আদালতের আদেশে বাংলাদেশ সোসাইটির বহুল প্রতীক্ষিত নির্বাচন স্থগিত হওয়ায় গভীর মর্মাহত ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। একই সঙ্গে সংগঠনের বৃহত্তর স্বার্থে পারস্পরিক বিরোধ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য সদস্য, প্রার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শাহ নেওয়াজ বলেন, একটি মামলার কারণে আদালতের নির্দেশে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত হওয়া অত্যন্ত দুঃখজনক। নির্বাচনের জন্য সংগঠনের প্রায় ৩৫ হাজার সদস্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন কমিশন উৎসবমুখর পরিবেশে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু ভোট গ্রহণের মাত্র দুই দিন আগে, গত ২৫ অক্টোবর আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় সংগঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, আগামী ৫ নভেম্বর মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্রুত মামলার নিষ্পত্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। আদালতে বিষয়টির নিষ্পত্তি হলেই নির্বাচন কমিশন অনতিবিলম্বে নির্বাচনের আয়োজন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, সংগঠনের শুভানুধ্যায়ী, নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সদস্য এবং সম্মানিত সদস্যদের ধৈর্য ধারণের অনুরোধ জানান শাহ নেওয়াজ।
তিনি বলেন, ‘অনুগ্রহ করে একে অপরের বিরুদ্ধে বিরোধাচার বন্ধ রাখুন। এই সোসাইটি আমাদের সকলের। সংগঠনের মান-সম্মান ব্যাহত হয় এমন কিছু করবেন না। সংগঠনকে এগিয়ে নেওয়া সকলের নৈতিক দায়িত্ব।’
বাংলাদেশ সোসাইটির চলমান পরিস্থিতিতে বিভেদ নয়, বরং ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এই সংকটকালে আর একে অপরের বিরুদ্ধে কথা বলবেন না। আসুন, সবাই মিলে সৃষ্ট সংকট নিরসনে কাজ করি।’
মামলার দ্রুত নিষ্পত্তি এবং নির্বাচনের মাধ্যমে সংগঠনের দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির স্বার্থ সবার ঊর্ধ্বে রাখতে হবে। সংগঠনের ঐতিহ্য, মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে তিনি বাংলাদেশ সোসাইটির সর্বাঙ্গীণ কল্যাণ ও সফলতা কামনা করেন।




