মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী • টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ • গণতন্ত্রের পথ কয়েকটি ককটেল বিস্ফোরণে রুদ্ধ করা সম্ভব না : রিজভী • দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী • ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা • পদত্যাগপত্রে কী লিখেছেন ওসমান ফারুক • ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি • জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে • হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন • শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৪৫ কোটি টাকা জব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার : নৌপরিবহণমন্ত্রী

বিজ্ঞাপন
দেশের নদী ও সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম জোরদার করতে ন্যূনতম দুই হাজার টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব জাহাজের পাশাপাশি সহায়ক নৌযান, সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামোও সংগ্রহ ও নির্মাণ করা হবে। ১৭ নভেম্বর (মঙ্গলবার) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক লিখিত প্রশ্নের জবাবে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ, সহায়ক নৌযান ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব করেছে।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) সম্পন্ন করে। চুক্তির শর্ত অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান একই বছরের ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেয়।

নৌপরিবহণমন্ত্রী জানান, বিআইডব্লিউটিএ ২০২১ সালের ২১ ডিসেম্বর পুনর্গঠিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নৌপরিবহণ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাবটি ভৌত অবকাঠামো বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠায়। তিনি বলেন, তৎকালীন পরিকল্পনামন্ত্রী ২০২২ সালের ২৭ মার্চ প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তার সম্ভাবনা যাচাইয়ে ইআরডি একই বছরের ১০ এপ্রিল বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটির সভা করে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন চেয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল ইআরডি পিডিপিপিটি সংশ্লিষ্ট অনুবিভাগ ও শাখায় পাঠায়। এ ক্ষেত্রে জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সহায়তা পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রকল্পের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহে ইআরডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ‘গ্রিন পেজেস’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) আওতায় ২০২৫-২৭ মেয়াদে অনুমোদনের অপেক্ষায় থাকা পাইপলাইন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত হয়েছে।

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz