নিউইয়র্ক সিটি কাউন্সিল নগরবাসীর জীবনযাত্রার ব্যয় কমানো, ছোট ব্যবসাকে সহায়তা এবং নাগরিক সেবা উন্নত করতে একগুচ্ছ নতুন আইন ও উদ্যোগ অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে সারা বছর আউটডোর ডাইনিংয়ের সুযোগ এবং দেশের প্রথম বিমা সাশ্রয় দপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ। ১৩ আগস্ট এসব উদ্যোগের কথা জানানো হয়।
কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, নিউইয়র্কে ছোট ব্যবসা পরিচালনার ব্যয় ক্রমেই বাড়ছে। বিশেষ করে, বিমার উচ্চ খরচ ব্যবসা ও আবাসন নির্মাণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন বিমা সাশ্রয় দপ্তরের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য তথ্য, সহায়তা ও স্বচ্ছতা বাড়ানো হবে।
প্রস্তাবিত দপ্তর বিভিন্ন ধরনের ভোক্তা বিমা সম্পর্কে তথ্য ও সাধারণ নির্দেশনা দেবে। বিমা কোম্পানির প্রতারণামূলক বা অন্যায্য কর্মকাণ্ডের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ পর্যবেক্ষণ করবে। প্রতিবছর বিমা নিয়ে ভোক্তাদের সমস্যার ওপর গবেষণা ও প্রতিবেদন প্রকাশ করবে। সমস্যা সমাধানে থাকবে বিশেষ সহায়তা ইউনিট এবং বিমা সাশ্রয়বিষয়ক একজন আইনজীবী।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, ব্যবসায়িক দায়বদ্ধতা বিমার খরচ বছরে প্রায় ১০ শতাংশ করে বেড়েছে। এতে কিছু রাতের ব্যবসা কার্যক্রম পরিবর্তন বা বন্ধ করতে বাধ্য হয়েছে। বাড়ির মালিকদের ওপরও বিমার বাড়তি খরচের চাপ পড়ছে। এর প্রভাব পড়ছে ভাড়া ও সাশ্রয়ী আবাসনের ওপর।
বাড়ির মালিকদের বিমা নিয়ে কাউন্সিল সদস্য ফ্র্যাঙ্ক মোরানোর উত্থাপিত একটি প্রস্তাবে নিউইয়র্ক স্টেট আইনসভা ও গভর্নরের প্রতিবছরে ২৫ শতাংশের বেশি হারে বাড়ির বিমার মূল্য বাড়ানো নিষিদ্ধ করার আইন করার আহ্বান জানানো হয়েছে। মোরানো বলেন, বাড়ির বিমা মানুষের বাড়ি রক্ষার জন্য, তাদের বাড়ি থেকে বিতাড়িত করার জন্য নয়।
কাউন্সিল সদস্য এরিক ডিনোভিৎসের প্রস্তাবে গাড়ির বিমার ক্ষেত্রে গ্রাহকদের আরও পরিষ্কার তথ্য দেওয়া এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য নতুন আইন করার আহ্বান জানানো হয়েছে।
রেস্তোরাঁ মালিকদের জন্যও আসছে বড় পরিবর্তন। সারা বছর আউটডোর ডাইনিং চালানোর সুযোগ দেওয়া হয়েছে। ২০২০ সালের জরুরি উন্মুক্ত রেস্তোরাঁ কর্মসূচির পর ২০২৩ সালে স্থায়ীভাবে চালু হয় ডাইনিং আউট এনওয়াইসি। বর্তমানে ১ হাজার ৬৪৯টি রেস্তোরাঁর পূর্ণাঙ্গ আউটডোর ডাইনিং অনুমোদন রয়েছে।
নতুন আইনে রাস্তার পাশে গাড়ি রাখার জায়গায় পরিচালিত ক্যাফের মৌসুমি সীমাবদ্ধতা তুলে দেওয়া হবে। ফলে শীতকালেও এসব জায়গায় খাবার পরিবেশন করা যাবে। আবহাওয়া মোকাবিলায় নির্দিষ্ট উপকরণ ব্যবহারের অনুমতিও থাকবে। তবে নগর পরিবহন বিভাগের বিধি অনুযায়ী রাত ১১টার পর রাস্তা বা ফুটপাতের ক্যাফে চালানো যাবে না।
কাউন্সিল সদস্য লিংকন রেস্টলার বলেন, অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা ও মৌসুমি বিধিনিষেধের কারণে অনেক রেস্তোরাঁ এই কর্মসূচিতে অংশ নিতে পারছিল না। নতুন ব্যবস্থা রেস্তোরাঁ, কর্মী ও নগরবাসীÑসবার জন্য উপকারী হবে।
কাউন্সিল সদস্য গেল ব্রুয়ারের প্রস্তাবে বছরজুড়ে চালু থাকা ফুটপাতের ক্যাফেগুলোকে ৩০ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত অপসারণযোগ্য আবরণ দিয়ে ঢেকে রাখার সুযোগ দেওয়া হয়েছে। শীতের আবহাওয়া থেকে সুরক্ষার জন্য নির্দিষ্ট উপকরণও ব্যবহার করা যাবে।
