রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: বাসস
মাসব্যাপী মহান ‘বিজয়ের মাস’ উদ্যাপনের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরমধ্য দিয়েই দলটির বিজয়ের মাসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং কৃত্রিম সংকট তৈরি করে চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বিদেশে বসেও শেখ হাসিনা প্রতিশোধ ও রক্তের নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি; তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
রিজভী জানান, দুর্বৃত্তরা বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে এবং এরই মধ্যে কৃষক দলের দুজন ও ভাঙ্গার একজন নেতাসহ বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে।
বর্তমান সরকারের ভূমিকার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি; বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে।
এ ছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা উল্লেখ করেছেন—এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। একই সঙ্গে ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, লক্ষ প্রাণের আত্মদান ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।