ইরানে আরও বড় ধ্বংসযজ্ঞ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের
ঠিকানা অনলাইন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩
•
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটনকে খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে যে তারা ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাবে কি না। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর গালফ নিউজের।
মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাত ও ইরানের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পরিস্থিতি দৃশ্যমান হতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি বিষয়টিকে আরও দূর পর্যন্ত নিয়ে যাব। এমন একটি চূড়ান্ত পরিণতি নিশ্চিত করব যাতে এর পুনরাবৃত্তি আর না ঘটে?
ট্রাম্প আরও বলেন, সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাদের তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন। এ সময় ট্রাম্প দাবি করেন যে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ দারুণ সফলতা অর্জন করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের কঠোর হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য সংকটে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এর আগে তেহরানের পক্ষ থেকেও সতর্ক করে জানানো হয়েছিল যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এর মধ্যেই ট্রাম্পের এই নতুন মন্তব্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা বাড়িয়ে তুলেছে।