আউটডোর ডাইনিং বাড়লেও পরিচ্ছন্নতায় ছাড় দেওয়া হচ্ছে না। কাউন্সিল সদস্য জাস্টিন সানচেজের প্রস্তাব অনুযায়ী, রাস্তা ও ফুটপাতের ক্যাফে পরিচালনাকারীদের তাদের স্থাপনা আবর্জনা, ময়লা, দেয়াললিখন, পোকামাকড় ও খাবারের উচ্ছিষ্টমুক্ত রাখতে হবে। প্রথমবার নিয়ম ভাঙলে ২০০ ডলার এবং দ্বিতীয়বার থেকে সর্বোচ্চ ৫০০ ডলার জরিমানা হতে পারে।
রেস্তোরাঁগুলোর আর্থিক চাপ কমাতে বার্ষিক অনুমোদন ফি একবারে দেওয়ার পরিবর্তে ত্রৈমাসিক কিস্তিতে দেওয়ার সুযোগও রাখা হয়েছে।
নগরীর পরিচ্ছন্নতার জন্য কুকুরের বর্জ্য ব্যবস্থাপনাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ১৩ আগস্ট পর্যন্ত নগরীর ৩১১ নম্বরে কুকুরের বর্জ্য নিয়ে ২ হাজার ৯২৬টি অভিযোগ জমা পড়েছে। এটি আগের বছরের মোট অভিযোগের চেয়ে ইতোমধ্যে ১০ শতাংশ বেশি।
পাঁচ বরোর সরকারি ময়লার ঝুড়িতে অন্তত ১ হাজার ২০০টি কুকুরের বর্জ্য রাখার ব্যাগ সরবরাহের যন্ত্র বসানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাষায় জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। কিছু পার্কে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কুকুরের বর্জ্য সংগ্রহ করে জৈবসারে রূপান্তরের পরীক্ষামূলক কর্মসূচিও নেওয়া হবে।
ভাড়াটিয়াদের হয়রানি ঠেকাতেও নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণকাজকে ব্যবহার করে বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের হয়রানি ঠেকাতে সার্টিফিকেশন অব নো হ্যারেসমেন্ট পরীক্ষামূলক কর্মসূচিকে স্থায়ী করার উদ্যোগ অনুমোদন করা হয়েছে। ২০২৭ সালের ১৫ এপ্রিল থেকে প্রতি তিন বছর পর নতুন ভবনের তালিকা প্রকাশের বিধান রাখা হয়েছে। জননিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াতে নগর পুলিশ বিভাগকে নিশ্চিত আগ্নেয়াস্ত্র নিক্ষেপের ঘটনা নিয়ে প্রতি তিন মাসে প্রতিবেদন প্রকাশের নির্দেশ দেওয়ার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে প্রতিটি ঘটনার তারিখ, সময়, স্থান ও পরিস্থিতি উল্লেখ থাকবে।
স্ট্যাটেন আইল্যান্ডের বর্তমান পতাকাকেও বরোর সরকারি পতাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতিবছর ২ আগস্ট ‘জেমস বাল্ডউইন দিবস’ পালনের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। বিশিষ্ট প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, কবি ও নাগরিক অধিকারকর্মী জেমস বাল্ডউইনের সাহিত্যিক ও সামাজিক অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ।
আবাসন খাতেও নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। কুইন্সের ৫০-২০ ১০৮ স্ট্রিট এলাকায় দুটি মিশ্র ব্যবহারের ভবনে মোট ১৯৬টি আবাসিক ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৫১টি ইউনিট স্থায়ীভাবে সাশ্রয়ী হবে। ৬৩-০২ ফ্রেশ পন্ড রোডে সাততলা একটি মিশ্র ব্যবহারের ভবনে ৫৪টি আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে ১৩টি ইউনিট সাশ্রয়ী আবাসন হিসেবে রাখা হবে। কুইন্সের বিভিন্ন এলাকায় নতুন পার্ক ও উন্মুক্ত স্থান তৈরির জন্য ৩১টি ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি অধিগ্রহণের সম্ভাবনাও অনুমোদিত হয়েছে।
কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, এসব উদ্যোগের মূল লক্ষ্য নিউইয়র্কবাসীর খরচ কমানো, ছোট ব্যবসাকে শক্তিশালী করা এবং পাঁচ বরোর মানুষের জীবনযাত্রার মান উন্নত করা। নতুন ব্যবস্থাগুলো একই সঙ্গে বিমার ব্যয়, ব্যবসার সুযোগ, পরিচ্ছন্নতা, আবাসন, জননিরাপত্তা ও নাগরিক সুবিধার ওপর প্রভাব ফেলবে।