায় ট্রাম্প প্রশাসন। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারকদের নিয়োগ-প্রক্রিয়া শেষ করতে তাড়াহুড়া করছিল প্রশাসন।
কিন্তু শেষ মুহূর্তে টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন ট্রাম্পের মনোনীত এক বিচারকের মনোনয়ন আটকে দিয়েছেন। কর্নিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, টেক্সাসের জন্য বিচারক পদে টেক্সাসের বাইরের কারও মনোনয়ন মেনে নেওয়া সম্ভব নয়। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
ডোনাল্ড ট্রাম্প টি এলিয়ট গেইজারকে টেক্সাসের ফেডারেল বিচারক পদের জন্য মনোনয়ন দিয়েছিলেন। বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা গেইজার মূলত ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা।
টেক্সাসের বিদায়ী সিনেটর জন কর্নিন বুধবার সিএনএনকে জানান, টি. এলিয়ট গেইজারের মনোনয়ন বিবেচনার জন্য তিনি সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে ‘ব্লু স্লিপ’ ফেরত দেননি। এর মাধ্যমে তিনি নিজ অঙ্গরাজ্যের বিচারক পদে মনোনীত ব্যক্তিকে আটকে দেওয়ার সিনেটের প্রচলিত প্রথাটি প্রয়োগ করলেন।
গেইজার বর্তমানে বিচার বিভাগের ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পর নিয়োগ-প্রক্রিয়া স্থবির হয়ে পড়ার আশঙ্কায় তার আগেই শূন্য পদটি পূরণের চেষ্টায় চলতি মাসের শুরুর দিকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
টেক্সাস-ভিত্তিক এই পদটির জন্য টেক্সাসের বাইরের কাউকে বেছে নেওয়ায় কর্নিন এই মনোনয়নে আপত্তি জানিয়েছেন। কর্নিন বলেন, ‘কোনো বিচারিক অভিজ্ঞতা নেই এবং যথাযথ যাচাই-বাছাই করা হয়নি; টেক্সাসের বাইরের এমন কাউকে আমার ওপর চাপিয়ে দেওয়া আমি কিছুতেই মেনে নেব না। তাই আমরা হোয়াইট হাউসকে একটি বিকল্প নাম দিয়েছি, এবং আমি আশা করছি তারা এর সুযোগ নেবে, কারণ আমিও চাই না পদটি শূন্য পড়ে থাকুক।’ কর্নিন এর আগে এই পদের জন্য বিচার বিভাগের সাবেক প্রসিকিউটর স্টিভ ফাহির নাম প্রস্তাব করেছিলেন।
কর্নিনের এই পদক্ষেপের ফলে ট্রাম্পের মনোনীত শেষ ব্যাচের বিচারকদের নিয়ে বুধবার অনুষ্ঠিত জুডিশিয়ারি কমিটির শুনানিতে গেইজার উপস্থিত হতে পারেননি। তিন ঘণ্টার ওই শুনানিতে ট্রাম্প মনোনীত সাতজনকে কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়। মূলত ডেমোক্র্যাট সদস্যরা ট্রাম্প প্রশাসনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রায় দেওয়ার সক্ষমতা তাদের আছে কি না, তা যাচাই করতে চেয়েছিলেন।
নর্থ ক্যারোলাইনার মিডল ডিস্ট্রিক্টের মার্কিন জেলা বিচারক পদে মনোনীত ফিলিপ অবার্টকে উদ্দেশ করে কানেকটিকাটের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, ‘সবাই যাতে বিষয়টি বুঝে, আমি এই প্রশ্নটি করছি মূলত আপনার স্বাধীনতা বা নিরপেক্ষতা পরীক্ষা করার জন্য।’
কমিটির কয়েকজন সদস্য মনোনীত ব্যক্তিদের ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন। ব্লুমেন্থাল সরাসরি জানতে চান, প্যানেলে উপস্থিত কেউ সেদিন ক্যাপিটল হিলে ‘হামলা’ হয়েছিল বলে স্বীকার করতে রাজি আছেন কি না।
তবে মনোনীত ব্যক্তিদের কেউই এর উত্তর না দেওয়ায় তিনি বলেন, ‘এটি একটি দুঃখজনক দিন।’ এ ছাড়া মনোনীত ব্যক্তিদের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রায় দেওয়ার মানসিকতা নিয়েও বারবার প্রশ্ন করা হয়।
বুধবারের শুনানি শেষে নিউজার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এই বিচারিক পদগুলো পূরণে রিপাবলিকানদের তাড়াহুড়োর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘এটি আরও একটি দুঃখজনক দিন, আরও একটি হতাশাজনক এবং করুণ প্রচেষ্টা; যেখানে মানুষ আমাদের প্রতিষ্ঠানগুলোর দীর্ঘস্থায়ী শক্তির বিনিময়ে স্বল্পমেয়াদি রাজনৈতিক ফায়দা খুঁজছে।’
এর জবাবে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর এবং প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে দ্রুততম সময়ে নিয়োগ দেওয়া ২২ জন ফেডারেল বিচারকের কথা উল্লেখ করে পাল্টা যুক্তি দেন।
গেইজার সাম্প্রতিক মাসগুলোতে ‘অফিস অব লিগ্যাল কাউন্সেল’ থেকে বেশ কয়েকটি আইনি মতামত দিয়েছেন, যার অনেকগুলোই বিতর্কের জন্ম দিয়েছে। অক্টোবরের শুরুতে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, মাদক কার্টেল এবং সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি দীর্ঘ তালিকার বিরুদ্ধে প্রাণঘাতী হামলার ন্যায্যতা দিয়ে ট্রাম্প প্রশাসন একটি গোপন আইনি মতামত তৈরি করেছে। ওই মতামতে যুক্তি দেওয়া হয়েছিল, তারা আমেরিকানদের জন্য হুমকি সৃষ্টি করায় এই হামলাগুলো অনুমোদিত। পরবর্তীতে তিনি কংগ্রেসের নির্বাচিত কয়েকজন সদস্যকে বলেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব প্রাণঘাতী হামলা চালিয়ে যেতে পারে।