বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরণ, অগ্নিকাণ্ড • ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ • গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন • পাকিস্তানের স্বপ্ন ভেঙে সাফের দশম শিরোপা ভারতের • আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন • ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে কালীপূজা ও দীপাবলি উদযাপন

ঠিকানা রিপোর্ট | প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৮:০২
নিউইয়র্কে কালীপূজা ও দীপাবলি উদযাপন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালীপূজা ও দিওয়ালি। পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি, প্রদীপ প্রজ্বালন ও প্রসাদ বিতরণের পাশাপাশি নানা স্থানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী বাংলাদেশিসহ সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির ও কমিউনিটি সেন্টারগুলোতে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
নিউইয়র্কে প্রতিবছর বিভিন্ন মন্দির ও স্থানীয় হলে শ্যামাপূজা ও দিওয়ালির আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক (বিপিএসএনওয়াই) এবং নিউইয়র্ক হিন্দু হেরিটেজের মতো সংগঠন স্থানীয় বিভিন্ন ভেন্যুতে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এসব অনুষ্ঠানে ধর্মীয় আচার, পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ ও প্রদীপ প্রজ্বালনের পাশাপাশি থাকে সাংস্কৃতিক পরিবেশনা।
ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রবাসে এসব উৎসব বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির পরিচয় তুলে ধরে। নতুন প্রজন্মের কাছে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক শেকড়ের পরিচয় পৌঁছে দেওয়ারও সুযোগ তৈরি হয়।
নিউইয়র্ক হিন্দু হেরিটেজের আয়োজনে কালীপূজা ও দিওয়ালি উপলক্ষে  গুজরাটি হলে এবার বসেছিল জমকালো অনুষ্ঠান। এতে অংশ নেন ভারত থেকে আসা জনপ্রিয় শিল্পী ঋতুপর্ণা ব্যানার্জি। পাশাপাশি পরিবেশনা করেন নিউইয়র্কের জনপ্রিয় স্থানীয় শিল্পীরাও। শাস্ত্রীয় সংগীত, শাস্ত্রীয় নৃত্য এবং ধর্মীয় কাহিনিনির্ভর গীতি-নৃত্যে সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান।
মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গত ৭ নভেম্বর কালীপূজা উদযাপিত হয়। আটলান্টার গ্র্যান্ড প্যালেস ইভেন্ট হলে পূজার আয়োজন করে আটলান্টা আগমনী সংঘ। 
একই দিন জেসি ইভেন্ট হলে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি বর্ণাঢ্য কালীপূজা। পরদিন (গত ৮ নভেম্বর) আটলান্টা সনাতন মন্দিরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী কালীপূজার। প্রতিটি আয়োজনেই ছিল ভক্তি, প্রার্থনা ও উৎসবের সমন্বয়। মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি, আরতি ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি উৎসবের আবহকে করে তোলে আরো প্রাণবন্ত। পরিবার-পরিজন নিয়ে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আয়োজনগুলো পরিণত হয় মিলনমেলায়।
আটলান্টা সনাতন মন্দিরের প্রতিষ্ঠাতা সাগর চক্রবর্তী বলেন, প্রবাসে ধর্মীয় উৎসবের আয়োজন শুধু পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মধ্য দিয়ে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও আরো দৃঢ় হয়। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে নিজেদের শেকড় ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটলান্টা আগমনী সংঘের সভাপতি রণজিৎ চৌধুরী লিটন বলেন, ‘কালীপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি প্রবাসী সনাতন সমাজের মানুষের মিলন ও সম্প্রীতির এক অনন্য উপলক্ষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধনকে আরো শক্তিশালী করে।’
বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশনের সভাপতি সুকুমার সরকার বলেন, কালীপূজার উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়। জাতি-ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে প্রবাসে সম্প্রীতির পরিবেশ তৈরি হওয়াই তাঁদের বড় প্রাপ্তি।
মন্দিরে আসা ভক্ত রত্না পাল বলেন, ‘মায়ের কাছে আমাদের প্রার্থনা— বিশ্বব্যাপী সব অশুভ শক্তির বিনাশ হোক, সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হোক এবং সবার মঙ্গল হোক।’
সুব্রত চৌধুরী জানান, নিউ জার্সির বিভিন্ন সিটিতেও গত ৮ নভেম্বর রাতে শ্যামাপূজা ও দিওয়ালি উদযাপিত হয়েছে। পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে দেবীর আরাধনা, প্রদীপ প্রজ্বালন, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়। বাড়িতেও মঙ্গলপ্রদীপ জ্বালান প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা।
অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ষোড়শ উপচারে দেবী কালীর পূজা ও পুষ্পাঞ্জলিতে অংশ নিতে মন্দিরগুলোতে সমবেত হন ভক্তরা। সন্ধ্যা থেকে ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখর ছিল মন্দির প্রাঙ্গণ। ভক্তরা দেবীর কৃপা কামনা করে জীবনের দুঃখ-দুর্দশা দূর হওয়া এবং অশুভ শক্তির বিনাশের প্রার্থনা করেন। নিউজার্সির আয়োজনে সাংস্কৃতিক পর্বে শ্যামাসংগীত ও ভজন পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। আটলান্টা ও নিউজার্সির বিভিন্ন আয়োজনেও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সংগীত, আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যরে মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা।
 
বিজ্ঞাপন
কমেন্ট বক্স
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz